পারুল এবং রায়ানের বিয়েকে ঘিরে ইতিমধ্যেই জমে উঠেছে ‘পরিণীতা’ ধারাবাহিকের গল্প। তবে বিয়ের দিনই যে আরও বড়সড় কাণ্ড ঘটতে চলেছে, তার আভাস মিলেছে নতুন প্রোমোতে। ‘পরিণীতা’ এবং ‘জোয়ার ভাঁটা’র বিশেষ মহামিলন পর্বে হাজির হবে উজি। কিন্তু বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পিছনে তার আসল উদ্দেশ্য কী? পারুল রায়ানের বিয়ের আনন্দের মধ্যেই এবার তৈরি হতে চলেছে নতুন উত্তেজনা।
সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে দুই ধারাবাহিকের মহামিলন পর্বের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, পারুলের বাড়িতে বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সবাই। আবারও পারুল এবং রায়ানের বিয়ের আয়োজন করা হচ্ছে। এর মাঝেই শিরিনকে পারুল জানায়, বিয়ের আগে দেখা করা নিষেধ থাকলেও রায়ান তাকে জানিয়েছে, তারা লুকিয়ে দেখা করবে। অন্যদিকে বিয়ের আগে স্ত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে দেখা যায় রায়ানকেও।
পারুল ও রায়ানের বিয়ে নিয়ে যখন বাড়িতে ব্যস্ততা তুঙ্গে, তখন অন্যদিকে নিজেদের মতো করে পরিকল্পনা সাজাচ্ছে উজি এবং নিশা। প্রোমোতে দেখা যায়, ন্যাড়া গোয়াল যাওয়ার পরিকল্পনা করছে দুই বোন। পাশাপাশি পারুল এবং রায়ানের বিয়েতে যাওয়ার জন্য উপহারও কিনে ফেলে উজি। সব মিলিয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি যেন সম্পূর্ণ। কিন্তু এই প্রস্তুতির পিছনে রয়েছে অন্য উদ্দেশ্য।
আসলে পারুল ও রায়ানের বিয়েতে শুধুমাত্র অতিথি হিসেবে যাচ্ছে না উজি। তার আসল লক্ষ্য সমীরণকে পাকড়াও করা। তাই বিয়ের আনন্দের মাঝেই নিজের মিশন সফল করার চেষ্টা করবে সে। এবার প্রশ্ন, উজি কি সমীরণকে ধরতে পারবে? নাকি বিয়ের অনুষ্ঠানে এমন কোনও ঘটনা ঘটবে, যা দুই ধারাবাহিকের গল্পকে আরও নতুন দিকে নিয়ে যাবে? উত্তর মিলবে এই বিশেষ মহামিলন পর্বেই।
আরও পড়ুনঃ “আমার মেয়ে নায়িকা হোক সেটা আমি বা আমার স্বামী কখনও চাইনি!” একসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, আজও সমান ভাবে পর্দায় দাপট দেখিয়ে চলেছেন! তবুও নিজের মেয়েকে নায়িকা হিসেবে দেখতে চাননি কেন? রাজনন্দিনী পালকে নিয়ে কী স্বপ্ন ছিল ‘মা’ ইন্দ্রাণী দত্তের?
‘জোয়ার ভাঁটা’ এবং ‘পরিণীতা’ দুটিই জি বাংলায় প্রতিদিন সম্প্রচারিত হয়। ‘পরিণীতা’ দেখা যায় রাত ৮টা থেকে, আর ‘জোয়ার ভাঁটা’ সম্প্রচারিত হয় রাত সাড়ে ৮টা থেকে। তবে পারুল ও রায়ানের বিয়ে উপলক্ষে বিশেষ মহামিলন পর্বটি দেখা যাবে রবিবার, ৩০ আগস্ট রাত ৮টা থেকে টানা এক ঘণ্টা। ‘জোয়ার ভাঁটা’য় রয়েছেন শ্রুতি দাস, আরাত্রিকা মাইতি ও অভিষেক বীর শর্মা। ‘পরিণীতা’য় অভিনয় করছেন উদয় প্রতাপ সিং ও ঈশানি চ্যাটার্জি।
