বলিউড ও টলিউডের জনপ্রিয় গায়িকা আকৃতি কক্কর (Akriti Kakar) আবারও বধূবেশে। খবরটি শুনে প্রথমে অনেকেই চমকে গেলেও আসল সত্যিটা আরও মধুর। ২০১৬ সালে পরিচালক ও লেখক চিরাগ আরোরা (Chirag Arora)র সঙ্গে বিয়ে করেছিলেন আকৃতি। দেখতে দেখতে কেটে গেছে দশ বছর। এই বিশেষ উপলক্ষেই তাঁদের সম্পর্ককে নতুন করে উদযাপন করলেন এই তারকা দম্পতি। আবারও ছাদনাতলায় বসে একে অপরকে মালা পরিয়ে শপথ নিলেন তারা। অর্থাৎ নতুন কারও সঙ্গে নয়, নিজের স্বামীকেই আবার বিয়ে করলেন আকৃতি কক্কর।
এই বিশেষ মুহূর্তের একাধিক ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন গায়িকা নিজেই। ছবিগুলিতে দেখা যায়, একেবারে বাঙালি বধূর সাজে সেজেছেন আকৃতি। লাল শিফন শাড়ি, ম্যাচিং ব্লাউজ, খোঁপায় ফুল এবং হালকা টেম্পল গয়নায় তাঁকে দারুণ সুন্দর লাগছিল। অন্যদিকে চিরাগ আরোরার পরনে ছিল আইভরি রঙের গলাবন্ধ পোশাক। দুজনকে আবারও মালা বদল করতে এবং সিঁদুর পরাতে দেখা যায়। সব মিলিয়ে দশম বিবাহবার্ষিকী যেন সত্যিই এক নতুন বিয়ের উৎসবে পরিণত হয়েছিল।
এই ছবিগুলোর সঙ্গে একটি আবেগঘন বার্তাও লিখেছেন আকৃতি। তিনি জানান, দশ বছর একসঙ্গে কাটানোর জন্য তিনি কৃতজ্ঞ। নিজেদের বাড়িতেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁরা আবার নতুন করে প্রতিজ্ঞা নিয়েছেন। বিশেষ মুহূর্তটির সবচেয়ে বড় সাক্ষী ছিল তাঁদের ছেলে মেহরান। মা বাবার এই ভালোবাসার মুহূর্ত নিজের চোখে দেখেছে সে। পরিবারের আশীর্বাদ আর আনন্দের মধ্যেই সম্পন্ন হয়েছে এই সুন্দর অনুষ্ঠান।
চিরাগকে উদ্দেশ্য করে আকৃতি আরও লিখেছেন, প্রতিটি জন্মে তিনি চিরাগকেই বেছে নিতে চান। তাঁর কথায়, তাঁদের সম্পর্ক শুধু হাসি আর ভালোবাসায় নয়, বিশ্বাস, ধৈর্য, ক্ষমা এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিতে গড়ে উঠেছে। জীবনের নানা ওঠাপড়া পেরিয়ে এই দশ বছরের সম্পর্ক আরও শক্ত হয়েছে বলেই মনে করেন গায়িকা। তাই এই পুনরায় বিয়ে যেন তাঁদের ভালোবাসার নতুন অধ্যায়ের সূচনা।
আরও পড়ুনঃ “এতদিন কোনও পোস্ট করিনি তোমাকে নিয়ে” অবশেষে জীবনের সবথেকে বিশেষ ব্যক্তিকে আনলেন সামনে! অত্যন্ত ব্যক্তিগত মুহূর্ত ভাগ করলেন শ্যামৌপ্তি, ছবিতে রণজয়ও!
উল্লেখ্য, আকৃতি কক্কর বলিউড ও বাংলা সংগীত জগতের পরিচিত কণ্ঠ। খুদা খায়ের, ইসকি উসকি, সাইয়া, ওরে মনওয়া রে কিংবা তুই আমার হিরো সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলা রিয়েলিটি শো সারেগামাপা (Sa Re Ga Ma Pa) তেও বিচারক হিসেবে দেখা গেছে তাঁকে। অন্যদিকে চিরাগ আরোরা পরিচালক ও লেখক হিসেবে হু ইজ ইয়োর ড্যাড এবং বিগ ব্যান্ড থিওরি সহ বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন। তাঁদের এই নতুন করে বিয়ের মুহূর্ত ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছে।
