জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পুলিশের দাদাগিরিতে শিল্পীর ‘অসম্মান’ বিতর্কের মাঝেই অন্য ছবি! মঞ্চে শিলাজিতেরই ‘লাল মাটির সরানে’ গান গাইলেন অরিজিৎ সিং! নেটিজেনদের মতে ‘এ যেন নীরব সমর্থন’!

সম্প্রতি কলকাতার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি ঘটনা ঘিরে তীব্র আলোড়ন পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার (Silajit Majumder) অভিযোগ করেন, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই পুলিশ এসে তাঁর অনুষ্ঠান বন্ধ করতে বলে এবং তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে ইঙ্গিত করে। গায়কের কথায়, ওই পুলিশকর্মীর আচরণ ছিল অত্যন্ত অশালীন এবং অসম্মানজনক। মঞ্চে দাঁড়িয়েই তিনি ঘটনার প্রতিবাদ জানান। এই ঘটনার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র আলোচনা এবং সমালোচনা। অনেকেই মনে করেন একজন শিল্পীর সঙ্গে এভাবে ব্যবহার করা উচিত নয়।

এই ঘটনার পর অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘটনার প্রতিবাদ জানান। তিনি জানান যে তিনি নিজে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অনুষ্ঠানটি রাত ১১টা পর্যন্ত করার অনুমতি ছিল এবং গায়ক প্রায় নির্ধারিত সময়েই অনুষ্ঠান শেষ করছিলেন। তবুও একজন পুলিশকর্মী স্টেজের নিচ থেকে হাত নেড়ে তাঁকে নামতে বলেন, যা দেখে তিনি বিস্মিত হয়ে যান। অভিনেতার মতে, শিলাজিৎ ভদ্রভাবেই নিজের বক্তব্য জানিয়ে মঞ্চ থেকে নেমে আসেন।

এই বিতর্কের মধ্যেই নতুন করে আলোচনায় আসে আরেকটি ঘটনা। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) সম্প্রতি তাঁর একটি লাইভ কনসার্টে শিলাজিৎ মজুমদারের গাওয়া জনপ্রিয় গান ‘লাল মাটির সরানে’ গেয়ে শোনান। শুধু গান গাওয়াই নয়, মঞ্চে সেই সময় বড় স্ক্রিনে শিলাজিতের ছবিও ফুটে ওঠে। এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকের মনে হয়েছে, হয়তো এভাবেই সহশিল্পীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অরিজিৎ। যদিও তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি, তবুও ভক্তদের কাছে এই মুহূর্তটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে এই ভিডিওটি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন শিলাজিৎ মজুমদার। পোস্টে তিনি আবেগঘন ভাষায় লেখেন, তাঁর গান যদি এভাবে সম্মান পায় তবে দশটা অসম্মানেও কিছু এসে যায় না। তিনি আরও লেখেন, জিয়াগঞ্জের ছেলে বীরভূমের ছেলের গান গাইছে দেখে তাঁর সমস্ত খারাপ লাগা যেন দূর হয়ে গেছে। গায়কের এই পোস্ট প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর। অনেকেই বলেন, একজন শিল্পীর কাছ থেকে আরেকজন শিল্পীর এমন সম্মান পাওয়া সত্যিই বিশেষ ব্যাপার।

প্রসঙ্গত, শিলাজিৎ পরে সংবাদমাধ্যমকে জানান যে ওই অনুষ্ঠানে তাঁর শো শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা সাড়ে সাতটায়। কিন্তু অন্য ব্যান্ডকে সময় দিতে গিয়ে তাঁকে অপেক্ষা করতে হয় এবং শেষ পর্যন্ত তিনি রাত সাড়ে নয়টার দিকে মঞ্চে ওঠেন। আয়োজকদের পক্ষ থেকে তাঁকে জানানো হয় যে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান করার অনুমতি রয়েছে। তিনি যখন শেষ গানটি গাইছিলেন তখন রাত ১১টা বাজতে মাত্র পাঁচ মিনিট বাকি। সেই সময়ই পুলিশ এসে তাঁকে নেমে যেতে বলে। গায়কের দাবি, যদি বিষয়টি ভদ্রভাবে বলা হতো তাহলে কোনও সমস্যাই তৈরি হতো না। কিন্তু আচরণের ভঙ্গিই তাঁকে আঘাত করেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page