জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দাদাকে নিয়ে জবর খবর! ‘বিগ বস’-এর সঞ্চালনা ছাড়ছেন সৌরভ গাঙ্গুলী? আসছে দাদার নতুন শো! কোন চ্যানেলে?

ক্রিকেটের মাঠে তাঁর নেতৃত্বের জাদু দেখেছে গোটা দেশ। এবার টেলিভিশনের পর্দাতেও একের পর এক নতুন দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রিয়্যালিটি শোয়ের সঞ্চালনায় তাঁর উপস্থিতি দর্শকদের মধ্যে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। আর তার মধ্যেই সামনে এল আরও এক নতুন খবর। এবার নাকি নতুন গেম শো নিয়ে হাজির হচ্ছেন বাংলার মহারাজ! তবে কি আগের শো ছেড়ে নতুন কোনও দায়িত্ব নিতে চলেছেন তিনি? এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে দর্শকদের কৌতূহল।

দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি’র সঞ্চালক হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন সৌরভ। তবে এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে তাঁকে দেখা যাচ্ছে ‘বিগ বস বাংলা’র সঞ্চালকের ভূমিকায়। প্রতিযোগীদের সঙ্গে কথোপকথন, তাঁদের ভুল ধরিয়ে দেওয়া কিংবা প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো, সব মিলিয়ে এই শোতেও নিজের মতো করে ছাপ ফেলছেন তিনি। এর মধ্যেই নতুন গেম শোয়ের খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একই সঙ্গে কি দু’টি শোয়ের দায়িত্ব সামলাবেন সৌরভ?

নতুন শোয়ের নাম ‘খেলো বাংলা’। এটি আসতে চলেছে স্টার জলসার পর্দায়। অর্থাৎ, ‘বিগ বস বাংলা’ ছেড়ে দিচ্ছেন সৌরভ, এমনটা নয়। বরং একই চ্যানেলে আরও একটি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব নিতে চলেছেন তিনি। ইতিমধ্যেই জিও হটস্টারে ‘বিগ বস’ দেখার সময় এই নতুন গেম শোয়ের প্রচার চোখে পড়েছে বলে জানা গিয়েছে। তবে চ্যানেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। কবে থেকে অনুষ্ঠানটি শুরু হবে, সেই তথ্যও স্পষ্ট নয়।

কী থাকবে ‘খেলো বাংলা’য়? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে দর্শকরাই প্রশ্ন করবেন এবং তাঁরাই উত্তর দেওয়ার সুযোগ পাবেন। সঠিক উত্তর দিতে পারলে মিলতে পারে উপহারও। ফলে ঘরে বসেই দর্শকদের অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে। শোয়ের ফরম্যাট নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। তবে জল্পনা রয়েছে, অনিল কাপুর সঞ্চালিত ‘ইন্ডিয়া’স টপ টপ ১ পার্সেন্ট’-এর আদলে তৈরি হতে পারে অনুষ্ঠানটি। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। এখন দেখার, ‘বিগ বস বাংলা’র পাশাপাশি ‘খেলো বাংলা’য় সৌরভের সঞ্চালনা দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে।

Piya Chanda

                 

You cannot copy content of this page