বিনোদন জগতের শিল্পীদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, বাস্তবে ততটাই ভিন্ন রঙের অভিজ্ঞতায় ভরা। প্রতিদিন নতুন চরিত্রে নিজেকে তুলে ধরা, নানা পরিস্থিতির মধ্যে দিয়ে অভিনয় করা—এই সবকিছুই অনেক সময় শিল্পীদের ব্যক্তিগত ভাবনাচিন্তাকেও বদলে দেয়। বিশেষ করে দীর্ঘদিন ধারাবাহিকে অভিনয় করতে করতে চরিত্রের অভিজ্ঞতা কখনও কখনও বাস্তব জীবনেও প্রভাব ফেলে। অনেক অভিনেতা-অভিনেত্রীই তাই খোলাখুলি জানিয়েছেন, অভিনয়ের কারণে জীবনের অনেক বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি বদলে গেছে।
সেই দিক থেকেই বিয়ে নিয়ে এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। বাংলা ছোটপর্দার পরিচিত মুখ পল্লবী শর্মা বহুদিন ধরেই ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছেন। তাঁর অভিনয়যাত্রা শুরু হয় ২০১২ সালে, তখন তিনি দশম শ্রেণির ছাত্রী। ‘নদের নিমাই’ ধারাবাহিকে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর ধীরে ধীরে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন এই অভিনেত্রী।
পল্লবীর কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’-এর ‘জবা’ চরিত্রের মাধ্যমে। এই চরিত্রই তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। কয়েক বছর ধরে চলা এই ধারাবাহিকে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছিল। এরপর জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’-তে ‘পর্ণা’ চরিত্রেও তিনি সমান জনপ্রিয়তা পান। বর্তমানে নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-তে ‘রূপমঞ্জরী’ চরিত্রে অভিনয় করছেন পল্লবী, যেখানে তাঁর অভিনয় আবারও দর্শকদের নজর কেড়েছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেখা যায়, তিনি বিয়ের সাজে বসে রয়েছেন। তবে এটি বাস্তবের কোনও অনুষ্ঠান নয়, বরং জি বাংলার ধারাবাহিকের একটি দৃশ্যের অংশ। সেই প্রসঙ্গেই মজার ছলে অভিনেত্রী জানান, তাঁর জীবনে কতবার কনের সাজে সেজেছেন, তার আর হিসেব নেই। একের পর এক ধারাবাহিকে কনের সাজে অভিনয় করতে করতে এই সাজ এখন তাঁর কাছে আর বিশেষ নতুন কিছু নয় বলেই জানিয়েছেন পল্লবী।
আরও পড়ুনঃ প্রথম প্রোমোতে সময়সূচি ঘোষণার পরও হয়নি সম্প্রচার! এবার ‘সাত পাকে বাঁধা’ আসছে একেবারে নতুন স্লটে! কবে থেকে, কখন দেখা যাবে ধারাবাহিকটি? শুভ ও শাওনের প্রেমকাহিনি কী করতে পারবে মন জয়?
অভিনেত্রীর কথায়, এতবার পর্দায় বিয়ের দৃশ্য করতে করতে তাঁর মনে বিয়ে নিয়ে এক ধরনের ভয়ও তৈরি হয়েছে। তাই ভবিষ্যতে যদি তিনি কখনও বিয়ে করেন, তবে তা হবে একেবারে সাধারণভাবে। জমকালো আয়োজন বা ভারী কনের সাজ নয়, বরং খুবই সিম্পলভাবে বিয়ে করতে চান তিনি। বারবার কনের সাজে অভিনয় করার অভিজ্ঞতা থেকেই বিয়ের প্রতি তাঁর মধ্যে একরকম বিতৃষ্ণাও তৈরি হয়েছে বলে খোলাখুলি জানিয়েছেন পল্লবী শর্মা।
