মধ্য আশির গণ্ডি ছুঁয়েও অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা আর কর্মচাঞ্চল্যে সমান সপ্রতিভ লিলি চক্রবর্তী। বড়পর্দায় তাঁর উপস্থিতি এখনও দর্শকদের মুগ্ধ করে। শিগগিরই কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত আজও অর্ধাঙ্গিনী ছবিতে দেখা যাবে তাঁকে। এর পাশাপাশি নতুন খবর, পরিচালক সুমন ঘোষ পরিচালিত ফ্যামিলিওয়ালা ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি, যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।
এই সুখবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন এর ব্যানারেই তৈরি হচ্ছে এই ছবি। বহু বছর পর ফের একসঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি আপ্লুত। তাঁর কথায়, চলতি বছর যেন পুরনো সম্পর্ক আর স্মৃতির পুনর্মিলনের সময়। দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গে আবার নতুন করে কাজ করার আনন্দই তাঁকে ভরিয়ে রেখেছে।
এর আগে প্রায় এক দশক আগে নন্দিতা রায় ও তাঁর যৌথ পরিচালনায় তৈরি পোস্ত ছবিতে এই বর্ষীয়ান অভিনেত্রীর অভিনয় দর্শকদের মন কাড়ে। সেই ছবির শুটিং হয়েছিল শান্তিনিকেতন জুড়ে। এবারও একই পটভূমিতে নতুন ছবির কাজ হওয়ায় স্মৃতি যেন ফিরে এসেছে। বহু বছর পর একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সকলেই আবেগপ্রবণ।
শুধু এই ছবিই নয়, ২০২৬ সালকে তিনি ‘রিইউনিয়নের বছর’ বলেই মনে করছেন। ইতিমধ্যেই তাঁর পরিচালনায় তৈরি এডওয়ার্ড ও ফুলপিসি ছবির শুটিং শেষ হয়েছে। সেই ছবিতে বহুদিন পর একসঙ্গে কাজ করেছেন সোহিনী সেনগুপ্ত ও অর্জুন চক্রবর্তী। একের পর এক পুরনো সহকর্মীদের সঙ্গে নতুন করে কাজের অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ “যেন সন্তানের মৃ’ত্যু…কোনও উত্তরই পাচ্ছিলাম না!” তীব্র মানসিক আঘাত থেকে হঠাৎ হৃদ্রো’গে আক্রা’ন্ত! সুস্থ হতেই, সেখান থেকে ফেরার লড়াই নিয়ে মুখ খুললেন অনুরাগ কাশ্যপ!
অন্যদিকে, অভিনয়ে সমান সক্রিয় থাকলেও ছোটপর্দা থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জি বাংলা এর জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু তে স্নেহময়ী ঠাম্মির চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন। তবে অনিয়মিত শুটিং সময় আর গল্পের ধারা নিয়ে অসন্তুষ্ট হয়ে ধারাবাহিকে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবু বড়পর্দায় তাঁর উপস্থিতি এখনও সমান উজ্জ্বল।
