বাংলা বিনোদন জগতে বহুদিন ধরেই পরিচিত নাম চৈতি ঘোষাল। সম্প্রতি তাঁর পরিচালনায় তৈরি ছবি ‘নেভারমাইন্ড’কে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তাঁর ছেলে অমর্ত্য রায়। ছবির প্রচারের অংশ হিসেবে সম্প্রতি মা-ছেলের একটি নতুন ফটোশুট প্রকাশ্যে আসে। আর সেই ছবিই এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। তবে ছবির গল্প বা অভিনয়ের চেয়ে বেশি আলোচনা হচ্ছে অমর্ত্যের লুক, পোশাক এবং ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি নিয়ে। সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ পাওয়ার পর থেকেই নানা ধরনের মন্তব্য চোখে পড়ছে।
ফটোশুটের ছবিতে অমর্ত্যকে দেখা গেছে কালো রঙের চশমা পরে। স্বাভাবিকের তুলনায় কিছুটা বড় চুল, কালো ব্লেজার এবং কালো-সাদা রঙের পোশাকের সংমিশ্রণে হাজির হয়েছিলেন তিনি। ছবিতে তাঁর অভিব্যক্তি, দাঁড়ানোর ভঙ্গি এবং ক্যামেরার দিকে তাকানোর ধরন নিয়েও আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তিনি নিজেকে অত্যন্ত আত্মবিশ্বাসীভাবে তুলে ধরতে চেয়েছেন। আবার অন্য একাংশের দর্শকের দাবি, সেই বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাবভঙ্গিই নাকি অতিরিক্ত নজর কাড়ার চেষ্টা বলে মনে হয়েছে। ফলে ফটোশুট ঘিরে প্রশংসার পাশাপাশি সমালোচনাও সমানভাবে সামনে এসেছে।
আরও পড়ুনঃ “মল্লারের এই রূপটা দেখব ভাবিনি!” “এমন স্বামী কি আজকাল বাস্তবে আর পাওয়া যায়?” সন্তান দিতে পারবে না তাই, অসুস্থ টগরকে পথের কাঁটা ভাবছে শ্বাশুড়ি! মায়ের বিরুদ্ধে গিয়ে স্ত্রীয়ের সম্মান রক্ষায় গর্জে উঠল মল্লার! নতুন পর্বের দৃশ্য নিয়ে আবেগপ্রবণ ‘পরিণীতা’র দর্শকরা!
তবে এটি প্রথমবার নয়, এর আগেও ‘নেভারমাইন্ড’-এর পোস্টার প্রকাশের সময় অমর্ত্যকে নিয়ে নেটমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। নতুন ফটোশুট প্রকাশ্যে আসার পর সেই আলোচনা যেন আরও বেড়েছে। ছবির কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, “ম্যাডাম এর ছেলে আমাদের সময়ের সৌমিত্র, যে নায়িকাদের তুলে নিয়ে যেতো মারুতি ভ্যান এ , আর রঞ্জিত মল্লিক বেল্ট খুলে কেলাতো।” এই মন্তব্য ঘিরে যেমন হাস্যরস তৈরি হয়েছে, তেমনই অনেকেই প্রশ্ন তুলেছেন একজন নবাগত অভিনেতাকে নিয়ে এত ব্যক্তিগত কটাক্ষ করা কতটা যুক্তিযুক্ত।
আরও কিছু মন্তব্যও দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। একজন লিখেছেন, “থ্যানোসের ভাই প্যাঙাস, জাপানি কার্টুন লাগছে পুরো!” আবার অন্য একজনের কটাক্ষ, “সিনেমা ফ্লপ হবে তবুও এখন থেকে নিজেকে শাহরুখ খান ভেবে ফেলেছে ছেলে!” এই ধরনের মন্তব্যের কারণে ছবির প্রচারের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে অমর্ত্যের ব্যক্তিগত উপস্থিতি এবং স্টাইল। ফলে ফটোশুটের উদ্দেশ্য যেখানে ছবিকে সামনে আনা, সেখানে দর্শকদের একাংশের নজর চলে গিয়েছে সম্পূর্ণ অন্যদিকে।
যদিও সমালোচনার পাশাপাশি অনেকে মনে করিয়ে দিচ্ছেন, অভিনয় জগতে নতুন মুখদের নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষ নতুন বিষয় নয়। কোনও অভিনেতা বা অভিনেত্রীর কাজ প্রকাশ্যে আসার আগেই তাঁদের চেহারা, পোশাক কিংবা ব্যক্তিত্ব নিয়ে বিচার শুরু হয়ে যায়। অমর্ত্য রায়ের ক্ষেত্রেও সেই একই চিত্র দেখা যাচ্ছে বলে মত অনেকের। এখন দেখার বিষয়, এই সমালোচনার জবাব তিনি নিজের অভিনয়ের মাধ্যমে দিতে পারেন কি না। আপাতত ‘নেভারমাইন্ড’ এবং তার অন্যতম মুখ অমর্ত্য রায়কে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে।
