টলিউডে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এর অকাল প্রয়াণ ঘিরে শোকের আবহ এখনও কাটেনি। তাঁর মৃত্যুর প্রতিবাদে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় কর্মবিরতি পালিত হয়, যেখানে অধিকাংশ শিল্পী সংহতি জানান। তবে এই অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েন দৈনিক আয়ের উপর নির্ভরশীল কলাকুশলীরা।
এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন অভিনেতা জীতু কামাল। কর্মবিরতির মধ্যেও তিনি নিজের ইউনিটের টেকনিশিয়ানদের সাহায্যের কথা জানান। পরে সেই প্রতিশ্রুতি রাখতেও দেখা যায় তাঁকে, যা অনেকের কাছে ইতিবাচক উদ্যোগ হিসেবে ধরা পড়লেও, তাঁর প্রতিবাদের ধরন নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।
রাহুলের মৃত্যুর বিচার চেয়ে প্রতীকী প্রতিবাদে জীতু নিজের ছবির পাশে প্রয়াত অভিনেতার ছবিতে মালা দেন, যা ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। সহ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় পরোক্ষে কটাক্ষ করেন। একইভাবে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য ও এই পদক্ষেপকে অযৌক্তিক বলে মন্তব্য করেন।
সমালোচনার জবাবে চুপ থাকেননি জীতু। ফেসবুক লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করার পর এবার সরাসরি কাজের মাধ্যমে জবাব দিলেন। তিনি এক কলাকুশলী তাপস চক্রবর্তীকে তেত্রিশ হাজার টাকা আর্থিক সাহায্য করেছেন, যার প্রমাণ হিসেবে ব্যাঙ্ক চেকের ছবি শেয়ার করেন তিনি।
আরও পড়ুনঃ ক্রমেই বিতর্কে জড়াচ্ছেন প্রযোজক সুশান্ত দাস! টেন্টের কর্ণধারের বিরুদ্ধে হেনস্থা ও হুমকির অভিযোগ এনে জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ অভিনেত্রী
এই পোস্টের মাধ্যমে জীতু কটাক্ষকারীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন। তাঁর দাবি, যারা তাঁর প্রতিবাদকে আত্মপ্রচার বলেছিলেন, তারা যেন এবার এই সাহায্যকেও একইভাবে প্রকাশ্যে স্বীকার করেন। বিতর্কের মাঝেও তাঁর এই পদক্ষেপ টলিপাড়ায় নতুন আলোচনা তৈরি করেছে।
