ইতিহাস তৈরি করল বাংলা সিনেমা, আর সেই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে রয়েছেন দেব। বিশ্ব দরবারে আরও এক ধাপ এগিয়ে গেল টলিউড, কারণ প্রজাপতি ২ হয়ে উঠল সৌদি আরবের মাটিতে প্রদর্শিত প্রথম বাংলা চলচ্চিত্র। সৌদি আরবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে এই ছবি শুধু একটি সিনেমার সাফল্য নয়, বরং বাংলা ছবির গৌরবময় যাত্রার নতুন মাইলস্টোন। সদ্য গড়ে ওঠা সৌদি আরবের সিনেমা সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে প্রজাপতি ২ প্রমাণ করে দিল, ভাষা আলাদা হলেও আবেগের ভাষা সর্বজনীন।
উল্লেখযোগ্য বিষয় হল, সৌদি আরবে মাত্র তিন বছর আগে শুরু হয়েছে সিনেমা হলের পথচলা। সেই নবনির্মিত প্রেক্ষাগৃহেই প্রথমবার জায়গা করে নিল একটি বাংলা ছবি। দেব নিজেই এই গর্বের মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও পোস্ট করে দেখা যায়, প্রিমিয়ারে উপস্থিত দর্শকদের ভিড়, ছবি শেষ হওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া এবং দর্শকের প্রতি দেবের কৃতজ্ঞতা। হলভর্তি সৌদি ও প্রবাসী দর্শকের ভালোবাসা প্রমাণ করে দেয়, গল্পের শক্তি থাকলে তা সীমান্ত মানে না।
প্রজাপতি ২ এর এই আন্তর্জাতিক প্রিমিয়ার নতুন করে ঘোষণা করল, বাংলা সিনেমা আর শুধুই আঞ্চলিক গণ্ডির মধ্যে আটকে নেই। সম্পর্ক, পরিবার আর আবেগের গল্প যে বিশ্ব দর্শকের মন ছুঁতে পারে, তারই বাস্তব উদাহরণ এই সাফল্য। মধ্যপ্রাচ্যের দর্শকের কাছে পৌঁছে গেল এক বাঙালি বাবার লড়াই, দায়িত্ব আর ভালোবাসার কাহিনি। এর মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলা ছবির উপস্থিতি আরও একবার দৃপ্ত কণ্ঠে ঘোষিত হল।
প্রসঙ্গত, দর্শকের প্রবল চাহিদার ভিত্তিতেই ২০২৫ সালের বড়দিনে মুক্তি পেয়েছিল প্রজাপতি ২। অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে ফের একসঙ্গে দেখা যায় দেব ও মিঠুন চক্রবর্তীকে। ক্রিসমাসে আরও কয়েকটি বাংলা ছবি মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে প্রথম পছন্দ হয়ে ওঠে প্রজাপতি ২। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছবিটি আবেগঘন গল্পের জন্যও প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।
আরও পড়ুনঃ “এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো?” উত্তম’সুচিত্রার আবেশে প্রেমের রঙ! রণজয়-শ্যামৌপ্তির প্রি ওয়েডিংয় যেন স্বর্ণযুগের জুটিকে ফিরে দেখা! এখন থেকেই হবু দম্পতির রসায়নে মুগ্ধ দর্শক!
এই ছবিতে দেবকে দেখা গিয়েছে এক সিঙ্গল ফাদারের ভূমিকায়, যার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অনুমেঘ কাহালি। দেবের বাবার চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, ইধিকা পাল ও জ্যোতির্ময়ী কুণ্ডু। প্রজাপতি ২ এর হাত ধরেই বড়পর্দায় অভিষেক হয়েছে জ্যোতির্ময়ীর। সব মিলিয়ে সৌদি আরবের মাটিতে এই সাফল্য বাংলা সিনেমার জন্য এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।
