জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এবার বিদায় নেওয়ার পালা’, আবেগঘন পোস্টে জানালেন কৌশাম্বি চক্রবর্তী! তবে কী অভিনয় জীবনকে বিদায় জানাচ্ছেন অভিনেত্রী?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশে মাঝপথে যোগ দিয়েও দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিলেন অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তী। এর আগে ফুলকি কিংবা মিঠাইয়ের মতো ধারাবাহিকে তাঁকে সাধারণত শান্ত স্বভাবের ভালোমেয়ে চরিত্রেই দেখা গিয়েছিল। কিন্তু গৃহপ্রবেশে ডক্টর মোহনা সেন রায় চরিত্রে অভিনয় করে যেন একেবারে ভিন্ন রূপে ধরা দেন তিনি। চরিত্রটির মধ্যে ছিল ইতিবাচকতা, মানসিক টানাপোড়েন এবং নেতিবাচকতার নানা স্তর। সেই বহুমাত্রিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলে কৌশাম্বি দর্শকদের কাছে নতুনভাবে নিজেকে প্রমাণ করেছেন।

তবে ধারাবাহিকটির যাত্রা শেষের পথে পৌঁছতেই আবেগঘন একটি বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী। গৃহপ্রবেশ থেকে নিজের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখেছেন যে অবশেষে ডক্টর মোহনা সেন রায় হিসেবে বিদায় নেওয়ার সময় এসেছে। পাশাপাশি প্রযোজক রাজ চক্রবর্তী এবং স্টার জলসাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এই ধারাবাহিকের অংশ করে তোলার জন্য। কৌশাম্বি জানিয়েছেন এই চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া তাঁর কাছে সত্যিই সম্মানের এবং তিনি দর্শকদের ভালবাসার জন্য কৃতজ্ঞ।

একই সঙ্গে ভক্তদের জন্য সুখবরও দিয়েছেন তিনি। কৌশাম্বি জানিয়েছেন প্রতিটি শেষের মধ্যেই লুকিয়ে থাকে একটি নতুন শুরুর সম্ভাবনা। আর সেই নতুন শুরু নিয়েই তিনি ফিরছেন অন্য এক গল্পে। দর্শকদের উদ্দেশ্যে তিনি অনুরোধ করেছেন নতুন ধারাবাহিক গঙ্গা দেখার জন্য। মঙ্গলবার রাত ৯টা থেকে স্টার জলসায় শুরু হচ্ছে এই সিরিয়াল এবং নতুন চরিত্রে কৌশাম্বিকে দেখার জন্য ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।

গঙ্গা ধারাবাহিকের গল্পেও রয়েছে ভিন্ন স্বাদ। এই সিরিয়ালের নায়িকা হিসেবে দেখা যাবে গীতা এলএলবি খ্যাত অভিনেত্রী হিয়াকে। গল্পে গঙ্গা এমন এক প্রাণবন্ত মেয়ে যে গঙ্গার জলে ডুব দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়েন কুড়িয়ে সংসার চালায়। অন্যদিকে সাহেব ভট্টাচার্য অভিনয় করছেন সৎ পুলিশ অফিসার অর্জুনের চরিত্রে। ট্রেলার থেকে ইঙ্গিত মিলেছে যে অর্জুন এবং গঙ্গার সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন কৌশাম্বির চরিত্রটি।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন কৌশাম্বি। ২০২৪ সালে অভিনেতা আদৃত রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। মিঠাই ধারাবাহিক থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত হয়েছিল যা পরে বিয়েতে পরিণতি পায়। বিয়ের পরই জীবনে বড় দুঃখের মুহূর্তও আসে যখন মাকে হারান কৌশাম্বি। সেই কঠিন সময়ে পাশে ছিলেন আদৃত এবং দুই পরিবার। এদিকে শোনা যাচ্ছে খুব শিগগিরই ছোট পর্দায় ফিরতে পারেন আদৃতও এবং সেখানে নাকি নায়িকা হিসেবে থাকতে পারেন সাহেব ভট্টাচার্যের চর্চিত প্রেমিকা অভিনেত্রী সুস্মিতা দে।

Piya Chanda

                 

You cannot copy content of this page