‘বয়কট নন্দিনী’ থেকে ‘রিপ নন্দিনী’, সমাজ মাধ্যমের ট্রেন্ডকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বিগ বস বাংলার ঘর। শনিবার ‘দাদার দরবারে’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে নন্দিনী ও অনুষ্কার পুরনো সংঘাতই নতুন করে উঠে আসে। সেখানে নন্দিনী জানান, বিগ বসের ঘরে আসার পর অনুষ্কাই তাঁকে সমাজ মাধ্যমে চলা বিভিন্ন ট্রেন্ডের কথা বলেছিলেন। শুধু ‘বয়কট নন্দিনী’ নয়, ‘রিপ নন্দিনী’ হ্যাশট্যাগও চলছে বলে নাকি জানিয়েছিলেন অনুষ্কা। নন্দিনীর দাবি, সেই সময় সৃজলা বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন। নিজের কিছু কাজের কারণে তখন এমনিতেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, সেই দুর্বল পরিস্থিতির সুযোগই নিয়েছিলেন অনুষ্কা।
এরপর নন্দিনী ও রাজবীরের সম্পর্ক নিয়েও কথা ওঠে। নন্দিনীর দাবি, তাঁদের সম্পর্ককে বাইরে থেকে ‘ফেক’ এবং ‘নোংরা’ভাবে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন অনুষ্কা। এরই মধ্যে আলোচনায় আসে সৃজলার সঙ্গে নন্দিনীর পুরনো সমস্যা। চিঠি লেখার টাস্কে নন্দিনী নিজের বাবা-মাকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিলেন। সেখানে বাবা-মাকে সৃজলার বাবা-মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে বলেছিলেন তিনি। শুধু চিঠিতেই নয়, সৃজলার কাছেও একাধিকবার ক্ষমা চেয়েছেন নন্দিনী। সেই ঘটনার প্রসঙ্গ দাদার মুখে শুনতেই আবেগ সামলাতে পারেননি তিনি। চোখে জল চলে আসে নন্দিনীর। তাঁর বক্তব্যের পর অনুষ্কাও কেঁদে ফেলেন এবং প্রশ্ন তোলেন, “পুরোটাই কি আমি বানিয়ে বলেছি? সবটাই কি মিথ্যে?”
তবে অনুষ্কার এই প্রশ্নের সঙ্গে একমত হননি সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদা স্পষ্ট করে জানান, বিগ বসের বাড়িতে প্রথম দিন থেকেই সমাজ মাধ্যমের ট্রেন্ডকে সামনে রেখে অন্য প্রতিযোগীদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা ঠিক হয়নি। তাঁর মতে, নিজের খেলা না খেলে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আক্রমণ করা উচিত নয়। দর্শক হিসেবে শো নিয়ে কথা বলার যে সুযোগ অনুষ্কাকে দেওয়া হয়েছিল, সেটাই তিনি অপব্যবহার করেছেন বলে মনে করেন সৌরভ। এরপরই নন্দিনীর মায়ের প্রসঙ্গ ওঠে। দাদা জানতে চান, অনুষ্কা কি জানতেন যে নন্দিনীর মা মেয়ের কিছু আচরণে লজ্জিত? অনুষ্কা সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলেন, তিনি এমন কথা বলেননি। তাঁর বক্তব্য ছিল, নন্দিনী যে ধরনের আচরণ করছেন, তা দেখলে তাঁর মা লজ্জিত হতে পারেন।
এরপর নন্দিনী পাল্টা দাবি করেন, অনুষ্কা তাঁকে সরাসরি বলেছিলেন, “তুমি যা করছ, তুমি জানো না, তোমার মা তোমার জন্য খুব লজ্জিত।” নন্দিনীর এই বক্তব্যকে সমর্থন করেন সৌরভও। দাদার এই অবস্থানের পর অনুষ্কা আপত্তি জানান এবং বলেন, তাঁকে এমনভাবে দেখানো হচ্ছে যেন এই ঘটনার তিনিই ‘ভিলেন’। তখন সৌরভ পাল্টা প্রশ্ন করেন, বিগ বসের বাড়িতে প্রথম দিন ঢোকার পর অনুষ্কাও কি অন্যদের ভিলেন বানাননি? অনুষ্কা অবশ্য দাবি করেন, তিনি কাউকে অপমান করে কিছু বলেননি। কিন্তু তাঁর বক্তব্যের মাঝেই সৌরভ তাঁকে থামিয়ে বলেন, “তুমি শুনতে শেখো। তোমার কথা বলার সময় আমি কিছু বলিনি।” দাদার এই কড়া কথায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুনঃ কোয়েলের দলবাজি! কয়েক মাসেই বদলে গেল রাজনৈতিক পরিচয়! যে আসন ছেড়েছিলেন, এবার সেই আসনেই পদ্মের হয়ে লড়াই টলি অভিনেত্রীর!
সৌরভ গঙ্গোপাধ্যায় এরপর আরও স্পষ্ট করে দেন, বিগ বসের বাড়িতে গিয়ে কাউকে ‘ইউসলেস’ বলা যায় না। একইভাবে নিজেকে সবার থেকে সেরা বলাও ঠিক নয় বলে জানান তিনি। দাদার একের পর এক কড়া মন্তব্যের পর ফের আবেগঘন হয়ে ওঠে ‘দাদার দরবার’-এর পরিবেশ। নন্দিনী ও অনুষ্কার পুরনো বিবাদকে কেন্দ্র করে এতদিন যে অভিযোগ, পালটা অভিযোগ চলছিল, সৌরভের সামনে তা আরও প্রকাশ্যে চলে আসে। বিশেষ করে সমাজ মাধ্যমের ট্রেন্ড ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গটি নতুন করে আলোচনায় উঠে এসেছে। এখন দেখার, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই ধমকের পর অনুষ্কার অবস্থানে কোনও পরিবর্তন আসে কি না। নাকি নন্দিনী ও অনুষ্কার সংঘাত আগামী পর্বগুলিতে আরও বড় আকার নেবে, সেই উত্তরই মিলবে বিগ বস বাংলার পরবর্তী এপিসোডে।
