সকালের জলখাবারে বা বিকেলের আড্ডায় গরম গরম পরোটা (Paratha) থাকলে বাঙালির মন এমনিই ভাল হয়ে যায়। তবে পরোটা হচ্ছে বৈচিত্র্যময় একটি পদ, ভিন্ন অঞ্চলে এর রূপ ও স্বাদ বদলে যায়। উত্তর ভারতে পুরভরা পরোটা খুব জনপ্রিয়। সেখানে রায়তা কিংবা আচারের সঙ্গে পরোটা খাওয়ার চল বেশ পুরনো। কিন্তু বাংলায় পরোটা খাওয়ার ধরন একটু আলাদা। এখানকার মানুষ সাধারণত পাতলা পরোটা পছন্দ করেন, আর তার সঙ্গে থাকে ঝাল তরকারি, শুকনো আলুচচ্চড়ি বা কষা আলুরদমের মতো পদ।
প্রসঙ্গত, বাঙালি রান্নাঘরে পরোটা বানানোর নিজস্ব কৌশলও আছে। সাধারণত প্রথমে ময়দা বা আটা গোল করে বেলে নেওয়া হয়, তারপর সেটিকে কয়েক ভাঁজ করে আবার বেলা হয়। এই পদ্ধতিতে পরোটার মধ্যে সূক্ষ্ম কয়েকটি স্তর তৈরি হয়, যা খেতে নরম আর মচমচে লাগে। যদিও বাঙালিরা ধীরে ধীরে সেই অভ্যাসেও বদল আসছে। সময়ের সঙ্গে পুরভরা পরোটার প্রতিও আগ্রহ বেড়েছে। আলুর পরোটা বা মেথির পরোটা তো আছেই, তার সঙ্গে এখন ফুলকপি, পেঁয়াজ কিংবা মোগলাই পরোটাও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এইসব পরিচিত স্বাদের মাঝেই একটু ভিন্ন স্বাদের একটি পদ হল টম্যাটোর পরোটা। এটি একেবারে প্রচলিত পুরভরা পরোটার মতো নয়, তবে বানানোর কৌশলটি বেশ অভিনব। টম্যাটো ব্যবহার করে তৈরি হওয়া ময়দার মণ্ড থেকেই পরোটার আলাদা স্বাদ আসে। চাইলে এই পদ নিরামিষ ভাবেও করা যায়, আবার ডিম ব্যবহার করে আমিষভাবেও বানানো যায়। সকালে বা বিকেলের খাওয়ার জন্য এটি বেশ ভালো একটি বিকল্প, বিশেষ করে যদি সঙ্গে ঝাল ঝাল আলুর তরকারি থাকে।
এই পরোটা তৈরির জন্য প্রথমে টম্যাটোগুলোকে হালকা চিরে ফুটন্ত জলে কয়েক মিনিট রাখতে হয়। এতে খোসা সহজেই আলাদা হয়ে যাবে। খোসা ছাড়িয়ে টম্যাটো ভালো করে চটকে নিয়ে তার সঙ্গে আটা, ময়দা, সামান্য চিনি, নুন এবং তেল মিশিয়ে একটি নরম মণ্ড তৈরি করা হবে। মেখে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দিন মণ্ডটি। এদিকে আলাদা একটি পাত্রে ডিম ফেটে তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ আর গরম মশলা মিশিয়ে নিন। এরপর এতে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা ও ধনেপাতা দিয়ে তৈরি করুন মিশ্রণ।
আরও পড়ুনঃ মাছে-ভাতে বাঙালির পাতে নতুন স্বাদ! একঘেয়ে মাছের ঝোল ভুলে যান, রুই মাছ দিয়ে বানান মজাদার মুইঠ্যা!সহজ রেসিপিতে জমে যাবে দুপুরের খাওয়া, জেনে নিন কীভাবে বানাবেন?
এরপর মণ্ড থেকে বড় আকারের লেচি কেটে রুটির মতো বেলে নিন, তবে খুব পাতলা করা যাবে না। একটি প্যানে তেল গরম করে প্রতিটি বেলা পরোটাকে আগে ডিমের মিশ্রণে ডুবিয়ে নিতে হয়। তারপর গরম তেলে দিয়ে দু’পিঠ ভালো করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে লালচে রঙের টম্যাটোর পরোটা। বাইরে মচমচে আর ভেতরে নরম এই পরোটা আলাদা স্বাদের জন্য সহজেই মন জয় করতে পারে। চাইলে সঙ্গে আলুর তরকারি বা এমনিই পরিবেশন করলে জলখাবারের মেনু জমে যাবে।
