টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই জোর গুঞ্জন চলছে যে জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাঁটার দুই মুখ্য অভিনেতা আরাত্রিকা মাইতি এবং অভিষেক বীর শর্মা বাস্তব জীবনেও একে অপরের প্রেমে পড়েছেন। যদিও এই খবর নিয়ে বারবার প্রশ্ন উঠলেও দুজনেই পরিষ্কারভাবে জানিয়েছেন যে তাঁরা শুধুমাত্র খুব ভালো বন্ধু। তবু অনস্ক্রিন রসায়ন এবং তাঁদের একসঙ্গে বিভিন্ন সময় দেখা যাওয়ায় দর্শকদের মধ্যে কৌতূহল কমেনি। সম্প্রতি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড (Zee Bangla Sonar Sansar Awards) অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি ছোট্ট মুহূর্ত সেই জল্পনাকে আবারও নতুন করে উসকে দিয়েছে এবং সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে যখন পুরস্কার হাতে অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে আসছিলেন আরাত্রিকা। সেই সময় উপস্থিত পাপারাজ্জিরা তাঁর মা বাবাকে সামনে ডেকে নিয়ে মজার ছলে প্রশ্ন করতে শুরু করেন। তাঁদের প্রশ্ন ছিল ঠিক যেন ইঙ্গিতপূর্ণ রসিকতা। ক্যামেরার সামনে আরাত্রিকার মাকে উদ্দেশ্য করে বলা হয় এমন জামাই কি পছন্দ। ঠিক তখনই পাশে উপস্থিত ছিলেন অভিষেক বীর শর্মাও। ফলে মুহূর্তের মধ্যেই বোঝা যায় প্রশ্নের ইঙ্গিত ঠিক কার দিকে। চারপাশে থাকা সকলেই বিষয়টি নিয়ে হাসাহাসি শুরু করলেও আরাত্রিকা ও তাঁর মা দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন।
এই পরিস্থিতিতে আরাত্রিকার মা ও মেয়ে দুজনের মুখেই লাজুক হাসি দেখা যায়। তাঁরা সরাসরি কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়িতে উঠে পড়েন। ঠিক সেই সময় আরাত্রিকার বাবা সামনে এসে পুরো বিষয়টিকে মজার মোড় দিয়ে বলেন এটি একেবারেই কনফিডেন্সিয়াল ব্যাপার। তাঁর এই মন্তব্যে আশপাশের সবাই হাসিতে ফেটে পড়েন। পুরো ঘটনার সময় অভিষেককে হাসি চাপতে দেখা গেলেও তাঁর মুখে লজ্জার ছাপ স্পষ্ট ছিল। অনেকেই লক্ষ্য করেন যে পরিস্থিতি সামাল দিতে তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করলেও গাল লাল হয়ে গিয়েছিল।
উল্লেখযোগ্য বিষয় হল জোয়ার ভাঁটা ধারাবাহিকে আরাত্রিকা এবং অভিষেকের অনস্ক্রিন জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ধারাবাহিকে উজি এবং ঋষি চরিত্রে তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করেছে। বাস্তব জীবনেও তাঁদের বন্ধুত্ব নিয়ে নানা গল্প শোনা যায়। জন্মদিনে অভিষেকের দেওয়া বিশেষ উপহার থেকে শুরু করে মান্দারমণি সফরের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বেড়ে যায়। তবে এই সব গুঞ্জন সত্ত্বেও দুজনেই সব সময় বলেছেন যে তাঁরা শুধুই ভালো বন্ধু এবং এর বেশি কিছু নয়।
আরও পড়ুনঃ পুলিশের দাদাগিরিতে শিল্পীর ‘অসম্মান’ বিতর্কের মাঝেই অন্য ছবি! মঞ্চে শিলাজিতেরই ‘লাল মাটির সরানে’ গান গাইলেন অরিজিৎ সিং! নেটিজেনদের মতে ‘এ যেন নীরব সমর্থন’!
এক সাক্ষাৎকারে আরাত্রিকা জানিয়েছিলেন যে তিনি অভিষেককে ২০২০ সাল থেকেই চেনেন। দুজনেই তখন রানিকুঠি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। মজার বিষয় হল তাঁদের প্রথম আলাপ হয়েছিল চিকেন পকোড়া কিনতে গিয়ে। সেই ছোট্ট পরিচয় থেকেই ধীরে ধীরে বন্ধুত্ব তৈরি হয়। পরে যখন একসঙ্গে কাজের সুযোগ আসে তখনও তাঁদের মধ্যে কোনো অস্বস্তি তৈরি হয়নি। একই সময়ে কেরিয়ার শুরু করা এবং সমবয়সী হওয়ার কারণে তাঁদের বন্ধুত্ব আরও সহজ হয়ে ওঠে। ভবিষ্যতে এই বন্ধুত্ব কি নতুন সম্পর্কে রূপ নেবে তা অবশ্য সময়ই বলে দেবে।
