জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘হিজ*ড়ের মতো দেখতে’ থেকে ‘নায়ক হওয়ার কোনও যোগ্যতা নেই’ কটা’ক্ষের সপাটে জবাব, ‘নেভার মাইন্ড’ ছবির জন্য আন্তর্জাতিক সম্মান পেলেন অমর্ত্য রায়! প্রমাণ সামনে এনে ট্রো’লারদের উদ্দেশে কী কড়া বার্তা অভিনেত্রী চৈতি ঘোষালের?

টলিউডের নতুন ছবি ‘নেভার মাইন্ড’ মুক্তির পর থেকেই অভিনেতা ‘অমর্ত্য রায়’কে (Amartya Ray) ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় একের পর এক বিতর্ক। তাঁর চেহারা, পোশাক, গলায় গয়না পরা, এমনকি ছবিতে সুযোগ পাওয়া নিয়েও ওঠে নানা প্রশ্ন। অনেকেই তাঁকে ‘স্বজনপোষণ’-এর উদাহরণ বলেও কটাক্ষ করেন। এই সমালোচনার মাঝেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী চৈতি ঘোষাল ছেলের পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়েছিলেন, একজন শিল্পীর ব্যক্তিগত স্টাইলকে অপমানের কারণ বানানো ঠিক নয়। তিনি বলেছিলেন, অমর্ত্য একজন রক মিউজিশিয়ান, তাই তাঁর এই সাজ স্বাভাবিক। পাশাপাশি তিনি এ-ও জানান, এটি অমর্ত্যের প্রথম কাজ নয়, এর আগে একাধিক ছবিতে অভিনয় করেছে এবং পুনের অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অভিনয়ের প্রশিক্ষণও নিয়েছে।

তাঁর মতে, শুধুমাত্র তাঁর ছেলে বলেই সুযোগ পেয়েছে, এমন ধারণার কোনও ভিত্তি নেই। সেই বিতর্কের আবহেই এবার নিজের সামাজিক মাধ্যমের পাতায় একটি দীর্ঘ পোস্ট করেন চৈতি ঘোষাল। সেখানে তিনি ছেলের একাধিক ছবি এবং আন্তর্জাতিক পুরস্কারের প্রমাণপত্র শেয়ার করে সমালোচকদের উদ্দেশে নিজের বক্তব্য তুলে ধরেন। পোস্টে তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে অমর্ত্যের সাফল্য তাঁদের গোটা টিমের জন্য অত্যন্ত গর্বের। একইসঙ্গে তিনি বোঝাতে চান, যোগ্যতা নিয়ে যে সমস্ত প্রশ্ন তোলা হচ্ছিল, তার উত্তর কাজের মাধ্যমেই মিলেছে। পোস্ট প্রকাশের পর থেকেই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং নতুন করে শুরু হয় আলোচনা।

চৈতি ঘোষাল তাঁর পোস্টে লেখেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, ২৩তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব স্টুটগার্ট থেকে অভিনয়ে অসাধারণ কৃতিত্বের জন্য অমর্ত্য তার প্রথম আন্তর্জাতিক ‘শুটিং স্টার’ পুরস্কার পেয়েছে। উৎসবের অধিকর্তা জানিয়েছেন, ‘নেভার মাইন্ড’ ছবিতে অমর্ত্যের অভিনয় তাঁদের এতটাই মুগ্ধ করেছে যে এই সম্মান দেওয়া হয়েছে। আরও গর্বের বিষয়, ভারতের একমাত্র বাংলা পূর্ণদৈর্ঘ্য ছবি হিসেবে ‘নেভার মাইন্ড’ও প্রতিযোগিতা বিভাগে রয়েছে। আমাদের গোটা টিমের জন্য এটা সত্যিই অত্যন্ত গর্বের মুহূর্ত।” একই পোস্টে তিনি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “‘নেভার মাইন্ড’ ছবিটিকে তুলে ধরার জন্য এবং এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে আন্তরিক ধন্যবাদ।”

পোস্টের শেষ অংশেই ট্রোলারদের উদ্দেশে নিজের বার্তা দেন অভিনেত্রী। তিনি লেখেন, “এবার এটাকে যথাযথ উত্তর বলব, নাকি আমাদের প্রিয় ট্রোলারদের উদ্দেশে নীরব এক চড় বলব, সেটা আপনারাই ঠিক করুন।” একইসঙ্গে তিনি দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আর অনেক ভালোবাসা তাঁদের জন্য, যারা ছবির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং চোখে জল নিয়ে সিনেমা হল থেকে বেরিয়েছেন।” চৈতি ঘোষালের এই বক্তব্য থেকেই স্পষ্ট, ব্যক্তিগত আক্রমণের জবাব তিনি বিতর্ক বাড়িয়ে নয়, বরং ছেলের কাজের স্বীকৃতিকেই সামনে এনে দিতে চেয়েছেন।

উল্লেখ্য, এর আগেও অমর্ত্যকে নিয়ে হওয়া সমালোচনার জবাবে চৈতি ঘোষাল বলেছিলেন, একজন শিল্পীর গলায় গয়না বা ব্যক্তিগত স্টাইল নিয়ে বিদ্রুপ করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তুলেছিলেন, অন্য শিল্পীদের ক্ষেত্রে একই বিষয় গ্রহণযোগ্য হলেও অমর্ত্যের ক্ষেত্রে কেন তা নিয়ে এত সমালোচনা হচ্ছে। এবার আন্তর্জাতিক পুরস্কারের খবর সামনে এনে তিনি কার্যত সেই বিতর্কেরই নতুন জবাব দিলেন। সামাজিক মাধ্যমে তাঁর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ অমর্ত্যের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ মনে করছেন, কাজের স্বীকৃতিই শেষ পর্যন্ত সব সমালোচনার সবচেয়ে বড় উত্তর।

Piya Chanda

                 

You cannot copy content of this page