জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“দুর্গাপুরের মেয়ে, কী ভাবছ নিজেকে?” প্রথম দিনেই ঈশানীর আত্মবিশ্বাস নড়িয়ে দিয়েছিলেন উদয়! আজ ‘রায়ান-পারুল’ জুটি টিআরপি টপার! ‘পরিণীতা’র ধারাবাহিক সাফল্যে, শুরুর দিনের গল্প ভাগ করলেন অভিনেত্রী!

বাংলা টেলিভিশনের পর্দায় একপ্রকার রাজ করছে রায়ান আর পারুলের জুটি। তাদের রসায়ন দর্শকদের কাছে যেন অন্য মাত্রা পাচ্ছে রোজ। জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’য় (Parineeta) গল্পের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়, এই জুটির ঝগড়া, অভিমান আর ভালোবাসার সুন্দর মুহূর্তগুলো। সেই শুরুর দিন থেকে আজ পর্যন্ত, টিআরপি তালিকাতেও ধারাবাহিকটি শীর্ষস্থানে জায়গা ধরে রেখেছে সফলভাবে। তবে পর্দায় যে সম্পর্ক এত সহজ ও স্বাভাবিক মনে হয়, সেটার শুরুটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল বলে জানালেন পারুল চরিত্রের অভিনেত্রী ঈশানী!

সম্প্রতি পুরনো কিছু লুক সেটের ছবি হাতে পেয়ে সেই সময়ের কথা মনে পড়ে যায় তাঁর। দুর্গাপুরের মেয়ে ঈশানী। তখন নতুন কাজ, নতুন পরিবেশ মিলিয়ে একটু অস্বস্তি ছিলই। তার ওপর প্রথমবার নায়কের পাশে দাঁড়িয়ে ছবি তোলার অভিজ্ঞতা। শুটিংয়ের সময় টিম থেকে বলা হয়েছিল একে অপরের সঙ্গে বিভিন্ন অনুভূতি নিয়ে কথা বলতে, যাতে ছবিগুলো ক্যান্ডিডভাবে ধরা পড়ে। সেই মুহূর্তেই উদয় প্রতাপ সিং এমন এক মন্তব্য করেন, যা শুনে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলেন ঈশানী!

ঠিক কী বলেছিলেন তিনি? উদয় নাকি বলেছিলেন, “তুমি কি দুর্গাপুর থেকে এসে অনেক কিছু করে নেবে! নিজেকে কি মনে হচ্ছে?” এই এক কথাতেই ঈশানীর আত্মবিশ্বাস অনেকটাই আঘাত পায়। অভিনেত্রীর মনে তখন অন্যরকম ধারণা তৈরি হয়েছিল। তিনি ভেবেছিলেন, সহ-অভিনেতা হয়তো বেশ রাগী স্বভাবের এবং নতুন বলে তাঁকে অস্বস্তিতে ফেলছেন। সেই ভুল ধারণার জেরে শুটিংয়ের প্রথম দিকে তাঁর মধ্যে একটা অস্বস্তি কাজ করত। এমনকি প্রথম কয়েক সপ্তাহ খুব দরকার না হলে কথাও বলতেন না তিনি।

পরে অবশ্য বুঝতে পারেন, বিষয়টা আসলে তেমন ছিল না। আসলে সেই মুহূর্তে ক্যামেরায় স্বাভাবিক প্রতিক্রিয়া ধরার জন্যই এমনভাবে কথা বলেছিলেন উদয়। যাতে ঈশানী পালটা প্রতিক্রিয়া দেখান এবং ছবিতে বাস্তব অনুভূতির ছাপ ফুটে ওঠে। ধীরে ধীরে কাজের মধ্যেই ভুল বোঝাবুঝি কাটতে শুরু করে। যাকে প্রথমে কঠিন স্বভাবের মানুষ মনে হয়েছিল, খুব অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন কাছের বন্ধু। এখন তাঁদের অফস্ক্রিন খুনসুটি আর সহজ সম্পর্কটাই অনেক সময় পর্দার রসায়নকেও আরও প্রাণবন্ত করে তোলে।

সময়ের সঙ্গে সেই শুরুর অস্বস্তির জায়গায় এসেছে স্বচ্ছন্দ বন্ধুত্ব। শুধু সহ-অভিনেতা হিসেবেই নয়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভালো বোঝাপড়া তৈরি হয়েছে তাঁদের মধ্যে। উদয়ের স্ত্রী অনামিকার সঙ্গেও ঈশানীর ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী। এতদিনের পথচলায় ‘পরিণীতা’ যেমন জনপ্রিয়তার শিখরে উঠেছে, তেমনই এই জুটির সম্পর্কও বদলে গেছে প্রথম দিনের ভুল বোঝাবুঝি থেকে সহজ বন্ধুত্বে। সেই স্মৃতিগুলো এখন তাই তাঁদের কাছে এক অন্যরকম গল্পের অংশ হয়ে রয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page