‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিযোগিতা যত এগোচ্ছে, ততই সামনে আসছে সম্পর্কের নানা সমীকরণ। কখনও বন্ধুত্ব, কখনও প্রেম, আবার কখনও একে অপরকে নিয়ে সন্দেহ, সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে শো। বিশেষ করে নন্দিনী দত্ত, রাজবীর দে এবং সৃজলা গুহকে ঘিরে দর্শকদের কৌতূহল ক্রমশ বাড়ছে। নন্দিনী বাড়িতে থাকাকালীন রাজবীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বারবার আলোচনা হয়েছে। এমনকী বাড়ির অন্যান্য প্রতিযোগীদের মুখেও শোনা গিয়েছে, নন্দিনী থাকাকালীন রাজবীর নাকি অন্য কারও সঙ্গে মন খুলে কথা বলতে পারতেন না। কিন্তু নন্দিনী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বদলাতে শুরু করেছে সমীকরণ।
সম্প্রতি রিমোট কন্ট্রোল টাস্ক চলাকালীন রাজবীরের সঙ্গে সৃজলার ঘনিষ্ঠতা একেবারেই ভালো চোখে নেয়নি জীতু। এই বিষয় নিয়ে রাজবীরের সঙ্গে তাঁর ঝামেলাও হয়। যদিও পরবর্তীকালে সেই সমস্যা মিটে যায়। কিন্তু নন্দিনী বাড়ি ছাড়ার পর সৃজলার সঙ্গে রাজবীরের কথাবার্তা যে বেড়েছে, তা অনেকেরই নজরে এসেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, নন্দিনী না থাকতেই কি দু’জনের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে? এই পরিস্থিতিতে রাজবীরের প্রেমিকা নন্দিনীর প্রতিক্রিয়া জানার আগ্রহ ছিল দর্শকদের মধ্যেও।
তবে আশ্চর্যের বিষয়, রাজবীরকে সৃজলার সঙ্গে কথা বলতে দেখে একেবারেই বিরক্ত হননি নন্দিনী। বরং রাজবীরের উপর নিজের আস্থার কথা স্পষ্ট করে জানিয়েছেন তিনি। সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে নন্দিনী বলেন, তিনি সৃজলাকে যতটা চেনেন, রাজবীর নাকি তার থেকেও অনেক বেশি চেনে। আগে থেকে সৃজলাকে না চিনলেও বিগ বসের বাড়িতে তাঁর গেম প্ল্যান রাজবীর খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তাই রাজবীর যা করছে, সেই বিষয়ে তাঁর সম্পূর্ণ ভরসা রয়েছে। নন্দিনীর কথায়, আগে তিনি প্রতিযোগী এবং রাজবীরের প্রেমিকা, দুই ভূমিকাতেই ছিলেন। কিন্তু এখন তিনি শুধুই রাজবীরের প্রেমিকা। তাই যাই ঘটুক না কেন, তিনি মনেপ্রাণে চান রাজবীর যেন শেষ পর্যন্ত জয়ী হয়ে বাড়ি ফেরে।
শুধু রাজবীর-সৃজলার বন্ধুত্ব নয়, জীতুর সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন নন্দিনী। তাঁর বক্তব্য, জীতু এখন বুঝতে পারছেন যে নন্দিনী আগে যা বলতেন, তা একেবারেই ভুল ছিল না। সৃজলার প্রতি জীতুর অনুভূতি যে সত্যি, সেই কারণেই তিনি এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন বলে মনে করেন নন্দিনী। পাশাপাশি রাজবীর আগে সৃজলাকে বুঝিয়েছিল, জীতু সৃজলাকে নিয়ন্ত্রণ করছে না, বরং সৃজলাই জীতুকে নিজের মতো করে পরিচালনা করছে। সেই সময় রাজবীরের কথায় বিশ্বাস না করলেও এখন নাকি বিষয়টি বুঝতে পারছেন তিনি।
আরও পড়ুনঃ “সবার কাছে আলাদা আলাদা করে ক্ষমা চাইবে!” রাজবীরের মায়ের এই আচরণ ও শিক্ষায় মুগ্ধ আয়েন্দ্রী রায়! “রাজবীর সত্যিই ভাগ্যবান, কী সুন্দর শিক্ষা দিয়ে ছেলেকে বড় করেছেন!” আবেগঘন পোস্টে আর কী লিখলেন অভিনেত্রী?
সব মিলিয়ে বিগ বসের বাড়ির বাইরে এসেও এই ত্রিকোণ সমীকরণ নিয়ে আলোচনা থামছে না। একদিকে রাজবীরের উপর নন্দিনীর অগাধ বিশ্বাস, অন্যদিকে সৃজলার সঙ্গে তাঁর নতুন করে কথাবার্তা, আবার জীতুর প্রতিক্রিয়া, সব মিলিয়ে দর্শকদের নজর এখন এই তিনজনের দিকেই। তবে নন্দিনী যে আপাতত নিজের প্রেমিকের খেলাকেই সমর্থন করছেন, তা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট। শেষ পর্যন্ত রাজবীর কতটা এগোতে পারেন এবং এই সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।
