ভাইফোঁটা মানেই ভাই-বোনের খুনসুটি, ভালোবাসা আর একে অপরের প্রতি অগাধ টান। বয়স যতই কম হোক, এই বিশেষ দিনের আনন্দে খামতি থাকে না একটুও। আর তারই প্রমাণ মিলল টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। ভাইফোঁটার দিন দুই সন্তান ইউভান ও ইয়ালিনির মিষ্টি মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন অভিনেত্রী। ছোট্ট ইয়ালিনির হাতে দাদার কপালে ফোঁটা, প্রণাম, আশীর্বাদ থেকে শুরু করে উপহার বিনিময়, সব মিলিয়ে যেন একেবারে আদুরে পারিবারিক উদযাপন। তবে এবারের ভাইফোঁটায় সবচেয়ে বেশি নজর কাড়ল দাদা ইউভানের একটি বিশেষ কাণ্ড। বোনকে কী উপহার দিল সে?
দিন দিন বড় হয়ে উঠছে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর ছোট মেয়ে ইয়ালিনি। গত বছরও ভাইফোঁটার আয়োজন হয়েছিল বাড়িতে, তবে তখনও উৎসবের নিয়মকানুন খুব একটা বোঝার বয়স হয়নি তার। কিন্তু এ বছর ছবিটা কিছুটা আলাদা। এবার নিজের ছোট্ট হাতে দাদা ইউভানের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিতে দেখা গেল তাকে। ভাইফোঁটার নিয়ম মেনে দাদাকে প্রণামও করল সে। আর সেই সময় দাদা ইউভানের মুখে ছিল একরাশ দুষ্টুমি। বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার সময় গম্ভীর হয়ে বসে থাকার বদলে নিজের স্বভাবসিদ্ধ খুনসুটিতে মেতে উঠল সে।

এদিন ইউভানের পরনে ছিল সাদা কুর্তা-পাজামা। অন্যদিকে গোলাপি রঙের লেহেঙ্গায় ছোট্ট ইয়ালিনিকে দেখাচ্ছিল একেবারে পুতুলের মতো। ফোঁটা দেওয়ার পর বোন যখন দাদাকে প্রণাম করে, তখন ইউভানও তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে। ভাই-বোনের এই মুহূর্তগুলোই যেন উৎসবের আসল আনন্দকে তুলে ধরেছে। তবে শুধু ফোঁটা আর আশীর্বাদেই শেষ হয়নি উদযাপন। বাঙালি রীতি মেনে উপহার বিনিময়ের পালাও ছিল।
বোনকে খালি হাতে ফেরায়নি ইউভান। ভাইফোঁটার উপহার হিসেবে ছোট্ট ইয়ালিনির হাতে তুলে দেয় ৫০০ টাকার নোট। উপহার পেয়ে বোনের মুখেও তখন আনন্দের হাসি। দাদা-বোনের এই আদুরে মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন মা শুভশ্রী। ছবিগুলি ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘দুষ্টুমি খুনসুটি আর অনেকটা ভালোবাসা।’ তাঁর এই ক্যাপশনেই যেন ধরা পড়েছে দুই সন্তানের সম্পর্কের সম্পূর্ণ রসায়ন।
আরও পড়ুনঃ নিজের নমিনেশন বাঁচাতে তনুশ্রীকে মেয়ের পাঠানো বার্তা শুনতে দিতে চাননি বিগ বস! তবুও মায়ের আবেগকেই গুরুত্ব রাজবীরের, “এটা অনেক অন্যায় হতো”, প্রতিযোগিতার মাঝেও মানবিকতার নজির গড়ে দর্শকদের মন জিতলেন রাজবীর!
উল্লেখ্য, কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি ‘দেশু ৭’। ছবির প্রচার এবং কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না অভিনেত্রী। দীপাবলিতে কালীপুজোর নিয়ম পালন থেকে শুরু করে ভাইফোঁটার পারিবারিক আয়োজন, সবেতেই ধরা পড়েছে তাঁর পারিবারিক দিকটি। রাজ ও শুভশ্রীর দুই সন্তানকে ঘিরে অনুরাগীদের আগ্রহ বরাবরই তুঙ্গে। কখনও ইউভানের দুষ্টুমি, কখনও ইয়ালিনির মিষ্টি অভিব্যক্তি, সমাজমাধ্যমে তাদের ছবি প্রকাশ্যে এলেই তা নিয়ে শুরু হয় আলোচনা। এবারও তার ব্যতিক্রম হল না। দুই খুদের ভাইফোঁটার ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
