দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক একসময় টলিপাড়ার অন্যতম চর্চিত বিষয় ছিল। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করার পাশাপাশি তাঁদের প্রেমের খবরও প্রকাশ্যে এসেছিল। পরে সেই সম্পর্ক ভেঙে যায় এবং দুজনেই নিজেদের জীবনে এগিয়ে যান। বর্তমানে রাজ চক্রবর্তীর সঙ্গে সুখের সংসার করছেন শুভশ্রী। দুই সন্তানের মা তিনি। অন্যদিকে দেবের জীবনে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তবে সম্প্রতি দেব ও শুভশ্রীর একটি ভিডিয়ো সামনে আসায় তাঁদের পুরনো সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।
দেবের সঙ্গে কেন শুভশ্রীর বিচ্ছেদ হয়েছিল, তার সঠিক কারণ অবশ্য কখনও প্রকাশ্যে আসেনি। নানা সময়ে সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির উপস্থিতি থেকে শুরু করে দেবের বিয়ে নিয়ে অনীহার মতো নানা জল্পনা শোনা গিয়েছিল। তবে শুভশ্রী নিজে কখনও প্রাক্তন প্রেমিককে দোষ দেননি। বরং বহু বছর আগে এক অনুষ্ঠানে নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, সম্পর্কের কারণে একটা সময় কাজ থেকেও মন সরিয়ে নিয়েছিলেন।
শুভশ্রীর কথায়, জীবনের সেই পর্যায়ে তিনি কাজ থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছিলেন। যে সম্পর্ককে ঘিরে নিজের জীবনের অনেকটা সময়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি যখন আর থাকল না, তখন তিনি বুঝতে পারেন জীবন কতটা অনিশ্চিত। তবে সেই সময়ের জন্য তাঁর কোনও আফসোস ছিল না। নিজের কষ্টের কথা বাবা-মায়ের সঙ্গেও পুরোপুরি ভাগ করে নিতে পারেননি তিনি। পরিবারের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও, মাঝে মাঝেই বাথরুমে গিয়ে কাঁদতেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।
শুভশ্রী আরও জানিয়েছিলেন, সেই সময় তিনি নিজেকে একেবারে শূন্য মনে করতেন। নিজের জীবনে হারানোর মতো আর কিছু নেই বলেও একসময় মনে হয়েছিল তাঁর। তবে সেই কঠিন সময় পেরিয়ে যাওয়ার পরই তাঁর কেরিয়ারে নতুন মোড় আসে। ধীরে ধীরে কাজের জগতে ফিরতে শুরু করেন তিনি এবং পরপর সফল ছবিতে অভিনয় করে নিজের জায়গা আরও শক্ত করেন। পুরনো সেই সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন অধ্যায় নিয়ে কথা বললেও, কোথাও দেবের নাম উল্লেখ করেননি শুভশ্রী।
আরও পড়ুনঃ ‘চুরি করে আর কত দিন?’ ‘অন্যের কৃতিত্ব নিজের নামে চালাচ্ছেন!’ শ্বেতার বিয়ের মেকআপ ঘিরে বিতর্ক, এবার কড়া জবাব অহনার স্বামী দীপঙ্কর রায়ের!
বর্তমানে অবশ্য সেই অতীত অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন শুভশ্রী। রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর দাম্পত্য জীবন এবং দুই সন্তানকে নিয়ে ব্যস্ত অভিনেত্রী। একই সঙ্গে অভিনয়ের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে দেবও নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে চলেছেন। সম্প্রতি দুজনের ফের একসঙ্গে কাজের খবর এবং তাঁদের পুরনো সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হলেও, অতীতের সেই কঠিন সময় পেরিয়ে বর্তমানে দুজনেই নিজেদের জীবনে প্রতিষ্ঠিত।
