স্বামীর হাত ধরে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন এক তরুণী। কিন্তু সেই স্বপ্নের মাঝেই বাধা হয়ে দাঁড়ালেন আরেক মহিলা। শুধু তাই নয়, স্বামী-স্ত্রী দুজনকেই বন্দুকের মুখে আটকে রেখে স্বামীকে ছেড়ে দেওয়ার নির্দেশও দিলেন তিনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে মুহূর্তের মধ্যে প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়। স্বামীকে নিজের করে পেতে মরিয়া ওই মহিলা বিয়ের সাজে হাজির হয়ে সরাসরি ডিভোর্সের দাবি তোলেন। তাঁর বক্তব্য, যেকোনও মূল্যে তিনি ওই পুরুষকেই বিয়ে করবেন। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। কীভাবে এই বিপদ থেকে মুক্তি মিলবে, সেই প্রশ্নই ঘুরপাক খেতে থাকে।
ঘটনার সময় স্বামী ও স্ত্রী দুজনকেই গুণ্ডাদের পাহারায় আটকে রাখা হয়েছিল। হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল কয়েকজন দুষ্কৃতী। সেই অবস্থায় ওই মহিলা স্ত্রীর দিকে ডিভোর্সের কাগজ ছুড়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দেন, স্বামীকে ছেড়ে না দিলে পরিণতি ভয়াবহ হবে। তাঁর হুমকি ছিল, ডিভোর্স না দিলে দুজনকেই মেরে ফেলা হবে। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতে থাকে। প্রাণভয়ে কাঁপতে শুরু করেন স্বামী। তিনি স্ত্রীকে অনুরোধ করেন, “ডিভোর্স দিয়ে দিতে, কারণ এছাড়া তাদের কাছে আর কোনও উপায় নেই।” কিন্তু স্ত্রী সেই চাপের কাছে মাথা নত করতে রাজি হননি।
সবাই যখন মনে করছিলেন আর কোনও উপায় নেই, তখনই পাল্টা চাল দেন ওই তরুণী। ভয় না পেয়ে তিনি এক বিশেষ সংকেতের মাধ্যমে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেন। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় তাঁর পরিচিত এক যুবক। তবে তিনি একা আসেননি, সঙ্গে নিয়ে এসেছিলেন বেশ কয়েকজন সহযোগীকেও। এরপর পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে। তরুণী এমন একটি পরিকল্পনা করেন, যা উপস্থিত সবাইকে অবাক করে দেয়। নিজের সংসার বাঁচানোর পাশাপাশি পুরো ঘটনার সমাধান করার পথও তিনি খুঁজে বের করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তাঁর সেই পরিকল্পনা সফল হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
আসলে এটি বাস্তব কোনও ঘটনা নয়, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’-এর নতুন প্রোমোর দৃশ্য। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকটির নতুন ঝলক। সেখানে দেখা যায়, মোনালিসা কম্পাস ও বিহানকে আটকে রেখেছে। নিজে বিয়ের সাজে এসে কম্পাসকে ডিভোর্সের কাগজ দেয় এবং জানায়, সে বিহানকে বিয়ে করতে চায়। সেই সময় মোনালিসা হুমকি দিয়ে বলে, “যদি কম্পাস না ডিভোর্স দেয়, তাহলে নাকি মোনালিসা তাদের মেরে ফেলবে।” অন্যদিকে বিহান আতঙ্কিত হয়ে কম্পাসকে ডিভোর্স দেওয়ার অনুরোধ করে। কিন্তু কম্পাস নিজের বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
প্রোমোতে আরও দেখা যায়, কম্পাস শিস দিয়ে প্রান্তিককে ডাকে এবং প্রান্তিক দলবল নিয়ে উদ্ধার করতে চলে আসে। আসলে মোনালিসার সঙ্গে প্রান্তিকের বিয়ে দেওয়ার পরিকল্পনাই করে কম্পাস। সেই ফাঁদে শেষ পর্যন্ত মোনালিসা পা দেবে কি না, তা জানতে উৎসুক দর্শকরা। উল্লেখ্য, এর আগে গল্পে দেখানো হয়েছিল বিহান হারিয়ে গিয়েছিল এবং তাকে খুঁজতে গিয়ে বিপদে পড়েছিল কম্পাস। সেই সময় প্রান্তিক এগিয়ে এসে তাকে সাহায্য করেছিল। এরপর দুজনে মিলে বিহানকে খুঁজে বের করে। পাশাপাশি বিহানের মা ঋতজার সঙ্গে প্রান্তিকের একটি বিশেষ স্নেহের সম্পর্কও গড়ে উঠতে দেখা গিয়েছে। এবার গল্প কোন দিকে মোড় নেয়, তা জানার অপেক্ষায় রয়েছেন ধারাবাহিকটির অনুরাগীরা।
