‘বিগ বস বাংলা’র ঘরে দ্বিতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করলেন জিতু কমল। জয়িতার বিদায়ের পরই তাঁর জমকালো এন্ট্রি হয়। জিতু ঘরে পা রাখতেই ভরত কল, অ্যালেক্স-সহ অন্যান্য প্রতিযোগীরা তাঁকে স্বাগত জানান। তবে নতুন সদস্যকে ঘিরে আনন্দের পাশাপাশি প্রথম থেকেই তৈরি হল চাপা উত্তেজনা।
জিতুর আগমনে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন রাজবীর দে। বিগ বসের ঘরে ইতিমধ্যেই নিজেকে অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে তুলে ধরেছেন রাজবীর। এবার জিতুর মতো জনপ্রিয় অভিনেতার প্রবেশে খেলার সমীকরণ বদলে যেতে পারে, তা বুঝতে পেরেছেন তিনিও। ফলে প্রথম সাক্ষাতেই দু’জনের মধ্যে টক্করের আভাস মিলেছে।
ঘরে ঢোকার পর রাজবীরের শরীরচর্চার প্রশংসা করেন জিতু। মজা করেই তাঁর সঙ্গে পাঞ্জা লড়তে চান অভিনেতা। সেই সময় রাজবীরের হাত ধরে টান দেন জিতু। কিন্তু বিষয়টি মোটেই ভালো ভাবে নেননি রাজবীর। বিরক্ত হয়ে তিনি জিতুকে প্রশ্ন করেন, কেন তাঁর হাত ধরে টানা হচ্ছে। জবাবে জিতু পরিস্থিতি হালকা করার চেষ্টা করলেও রাজবীরের মেজাজ তখন বেশ চড়া।
তবে এই প্রাথমিক উত্তেজনা বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরে দু’জনকে পাশাপাশি বসে বিগ বসের ঘরের নিয়মকানুন এবং খেলার কৌশল নিয়ে আলোচনা করতে দেখা যায়। রাজবীর নতুন সদস্য জিতুকে ঘরের গেম প্ল্যানও বুঝিয়ে দেন। কথার শেষে দু’জনেই মেনে নেন, শক্তিশালী প্রতিযোগীকে সরিয়ে দেওয়া নয়, বরং তাঁকে টিকিয়ে রেখে লড়াই করেই জয় ছিনিয়ে নেওয়াই আসল চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ পল্লবীর জন্মদিনে বাড়ি জুড়ে উৎসব, আদিত্যর এলাহী আয়োজন! দিদির জন্মদিনে প্রতি বছর সবার আগে শুভেচ্ছা জানাত ঝিনুক, এবার কেন সেই সুযোগটুকুও পেল না? সম্রাটের কাণ্ডে কান্নায় ভেঙে পড়ল সে! ‘কমলা নিবাস’-এর আজকের পর্বে আবেগের বন্যা!
তবে জিতু এবং রাজবীরের প্রথম দিনের এই টক্কর ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দু’জনেই যদি নিজেদের জায়গায় অনড় থাকেন, তা হলে আগামী দিনে তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। জিতুর প্রবেশে বিগ বসের ঘরের সমীকরণ যে অনেকটাই বদলে গেল, তা প্রথম দিনেই স্পষ্ট। এখন দেখার, এই দুই শক্তিশালী প্রতিযোগীর লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়।
