জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমাদের ভুলগুলো সুন্দর করে সাজিয়ে দেন, তারাই আসল নায়ক!” টেকনিশিয়ানদের সম্মান জানানোয় জি বাংলাকে ধন্যবাদ জিতুর! সমাজ মাধ্যমে অভিনেতার পোস্টে, আরও একবার প্রকাশ্যে তাঁর মানবিক দিক!

জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ডের সম্প্রচার ঘিরে প্রতি বছরই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা থাকে। আপাতত এই বছরের অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে গতকাল। প্রত্যেকবারের মতো, এবারও অনেক তারকা পুরস্কৃত হয়েছেন এবং তাদের অভিনয়কে সম্মান জানানো হয়েছে। তবে, এবারের অনুষ্ঠানে একটি বিশেষ বিষয় অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) নজর কেড়েছে। তিনি মনে করেছেন, শুধু অভিনেতা-অভিনেত্রীদের নয়, পর্দার আড়ালে যারা নিরলসভাবে কাজ করেন, তাদেরও সমানভাবে সামনে আনার চেষ্টা করেছে চ্যানেল।

সেই কারণেই অনুষ্ঠানটি সম্প্রচার হতেই, তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে। জিতুর মতে, অভিনয়জগতে সামনে দেখা যায় হাতে গোনা কিছু পর্দার মানুষদের, কিন্তু একটি দৃশ্যকে সুন্দর করে তুলতে নেপথ্যে অসংখ্য মানুষের পরিশ্রম থাকে। সেই সব টেকনিশিয়ান, সহকারী এবং বিভিন্ন বিভাগের কর্মীদের অবদান অনেক সময়েই আলোচনার বাইরে থেকে যায়। এবারের সোনার সংসার অ্যাওয়ার্ডে সেই নেপথ্যের মানুষদের জন্য আলাদা সম্মান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেই তিনি বিশেষভাবে খুশি।

এছাড়াও, পোস্টে অ্যাওয়ার্ড-এর ছবির পাশাপাশি তিনি আরও উল্লেখ করেন, শুটিং সেটে এই মানুষগুলিই প্রতিদিন অভিনেতাদের কাজ সহজ করে দেন। কখনও ক্যামেরার ফ্রেম ঠিক করা, কখনও আলো বা মেকআপ সামলানো, আবার কখনও চুল-চেরা খুঁটিনাটি দেখেও নিঃশব্দে সাহায্য করে যাওয়া, সবকিছুই তাদের দায়িত্বের অংশ। এমনকি দৃশ্যের আবেগ বাড়াতে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এডিটিংয়ের মাধ্যমে অনেক সাধারণ মুহূর্তকেও তারা দর্শকের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলেন।

প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নিজের অভিনীত চরিত্র ‘আর্য’র কথাও উল্লেখ করেন জিতু। তাঁর মতে, এই চরিত্রটিকে দর্শকের কাছে এতটা বিশ্বাসযোগ্য করে তুলতে লেখক, সংগীত পরিচালক, এডিটর বা মেকআপ শিল্পী প্রত্যেকের অবদান রয়েছে। তাই চরিত্রের মুখের পাশাপাশি, তাঁদের কাজকেও আলাদা করে স্বীকৃতি দেওয়া অত্যন্ত জরুরি। চ্যানেলের এই পদক্ষেপকে তিনি তাই শিল্পের প্রতি সম্মান জানানো বলেই মনে করেছেন।

জিতু আরও জানিয়েছেন, পর্দার সামনে থাকা শিল্পীরা যতই প্রশংসা পান না কেন, নেপথ্যের সেই পরিশ্রমী মানুষদেরই প্রাপ্য সেগুলো। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। নিজের ধারাবাহিকের যেসব টেকনিশিয়ান এই বছর পুরস্কৃত হয়েছেন, তাঁদের নামও তিনি আলাদা করে উল্লেখ করেছেন সমাজ মাধ্যমে। যাতে তাদের কাজ আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। অভিনেতার এই মানবিক দিক নিয়ে, ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।

Piya Chanda

                 

You cannot copy content of this page