টলিপাড়ায় এখন বিয়ের মরসুম। একের পর এক তারকার বিয়ের খবরে সরগরম বিনোদন জগৎ। সেই আবহেই নতুন করে চর্চায় অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-র সম্পর্ক। শোনা যাচ্ছে, আগামী ১৩ ডিসেম্বর নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জনপ্রিয় জুটি। যদিও এখনও পর্যন্ত বিয়ের তারিখ নিয়ে দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। পর্দায় ‘কথা’ ধারাবাহিকে তাঁদের জুটি দর্শকদের মন জয় করেছিল। ধারাবাহিকের সেই পরিচয় থেকেই বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল। এবার কি সত্যিই প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে?
১৩ ডিসেম্বর বিয়ের সম্ভাব্য তারিখ নিয়ে সুস্মিতা দে-র সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেত্রী অবশ্য সরাসরি কোনও উত্তর দেননি। নিজের আগামী কাজ ‘তিলোত্তমা’-র শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। শুটিংয়ের ফাঁকেই বিয়ের প্রসঙ্গ উঠতেই একগাল হেসে সুস্মিতা বলেন, “দু-বছর ধরে তো কত কিছুই শুনছি। দেখা যাক। যখন হবে তখন দেখা যাবে।” অভিনেত্রীর এই সংক্ষিপ্ত অথচ ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তিনি বিয়ের খবর অস্বীকারও করেননি, আবার ১৩ ডিসেম্বরের তারিখে সম্মতিও জানাননি। ফলে তাঁর এই হাসিমুখের উত্তর অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
সাহেব ও সুস্মিতার সম্পর্ক নিয়ে গত দু’বছর ধরেই চর্চা চলছে। পর্দার বাইরে তাঁদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান, পারিবারিক মুহূর্ত এবং সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া ছবি বারবার নজর কেড়েছে। নিজেদের সম্পর্ক নিয়ে দু’জনেই একসময় প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছেন। সাহেবের পরিবারের সঙ্গেও সুস্মিতার ঘনিষ্ঠতা এখন আর কারও অজানা নয়। কিছুদিন আগেই নিজের জন্মদিনে মা এবং সুস্মিতাকে পাশে নিয়ে কেক কেটেছিলেন অভিনেতা। সেই মুহূর্ত ভাগ করে নিয়ে দু’জনকেই নিজের গোটা দুনিয়া বলে উল্লেখ করেছিলেন তিনি। ফলে সাহেবের জীবনে সুস্মিতার গুরুত্ব যে অনেকটাই, তা তাঁদের একসঙ্গে কাটানো নানা মুহূর্ত থেকেই স্পষ্ট।
তবে বিয়ের প্রসঙ্গে দু’জনেই এখনও পর্যন্ত বেশ সাবধানী। এর আগেও তাঁদের বিয়ে নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। দুর্গাপুজোর সময়েও বিয়ের দিনক্ষণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন তাঁরা। তখন সুস্মিতা জানিয়েছিলেন, গরমকালে বিয়ে করার ইচ্ছা তাঁর নেই। অন্যদিকে সাহেবও মজার ছলে বলেছিলেন, আগের বছরই তাঁদের বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তা আর হয়ে ওঠেনি। এবার ডিসেম্বরের ১৩ তারিখ ঘিরে নতুন করে জল্পনা তৈরি হওয়ায় অনুরাগীরা জানতে চাইছেন, তা হলে কি বছরের শেষেই নতুন জীবন শুরু করতে চলেছেন তাঁরা? নাকি এটিও শুধুই আরেকটি গুঞ্জন, যার উত্তর সময়ই দেবে?
আরও পড়ুনঃ “ছবির কাজ করার সময় ভাবিনি কান কিংবা ইফি ২০২৬-এ পৌঁছবে!” ‘Echoes of Valour’ নিয়ে উচ্ছ্বসিত রোহন ভট্টাচার্য
বর্তমানে দু’জনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। সাহেবকে দেখা যাচ্ছে ‘গঙ্গা’ ধারাবাহিকে অর্জুনের চরিত্রে। অন্যদিকে সুস্মিতা অভিনয় করছেন ‘তিলোত্তমা’ ধারাবাহিকে। কাজের ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবন নিয়ে এমন আলোচনা তাঁদের ঘিরে আগ্রহ আরও বাড়িয়েছে। তবে ১৩ ডিসেম্বর বিয়ের খবরের সত্যতা এখনও নিশ্চিত নয়। সুস্মিতার কথায় আপাতত স্পষ্ট, এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাইছেন না তিনি। তাঁর রহস্যময় হাসি এবং “যখন হবে তখন দেখা যাবে” মন্তব্য অবশ্য অনুরাগীদের মনে আশার আলো জ্বালিয়েছে। এখন দেখার, সত্যিই কি ডিসেম্বরের ১৩ তারিখে চার হাত এক হয় সাহেব ও সুস্মিতার, নাকি বিয়ের খবরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে!
