জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“গত এক মাস ধরে ট্র্যাকে নেই, লিখিত ভাবে কিছু…” মুখ খুললেন সুতীর্থ সাহা! মীরার পর, ‘চিরদিনই তুমি যে আমার’-এ মেঘরাজকে আর দেখা যাচ্ছে না কেন? তবে কি তিনিও পড়লেন বাদ?

বাংলা ধারাবাহিকের গল্পে হঠাৎ মোড়ে, মুখ বদল বা চরিত্র ছাঁটাই এখন আর নতুন কিছু নয়। কিন্তু প্রিয় চরিত্র এক ঝটকায় সরে গেলে দর্শকদের প্রশ্ন তো উঠবেই। জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’এ (Chirodini Tumi Je Amar) সম্প্রতি ঠিক তেমনটাই হয়েছে! গল্পে শুরু থেকেই যেখানে খলনায়িকা ‘মীরা’র উপস্থিতি আলাদা মাত্রা এনে দিয়েছিল, তাঁর পথচলা আচমকাই থেমে গেল! চরিত্রটি নিয়ে তন্বী লাহা রায় ইতিমধ্যেই জানিয়েছেন, এই সমাপ্তি তাঁর নিজের কাছেও অপ্রত্যাশিত ছিল।

এত তাড়াতাড়ি দাঁড়ি পড়বে, এমনটা তিনি ভাবেননি, এই আক্ষেপও ছিল স্পষ্ট। অন্যদিকে, প্রায় এক মাস ধরে গল্পে দেখা যাচ্ছে না আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র মেঘরাজকে, যাঁর ভূমিকায় ছিলেন ‘সুতীর্থ সাহা’ (Sutirtha Saha)। নায়ক-নায়িকার জীবনে নিয়মিত অশান্তির কারণ হয়ে ওঠা এই চরিত্র হঠাৎই গল্প থেকে সরে যাওয়ায় জল্পনা আরও বেড়েছে। তিনি নিজে জানিয়েছেন, তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ধারাবাহিকে মাঝেমধ্যে চিত্রনাট্যের প্রয়োজনে চরিত্রের গুরুত্ব কমে যায়, কখনও কিছুদিন দেখা যায় না।

এই ক্ষেত্রে এমন অভিজ্ঞতা তাঁর আগেও হয়েছে। ভবিষ্যতে গল্পের মোড় ঘুরলে ফিরিয়ে আনার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। এরই মধ্যে আরও বড় গুঞ্জন ছড়িয়েছে, ধারাবাহিকটি নাকি অচিরেই শেষ হতে পারে! গত বছরের মার্চে শুরু হওয়া এই গল্প কি এক বছরের মাথায় থেমে যাবে? জনপ্রিয় কিছু চরিত্রের হঠাৎ অনুপস্থিতি দেখে অনেকেই সেই সম্ভাবনাকেই জোর দিচ্ছেন। যদিও এই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

তবু ধারাবাহিক দ্রুত বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা যে ইন্ডাস্ট্রিতে নতুন নয়, সেটাও মনে করিয়ে দেন সুতীর্থ। তাঁর মতে, এখন সামাজিক মাধ্যমে আলোচনা বেশি হয় বলেই বিষয়গুলো আরও বড় আকার নিচ্ছে। টেলিভিশন জগতের অস্থিরতা বা মতবিরোধ নিয়েও তিনি ভিন্ন মত পোষণ করেন। তাঁর বিশ্বাস, সব সময় মতের মিল থাকলেই সম্পর্ক মজবুত হয় না। বরং মাঝে মধ্যে মনোমালিন্য থাকলে সম্পর্কের ভিত আরও শক্ত হয়।

ইন্ডাস্ট্রিতে যে কথাবার্তা বা ঝগড়ার কথা শোনা যাচ্ছে, তা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই মনে করেন তিনি। তাঁর দৃষ্টিতে, এই টানাপড়েনই ভবিষ্যতে আরও সংহতি তৈরি করতে পারে। তবে, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি এক অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে গল্পের কেন্দ্রে রয়েছেন আর্য-অপর্ণা, কিঙ্কর এবং রোহিনী। তবে দর্শকদের মনে প্রশ্ন রয়ে গেছে মীরা ও মেঘরাজকে নিয়ে। সত্যিই কি তাঁরা চিরতরে সরে গেলেন, নাকি গল্পের প্রয়োজনে সাময়িক বিরতি?

Piya Chanda

                 

You cannot copy content of this page