বিগ বস বাংলার বাড়িতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন সম্পর্কের সমীকরণ। কখনও বন্ধুত্ব, কখনও মনোমালিন্য, আবার কখনও একে অপরের প্রতি বিশেষ টান, সব মিলিয়ে প্রতিযোগীদের আচরণে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তবে এবার বিশেষভাবে নজর কেড়েছে অভিনেতা জীতু কমল ও সৃজলা গুহর ঘনিষ্ঠতা। বিগ বসের বাড়িতে তাঁদের একসঙ্গে সময় কাটানো, মজার ছলে কথাবার্তা এবং একে অপরের সঙ্গে খুনসুটি এখন আলোচনার বিষয়। বিশেষ করে সৃজলাকে নিয়ে জীতুর সাম্প্রতিক একটি আবদার ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। তাহলে কি বাড়ির ভিতরে বন্ধুত্বের বাইরেও তৈরি হচ্ছে অন্য কোনও সমীকরণ? যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউই স্পষ্ট করে কিছু জানাননি, তবু তাঁদের কথোপকথন দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
সম্প্রতি বিগ বসের বাড়িতে জীতু ও সৃজলাকে একান্তে গল্প করতে দেখা যায়। তাঁদের কথার মাঝেই সৃজলা মজার ছলে জীতুকে প্রশ্ন করেন, ‘কাকে ভালবেসে ফেললে জিতু, কেন ভালবেসে ফেললে?’ সৃজলার এই মন্তব্য ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে। কথাটি নিছকই মজা করে বলা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ইঙ্গিত, তা নিয়ে দর্শকদের মধ্যে নানা আলোচনা চলছে। তবে জীতু ও সৃজলার মধ্যে যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে, তা তাঁদের সাম্প্রতিক আচরণ থেকেই বোঝা যাচ্ছে। একে অপরের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে নানা বিষয়ে আলোচনা, সব ক্ষেত্রেই তাঁদের মধ্যে স্বচ্ছন্দ সম্পর্কের ছবি ধরা পড়ছে। ফলে এই নতুন সমীকরণ নিয়ে দর্শকদের আগ্রহও বাড়ছে।
এরই মধ্যে সামনে এসেছে সৃজলার জন্মদিনের পরিকল্পনার প্রসঙ্গ। অভিনেত্রী জানান, জন্মদিন উপলক্ষে বোনের সঙ্গে ভিয়েতনাম ঘুরতে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। এই কথা শুনেই জীতু জানতে চান, বিমানের টিকিট কাটা হয়েছে কি না। এরপরই সৃজলার সঙ্গে সেই সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সৃজলা জানান, তাঁর বোনও তাঁদের সঙ্গে যাবেন। কিন্তু তাতেও বিশেষ আপত্তি দেখাননি জীতু। বরং মজার ছলেই বলেন, সৃজলার বোনকেও তিনি মানিয়ে নেবেন। জীতুর এই আবদারে স্বাভাবিকভাবেই কথোপকথন আরও মজার হয়ে ওঠে। তবে সৃজলা তাঁকে ওই সফরে যাওয়ার বিষয়ে কোনও স্পষ্ট সম্মতি দেননি। এই কথোপকথন সামনে আসতেই দর্শকদের একাংশের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও গোটা বিষয়টিই আপাতত তাঁদের বন্ধুত্বপূর্ণ কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ।
শুধু ব্যক্তিগত কথাবার্তাই নয়, বিগ বসের বাড়ির দায়িত্ব সামলানোর ক্ষেত্রেও নতুন জুটি হিসেবে নজর কাড়ছেন জীতু ও সৃজলা। বর্তমানে জীতু, সৃজলা এবং সৌরভ দাসের হাতে রয়েছে বাড়ি পরিচালনার দায়িত্ব। সেই দায়িত্ব সামলাতে গিয়ে তাঁদের মধ্যে বেশ কিছু মজার পরিকল্পনাও তৈরি হচ্ছে। কফি খেতে খেতে জীতু ও সৃজলা আলোচনা করেন, সৌরভ বাড়ি চালানোর জন্য যে প্রস্তাবই দিন না কেন, তাঁরা দুজনে মিলে তা বাতিল করবেন। তাঁদের এই পরিকল্পনা শুনে বোঝাই যাচ্ছে, বাড়ির ভিতরে নিজেদের মধ্যে বেশ ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। এমনকি ভূতের টাস্ক চলাকালীনও তাঁদের দীর্ঘক্ষণ পাশাপাশি বসে গল্প করতে দেখা গিয়েছে। প্রতিযোগিতার চাপের মধ্যেও দুজনের এই স্বচ্ছন্দ মুহূর্তগুলি দর্শকদের নজর এড়াচ্ছে না। ফলে তাঁদের বন্ধুত্ব আগামী দিনে কোন দিকে এগোয়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ ‘সন্তানদের মানুষ করতে পারবে না’, ডিভোর্সের সময় ক’টাক্ষ করেছিলেন প্রাক্তন স্ত্রী! ২২ বছর পর মেয়ের দারুণ সাফল্যে জবাব দিলেন অভিনেতা সাগ্নিক!
এদিকে বিগ বসের বাড়িতে আরও একটি বড় চমক তৈরি করেছেন নন্দিনী। বাড়ি থেকে বিদায় নেওয়ার পর দুদিন সিক্রেট রুমে কাটিয়ে ফের মূল বাড়িতে ফিরে এসেছেন তিনি। তাঁর এই প্রত্যাবর্তনে প্রতিযোগীদের মধ্যে নতুন করে নানা প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, নন্দিনীর অনুপস্থিতিতে বাড়ির ভিতরে যে সমীকরণ তৈরি হয়েছিল, তাঁর ফিরে আসায় সেই হিসাব বদলে যেতে পারে। অন্যদিকে জীতু ও সৃজলার ঘনিষ্ঠতা এবং তাঁদের একসঙ্গে নানা পরিকল্পনা দর্শকদের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। একদিকে নন্দিনীর প্রত্যাবর্তন, অন্যদিকে জীতু-সৃজলার নতুন সমীকরণ, সব মিলিয়ে বিগ বসের বাড়িতে আগামী দিনে কী কী পরিবর্তন আসে, সেটাই এখন দেখার।
