ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’-এর দর্শকদের জন্য এল উদ্বেগের খবর। হঠাৎ দুর্ঘটনায় আহত হয়েছেন এই সিরিয়ালের মুখ্য অভিনেতা অর্কপ্রভ রায়, যাঁকে পর্দায় ‘বিহান’ চরিত্রে দেখেন দর্শক। জানা গিয়েছে, বাড়িতেই পিছলে পড়ে গুরুতর চোট পান তিনি। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমে হাসপাতাল থেকে নিজের একটি ছবি শেয়ার করেন অভিনেতা। সেই ছবিতে দেখা যায়, তাঁর পায়ে প্লাস্টার করা রয়েছে। ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে চিন্তা বাড়ে। অনেকেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। অভিনেতার এই আকস্মিক দুর্ঘটনা এখন টেলিপাড়ায় আলোচনার বিষয়।
ঘটনার বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় অর্কপ্রভর বান্ধবী এবং অভিনেত্রী শ্রীতমা দের সঙ্গে। তিনি জানান, বাড়ির মধ্যেই পা পিছলে পড়ে যান অর্কপ্রভ। পড়ে যাওয়ার ফলে তাঁর ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট লাগে। প্রথমে মনে করা হলেও শুধু মচকেছে, পরে হাসপাতালে পরীক্ষা করে জানা যায় হাড় ভেঙে গেছে। সেই কারণেই চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয়। শ্রীতমা জানান, চোট গুরুতর হওয়ায় পায়ে প্লেট বসাতে হয়েছে। অপারেশন সফল হয়েছে বলেও তিনি জানান। বর্তমানে অভিনেতা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই খবর।
শ্রীতমা আরও জানান, অর্কপ্রভ এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যেতে পারেন তিনি। তবে পায়ে এত বড় চোট নিয়ে কবে আবার শুটিং ফ্লোরে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। কয়েকদিন তাঁকে বাড়িতে বিশ্রামে থাকতে হতে পারে বলেই মনে করা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলাই এখন প্রধান বিষয়। ধারাবাহিকের নিয়মিত শুটিংয়ের উপর এই ঘটনার প্রভাব পড়তে পারে কি না, সেটাও এখনও স্পষ্ট নয়। প্রযোজনা সংস্থা বা চ্যানেলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে দর্শকদের অপেক্ষা বাড়ছে।
অর্কপ্রভ রায় অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। ‘কম্পাস’ ধারাবাহিকে ‘বিহান’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। পর্দায় তাঁর উপস্থিতি এবং অভিনয় দক্ষতার জন্য দ্রুত জনপ্রিয়তা বাড়ে। এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে তাঁকে নিয়ে আলাদা আগ্রহ দেখা যায়। এর আগেও সমাজমাধ্যমে তাঁর জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। তাই হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে কৌতূহল এবং উদ্বেগ দুটোই বেড়েছে। অনেকে তাঁর পোস্টে শুভেচ্ছা ও দ্রুত সুস্থতার বার্তা দিয়েছেন। ছোটপর্দার দর্শকরাও তাঁর ফিরে আসার অপেক্ষায়।
আরও পড়ুনঃ “সর্বভারতীয় স্বীকৃতি না পেলে বাঙালিরা নিজের প্রতিভার মূল্য দেয় না, বলিউড না ডাকলে বাংলায় হয়তো এই সম্মান পেতাম না” অকপট টোটা রায়চৌধুরী! বাঙালি পরিচালকদের কাস্টিং মানসিকতা নিয়ে সবর অভিনেতা!
প্রসঙ্গত, স্টার জলসার ধারাবাহিক ‘কম্পাস’-এ অর্কপ্রভর বিপরীতে অভিনয় করছেন পর্ণা চক্রবর্তী। ছোটপর্দার নায়িকা হিসেবে এই ধারাবাহিকেই প্রথমবার দর্শক তাঁকে দেখছেন। জুটি হিসেবে অর্কপ্রভ ও পর্ণাকে শুরু থেকেই পছন্দ করেছেন দর্শকরা। ধারাবাহিকের প্রথম দিকে টিআরপি তালিকায় বেশ ভালো ফলও করেছিল এই মেগা। কিন্তু সময়ের সঙ্গে প্রতিযোগিতা বাড়ায় এখন প্রথম দশের তালিকায় তেমনভাবে নজর কাড়তে পারছে না ‘কম্পাস’। তবুও গল্প এবং চরিত্রের কারণে এখনও আলাদা দর্শকশ্রেণি রয়েছে সিরিয়ালটির। এই পরিস্থিতিতে নায়কের চোট ধারাবাহিকের ভবিষ্যৎ পর্বে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।
