জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ সম্রাটের চরিত্রে অভিনয় করছেন ধ্রুবজ্যোতি সরকার। ঝিনুকের সাইকো স্বামীর ভূমিকায় তাঁর অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাঁর অভিনয়ের প্রশংসা করছেন, আবার কেউ চরিত্রটিকে নিয়ে বিরক্তি প্রকাশ করছেন। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই এক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে অভিনেতাকে।
এক নেটিজেন ধ্রুবজ্যোতির অভিনয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন, সম্রাটের চরিত্রে তাঁকে ভালো লাগছে না। তাঁর বদলে ফাহিম মির্জাকে এই ভূমিকায় দেখা গেলে নাকি আরও ভালো হত। এমন মন্তব্য চোখে পড়তেই চুপ করে থাকেননি ধ্রুবজ্যোতি। সরাসরি সেই মন্তব্যের উত্তর দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেতা।
ধ্রুবজ্যোতি জবাবে জানান, ওই নেটিজেন সম্ভবত ফাহিম মির্জার ভক্ত। তবে তাঁর মতে, সম্রাট চরিত্রটি তাঁর জন্যই তৈরি। কে তাঁর অভিনয় পছন্দ করলেন আর কে করলেন না, তা নিয়ে তিনি বিশেষ ভাবিত নন বলেও স্পষ্ট করে দেন। অভিনেতার এই আত্মবিশ্বাসী উত্তর নজর কেড়েছে অনুরাগীদেরও।
ধ্রুবজ্যোতির মন্তব্যের পর তাঁর পাশে দাঁড়িয়েছেন অনেক দর্শক। একজন অনুরাগী জানিয়েছেন, সম্রাটের চরিত্রের জন্য ধ্রুবজ্যোতিকেই সবচেয়ে বেশি মানায়। প্রসঙ্গত, ধ্রুবজ্যোতি এবং ফাহিম মির্জা আগে ‘মিঠাই’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন। তাঁদের ব্যক্তিগত সম্পর্কও ভালো বলেই জানা যায়। বর্তমানে ফাহিমকে দেখা যাচ্ছে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে।
আরও পড়ুনঃ ‘পায়েলকে ভালোবাসি, কিন্তু সুদীপ্তাই চাই!’ ‘দিদি আপনাকেই চাই, অন্য কাউকে নয়!’ ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর নতুন সিজনে সঞ্চালিকা বদল হতেই মন খারাপ দর্শকদের! চোখে জল নিয়ে পায়েলের হাতে দায়িত্ব তুলে দিলেন সুদীপ্তা, তাঁকেই ফেরানোর দাবি নেটপাড়ায়?
এদিকে ‘কমলা নিবাস’-এর গল্পে সম্রাটের চরিত্র আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। ঝিনুকের কাছের মানুষদের ক্ষতি করার চেষ্টা করছে সে। রণজয়ের পরিচয় জানতে না পারায় অন্য একজনের প্রাণও চলে যায়। ফলে দর্শকদের চোখে সম্রাটের চরিত্র ধীরে ধীরে শুধু সাইকো স্বামী থেকে আরও ভয়ঙ্কর অপরাধীর দিকে এগিয়ে যাচ্ছে। আর সেই চরিত্রে ধ্রুবজ্যোতির অভিনয় নিয়েই এখন চলছে নতুন করে চর্চা।
