জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গৌরব মণ্ডলের পর এবার বাংলায় টেলিভিশনের কৃষ্ণের তালিকায় নাম লেখাচ্ছেন প্রতীক সেন! কৃষ্ণ রূপে দর্শকদের মন জিততে পারবেন, সদাই মারকাটারি ভূমিকায় অবতীর্ণ হওয়া নায়ক? কী মত দর্শকদের?

স্টার জলসার আসন্ন ধারাবাহিক ‘রাধা মাধব’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। প্রথম প্রোমো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা, আর তার মধ্যেই উঠে এসেছে কৃষ্ণ চরিত্র নিয়ে বড় প্রশ্ন। ঘনিষ্ঠ সূত্রের খবর, এই চরিত্রে দেখা যেতে পারে প্রতীক সেনকে। যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় তাঁর নাম ঘিরেই চলছে জোর চর্চা। তবে নতুন মুখকে ঘিরে উত্তেজনার পাশাপাশি পুরনো কৃষ্ণদের অভিনয়ের সঙ্গে তুলনাও শুরু করে দিয়েছেন দর্শকেরা। অনেকেই বলছেন, কৃষ্ণ চরিত্রে দর্শকদের প্রত্যাশা সবসময়ই অনেক বেশি থাকে। তাই প্রতীকের সামনে চ্যালেঞ্জও কম নয়।

প্রোমো প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্য সামনে আসছে। একজন দর্শক লিখেছেন, “আগে কে হয়েছে, কী হয়েছে জানি না। হয়তো তারা অবশ্যই ভালো ছিলেন। কিন্তু আমার জন্মের পর থেকে দেখা সেরা কৃষ্ণ দুজনই। হিন্দিতে সৌরভ রাজ জৈন আর বাংলায় গৌরব মণ্ডল।” আরেকজন লিখেছেন, “সে যতই সুমেধ, প্রারব্ধি, সায়ক কিংবা বিফন হোক না কেন, আমার কাছে সর্বকালের সেরা শ্রীকৃষ্ণ এঁরাই। অভিনয়, অভিব্যক্তি, সৌন্দর্য আর চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, সেই মনমুগ্ধতা এখনও ভোলার নয়।” এই মন্তব্যই এখন নেটপাড়ায় সবচেয়ে বেশি নজর কেড়েছে।

আসলে কৃষ্ণ চরিত্র মানেই শুধু রাজকীয় সাজ নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি, কোমলতা, দুষ্টুমি, প্রেম, জ্ঞান এবং ব্যক্তিত্বের এক অনন্য মিশেল। সেই কারণেই দর্শকদের একাংশের মতে, এই চরিত্রে অভিনয় করা সহজ নয়। বহু বছর ধরে বিভিন্ন ভাষায় একাধিক অভিনেতা কৃষ্ণের ভূমিকায় অভিনয় করলেও, সৌরভ রাজ জৈন এবং বাংলায় গৌরব মণ্ডলের অভিনয় এখনও অনেক দর্শকের মনে বিশেষ জায়গা করে রেখেছে। তাই নতুন অভিনেতাকে সেই স্মৃতির সঙ্গেই তুলনা করা হবে, এমনটাই মনে করছেন অনেকে।

এবার সেই কঠিন পরীক্ষার মুখেই পড়তে চলেছেন প্রতীক সেন। এতদিন বাংলা টেলিভিশনে তাঁকে মূলত রাগী, তেজি, অ্যাকশনধর্মী বা মারকাটারি চরিত্রেই বেশি দেখেছেন দর্শকেরা। তাঁর ব্যক্তিত্ব এবং পর্দার উপস্থিতি নিয়ে প্রশংসা থাকলেও, কৃষ্ণের মতো শান্ত, মাধুর্যময় এবং ভক্তিভাবপূর্ণ চরিত্রে তিনি কতটা নিজেকে ভেঙে নতুনভাবে তুলে ধরতে পারবেন, সেটাই এখন বড় প্রশ্ন। অনেকেই মনে করছেন, এই ধারাবাহিকই হতে পারে প্রতীকের কেরিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ। কারণ এই চরিত্রে শুধু অভিনয় নয়, আবেগও সমানভাবে পৌঁছে দিতে হবে দর্শকদের কাছে।

অন্যদিকে, রাধার চরিত্রে স্বীকৃতি মজুমদারের নামও জোরালোভাবে শোনা যাচ্ছে। যদিও এখনও সবটাই সূত্রের খবর এবং নির্মাতা বা চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাই এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তবে প্রোমো প্রকাশের পর দর্শকদের প্রত্যাশা যে অনেকটাই বেড়ে গিয়েছে, তা বলাই যায়। এখন দেখার বিষয়, সত্যিই যদি প্রতীক সেন কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেন, তাহলে তিনি কি গৌরব মণ্ডল কিংবা সৌরভ রাজ জৈনের মতো দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারবেন, নাকি নিজের অভিনয় দিয়ে একেবারে নতুন ইতিহাস গড়বেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page