রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রায় সাড়ে চার মাস পর ফের আলোচনায় তাঁর ব্যক্তিগত জীবন। সম্প্রতি মৌমিতা পণ্ডিত দাবি করেছেন, প্রয়াত অভিনেতার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা জানিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিয়োও পোস্ট করেন তিনি, যেখানে রাহুলকে তাঁর গালে আবির মাখাতে দেখা যায়। মৌমিতার দাবি, রাহুল নিজেই তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আনতে চেয়েছিলেন। এই বক্তব্য সামনে আসার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
এবার মৌমিতার সেই দাবি নিয়ে সরব হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর প্রশ্ন, রাহুল যখন নিজের হয়ে কথা বলার অবস্থায় নেই, তখন তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এমন দাবি প্রকাশ্যে আনার প্রয়োজন কতটা ছিল? সুদীপ্তার মতে, রাহুলের পরিবার এখনও শোক সামলে ওঠার চেষ্টা করছে। তাঁর ছেলে সহজ, প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা এবং কাছের মানুষদের জন্য এই সময়টা অত্যন্ত কঠিন। তার মধ্যে প্রয়াত অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা তাঁদের আরও আঘাত করতে পারে বলেই মনে করেন তিনি।
সুদীপ্তা বিশেষভাবে সহজের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, বয়ঃসন্ধির সময়ে থাকা সহজের উপর বাবাকে নিয়ে এমন আলোচনা কী প্রভাব ফেলতে পারে, সেটিও ভাবা প্রয়োজন ছিল। প্রিয়াঙ্কার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন, রাহুলকে যদি সত্যিই ভালোবাসা হয়ে থাকে, তাহলে তাঁর কাছের মানুষদের অনুভূতির কথাও ভাবা উচিত ছিল। এরপরই সুদীপ্তার মন্তব্য, “সম্মান ছাড়া ‘ভালোবাসা’ তো হয় না ভাই, ‘ভালোবাসার ভান’ হয়।” তবে রাহুল ও মৌমিতার সম্পর্ক সত্যি ছিল কি না, তা নিয়ে কোনও সিদ্ধান্ত দিতে চাননি অভিনেত্রী।
সুদীপ্তার মূল আপত্তি সম্পর্কের সত্যতা নিয়ে নয়, বরং সেটিকে প্রকাশ্যে আনার পদ্ধতি নিয়ে। তাঁর মতে, সত্যিকারের ভালোবাসা থাকলে সমাজমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিয়ো দিয়ে সেই সম্পর্কের প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না। বরং রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আনার চেষ্টা করা, তদন্তের অগ্রগতি জানতে চাওয়া এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোই হতে পারত ভালোবাসার বড় প্রকাশ। রাহুলের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে যারা লড়ছেন, তাঁদের পাশেও থাকা যেত বলে মত তাঁর।
আরও পড়ুনঃ “দোলে আবির দিয়ে সিঁদুর পরিয়ে বিয়ে করে নেওয়ার পাগলামিটুকু দরকার!” ‘নিব্বা নিব্বি’রাই তো প্রেম করার সাহস জোগায়! নতুন প্রজন্মের ভাবনা থেকে গল্প, কী বললেন তথাগত?
মৌমিতার উদ্দেশে সুদীপ্তা আরও জানিয়েছেন, ভালোবাসা অত্যন্ত মূল্যবান এবং ব্যক্তিগত বিষয়কে এভাবে প্রকাশ্যে না আনাই শ্রেয়। নিজের বক্তব্যে তিনি জানিয়েছেন, পুরো ঘটনায় তিনি আঘাত পেয়েছেন এবং রাগও হয়েছে। তবে সমালোচনার পাশাপাশি মৌমিতাকে নিজের জীবন ও কাজের দিকে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন সুদীপ্তা। ভালো বই পড়া, সিনেমা ও নাটক দেখা, গান শোনা এবং নিজের অভিনয় দক্ষতা আরও বাড়ানোর দিকে মন দেওয়ার কথাও বলেছেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, সম্পর্কের দাবি সত্যি হোক বা না হোক, প্রয়াত রাহুলের সম্মান এবং পরিবারের অনুভূতিকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে জরুরি।
