প্রেম শব্দটা ছোট হলেও কিন্তু ভীষণ গভীর। ঠিক অনেকটা নিশ্বাস নেওয়ার মতো। আর নতুন প্রজন্মের প্রেম নিয়ে আলোচনা হলেই আজকাল ‘রেড ফ্ল্যাগ’ শব্দটা অনিবার্যভাবে সামনে চলে আসে। সম্পর্কের ভেতরে কোথায় সীমারেখা টানা দরকার, কোথায় সতর্ক হওয়া উচিত। এই সচেতনতার মধ্যেই বড় হয়ে উঠছে জেন জি। সেই বাস্তবতাকেই বড়পর্দায় ধরতে আসছে ‘রেড ফ্ল্যাগ, ভালবাসা বেশি’ (Red Flag Valobasha Beshi) পরিচালনায় অভিমন্যু মুখোপাধ্যায়। প্রেম, জনপ্রিয়তা, সামাজিক মাধ্যমের প্রভাব আর সম্পর্কের ভেতরের অদৃশ্য টানাপোড়েন মিলিয়ে ছবিটি একেবারে আজকের দিনের গল্প বলবে বলেই ইঙ্গিত মিলেছে।
এই ছবির কেন্দ্রে রয়েছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং দিব্যাণী মণ্ডল (Devyani Mondal)। দিব্যজ্যোতির চরিত্র একজন ইনফ্লুয়েন্সার, ফুড ভ্লগিং করে পরিচিতি পাওয়ার স্বপ্নে বিভোর এক তরুণ। লাইক, শেয়ার, ফলোয়ারের সংখ্যাই যার প্রতিদিনের হিসেব-নিকেশ। ভার্চুয়াল জনপ্রিয়তার চকচকে জগতে অভ্যস্ত এই ছেলের জীবনে যখন হঠাৎ প্রেম আসে, তখন বদলে যায় সমীকরণ। সম্পর্কের উষ্ণতা যেমন তাকে টানে, তেমনই ধীরে ধীরে সামনে আসে কিছু অস্বস্তিকর প্রশ্ন, এই প্রেম কতটা স্বচ্ছ? কোথাও কি লুকিয়ে আছে অস্বাস্থ্যকর নির্ভরতা বা সন্দেহের ছায়া?
প্রসঙ্গত, পরিচালক জানিয়েছেন যে ছবিটি মূলত বাণিজ্যিক ধারার হলেও তার উপস্থাপনায় থাকবে সমকালীন ভাবনা। জেন জি প্রজন্মের ভাষা, তাদের মানসিকতা, তাদের দ্রুত বদলে যাওয়া আবেগও গল্পে জায়গা পাবে। প্রেমের পাশাপাশি থাকছে টানাপোড়েন, দ্বন্দ্ব, এমনকি ত্রিকোণ সম্পর্কের ইঙ্গিতও। তবে কাহিনির মোড় নিয়ে এখনই কিছু বলতে নারাজ নির্মাতা। তাঁর বিশ্বাস, দর্শক হলে বসেই এই রহস্যের আসল স্বাদ পাবেন। এদিকে দিব্যজ্যোতির কেরিয়ারের দিক থেকেও এই ছবি গুরুত্বপূর্ণ।
গত বছরই বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন ‘লহ গৌরাঙ্গে নাম রে’ ছবিতে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেখানে শ্রীচৈতন্যের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। আধ্যাত্মিক ও ঐতিহাসিক আবহ থেকে সরে এসে এবার একেবারে সমকালীন, শহুরে, বাণিজ্যিক ঘরানার চরিত্রে অভিনয় করা নিঃসন্দেহে বড় পরিবর্তন। পরিচালকের কথায়, এই পরিবর্তন সামলানোর প্রস্তুতি নিয়েই এগোচ্ছেন অভিনেতা। ইতিমধ্যে ওয়ার্কশপও শুরু হয়েছে।
আরও পড়ুনঃ “আর মাত্র কয়েক ঘণ্টা, শরীর খারাপ আর ব্যস্ততার মাঝে মন…” আজ রাত কাটলেই, নতুন জীবন শুরু রণজয়-শ্যামৌপ্তির! বিয়ের প্রস্তুতি জোরকদমে, এয়ারবিএনবিতে থাকছেন হবু বর! আত্মীয়-বন্ধুদের ভিড়ে শেষ মুহূর্তের উত্তেজনা নিয়ে কী জানালেন তাঁরা?
দিব্যাণীর সঙ্গেও তাঁর জুটি নতুন আর নির্মাতার আশা, বাংলা সিনেমা হয়তো একটি স্বতঃস্ফূর্ত অন-স্ক্রিন জুটি পেতে চলেছে। সব কিছু পরিকল্পনা মতো চললে মে মাসে শুটিং শুরু হবে, আর বছরের শেষে ছবিটি মুক্তির লক্ষ্য রাখা হয়েছে। প্রাথমিকভাবে ডিসেম্বরকে মাথায় রেখেই এগোচ্ছে কাজ। এখন দেখার, বড়পর্দায় যখন ‘রেড ফ্ল্যাগ’-এর সতর্ক সংকেত আর ‘ভালবাসা বেশি’র আবেগ একসঙ্গে ধরা পড়বে, তখন দর্শক কতটা নিজেদের গল্প খুঁজে পান সেখানে। নতুন প্রজন্মের প্রেমের এই রূপ দর্শকদের কতটা স্পর্শ করে, সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ছবির সাফল্য।
