টেলিভিশনের জনপ্রিয় জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসকে নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের সেট থেকেই শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের পথচলা। তবে এই প্রেমের নেপথ্যে যে আরও এক বিশেষ মানুষের বড় ভূমিকা রয়েছে, তা এতদিন অনেকেই জানতেন না। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসে সেই অজানা তথ্যই সামনে এল। আর সেই ব্যক্তির নাম শুনে অনেকেই অবাক হয়েছেন। কারণ, তিনি আর কেউ নন, অভিনেত্রী অহনা দত্তর স্বামী তথা টলিপাড়ার পরিচিত মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়। অনুষ্ঠান চলাকালীন কথার ফাঁকেই উঠে আসে এই মজার গল্প। শোয়ের সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়াতেও বেশ চর্চায় রয়েছে। দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আলাদা কৌতূহল।
সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শ্বেতা, রুবেল এবং দীপঙ্কর রায়। নিজের স্ত্রীকে সঙ্গে নিয়েই প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন দীপঙ্কর। মঞ্চে আড্ডা চলাকালীন রুবেল তাঁদের প্রেমের শুরুর দিনের কথা বলতে গিয়ে বলেন, “আমি যখন শ্বেতাকে প্রথম দেখেই প্রেমে পড়েছিলাম…”। ঠিক সেই সময়ই তাঁর কথা থামিয়ে দিয়ে দীপঙ্কর হেসে বলেন, “তার কারণ আমি! আমি একদম প্রথম দিন থেকে এই প্রেমের সাক্ষী।” তাঁর এই মন্তব্যে মঞ্চে হাসির রোল পড়ে যায়। এরপরই সামনে আসে পুরো গল্প। জানা যায়, ‘যমুনা ঢাকি’র সেটে প্রতিদিন শ্বেতার লুক তৈরি করতেন দীপঙ্কর। মেকআপের পর শ্বেতাকে দেখেই নাকি প্রথম মুগ্ধ হয়েছিলেন রুবেল। সেই কারণেই নিজেদের প্রেমের পেছনে দীপঙ্করের অবদান স্বীকার করেছেন অভিনেতাও।
রুবেল আরও জানান, শ্বেতার সঙ্গে তাঁর পরিচয় কিন্তু ধারাবাহিকের সেটে হয়নি। বহু বছর আগেই একসঙ্গে নাচের স্কুলে যাতায়াত ছিল তাঁদের। সেই সময় অবশ্য শ্বেতা অন্য সম্পর্কে ছিলেন। দীর্ঘ প্রায় ৯ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ধীরে ধীরে রুবেলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অভিনেত্রীর। পরে সেই বন্ধুত্বই প্রেমের রূপ নেয়। বর্তমানে ছোটপর্দার অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। একসঙ্গে নানা অনুষ্ঠানেও দেখা যায় তাঁদের। দর্শকদের কাছেও তাঁদের সম্পর্ক বেশ পছন্দের। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সেই পুরনো স্মৃতি ভাগ করে নিতে গিয়েই আরও একবার ভাইরাল হয়ে ওঠেন শ্বেতা এবং রুবেল। অনুষ্ঠানজুড়ে তাঁদের খুনসুটি এবং মজার মুহূর্ত দর্শকদের মনও জিতে নেয়।
অন্যদিকে, পর্দায় অহনা দত্তকে এখন দেখা যাচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে কুন্তলিনীর চরিত্রে। সিরিয়ালে তিনি যতই খলনায়িকার ভূমিকায় থাকুন না কেন, বাস্তবে তাঁর স্বামী দীপঙ্করই নাকি শ্বেতা-রুবেলের সম্পর্কের আসল ‘কিউপিড’। এই তথ্য প্রকাশ্যে আসতেই অনেকে মজা করে বলছেন, বাস্তবের গল্প যেন সিরিয়ালের থেকেও বেশি নাটকীয়। দীপঙ্কর এবং অহনার সম্পর্ক নিয়েও টলিপাড়ায় কম আলোচনা হয়নি। তাঁদের প্রেমের নানা অধ্যায় নিয়েও আগেও বহুবার চর্চা হয়েছে। এবার সেই প্রসঙ্গের ঝলকও উঠে আসে অনুষ্ঠানে। ফলে গোটা এপিসোড ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই সেই পর্ব নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
আরও পড়ুনঃ “করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি…” যাঁর হাত ধরে সত্যজিৎ রায়কে ছুঁয়ে ‘অপরাজিত’ হয়ে ওঠা, সেই অভিভাবককে হারালেন জিতু কমল! কান্নাভেজা বার্তায় চোখ ভিজল সবার! অনীক দত্তর মৃ’ত্যুর পর কি নিজেকে গুটিয়ে নিলেন অভিনেতা?
এই বিশেষ পর্বে শুধু শ্বেতা-রুবেল নন, আরও এক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। ছোটপর্দার পরিচিত মুখ শিরিনও হাজির হতে চলেছেন তাঁর প্রেমিক জিৎ সুন্দরের সঙ্গে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অপর্ণা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। এবার তাঁকে দেখা যাবে একেবারে অন্য মেজাজে। একদিকে শ্বেতা-রুবেলের প্রেমের গল্প, অন্যদিকে দীপঙ্করের মজার স্বীকারোক্তি এবং শিরিনের ব্যক্তিগত জীবনের ঝলক, সব মিলিয়ে ‘দিদি নম্বর ১’-এর এই পর্ব হতে চলেছে একেবারে জমজমাট। রোম্যান্স, নস্টালজিয়া আর হাসির মিশেলে সাজানো এই এপিসোড নিয়ে দর্শকদের উৎসাহ এখন তুঙ্গে। টেলিভিশনের পর্দায় এই বিশেষ মুহূর্ত দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরাও।
