বাংলা সিনেমার জগতে শুধু নায়ক-নায়িকার প্রেমের জুটিই নয়, অনেক সময় এমন কিছু সম্পর্কও দর্শকের মনে আলাদা জায়গা করে নেয়, যা ছবির গল্পকে আরও জীবন্ত করে তোলে। ঠিক তেমনই ২০০৯ সালের সুপারহিট ছবি ‘পরান যায় জ্বলিয়া রে’-তে দেব ও ছোট্ট অরিত্র দত্ত বণিকের সম্পর্ক দর্শকদের ভীষণভাবে আকৃষ্ট করেছিল। ছবিতে দেবের ভাই-এর চরিত্রে অভিনয় করে অরিত্র এক অন্যরকম জনপ্রিয়তা পেয়েছিলেন। তার সংলাপ, কমেডি টাইমিং এবং স্বাভাবিক অভিনয় আজও অনেক দর্শকের মনে গেঁথে রয়েছে। সেই সময়ে বড় বড় অভিনেতাদের মাঝেও ছোট্ট অরিত্র নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা নজর কেড়েছিলেন।
পরিচালক রবি কিনাগীর এই ছবিতে প্রধান চরিত্রে ছিলেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলী, তবে দর্শকদের মতে, ছবির অন্যতম বড় আকর্ষণ ছিল দেব ও অরিত্রর অনস্ক্রিন সম্পর্ক। দেবের পাশে দাঁড়িয়ে ছোট্ট অরিত্র যেভাবে হাসির মুহূর্ত তৈরি করতেন, তা সিনেমাকে আরও উপভোগ্য করে তুলেছিল। অনেকেই সেই সময় মনে করেছিলেন, ভবিষ্যতে বাংলা ইন্ডাস্ট্রিতে অরিত্র বড় জায়গা তৈরি করবেন। শিশুশিল্পী হিসেবে তার জনপ্রিয়তাও দ্রুত বাড়তে শুরু করে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অভিনয় জগৎ থেকে খানিকটা দূরে সরে যান তিনি।
বর্তমানে অরিত্র দত্ত বণিক আর শুধুমাত্র অভিনেতা নন। অভিনয়ের পাশাপাশি তিনি এখন একজন পরিচিত ভিডিও এডিটর এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও কাজ করছেন। বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা থেকে শুরু করে বিদেশি সিনেমার কালার কারেকশনের কাজও করেন তিনি। পাশাপাশি নিজেকে একজন মিডিয়া কনসালট্যান্ট হিসেবেও পরিচয় দেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয় এবং নানা সমসাময়িক বিষয়, রাজনীতি কিংবা টলিপাড়ার ঘটনা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। শিক্ষাগত দিক থেকেও তিনি যথেষ্ট সফল। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতক হওয়ার পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরও পড়াশোনা করেছেন তিনি। যদিও মাঝে মধ্যে ‘গোয়লি’ বা ‘আবার বছর কুড়ি পরে’-র মতো প্রজেক্টে দেখা গিয়েছে তাকে, তবে আগের মতো আর নিয়মিত মূলধারার বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যায় না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অরিত্র এমন একটি কথা বলেছেন, যা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, আজ পর্যন্ত নাকি অভিনেতা দেবের প্রোডাকশন হাউজ (Dev Entertainment Ventures)-এর তরফ থেকে তিনি কোনও কাজের অফার পাননি। যদিও ভবিষ্যতে সুযোগ এলে তিনি অবশ্যই কাজ করতে চান বলেও জানিয়েছেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই অনেক সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন। কারণ, দীর্ঘদিন ধরে দেবের সঙ্গে তার এত সুন্দর সম্পর্ক এবং দর্শকদের কাছেও এই জুটির জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন তাকে নতুন কোনও সুযোগ দেওয়া হল না, সেই প্রশ্ন এখন ঘুরছে নেটমাধ্যমে।
আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীই আসল ‘ধুরন্ধর!’ তাঁর জীবন চিত্রনাট্যের মতো, মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সফলতার অনুপ্রেরণায় তাকে নিয়ে সিনেমা বানাতে চান ঋষভ বসু!
বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেবকে একাধিক নতুন মুখ বা ছোট পর্দার অভিনেত্রীদের বড় সুযোগ দিতে দেখা গিয়েছে। সেখানে ছোটবেলার পরিচিত এবং জনপ্রিয় সহ-অভিনেতা অরিত্র কেন সেই তালিকায় জায়গা পেলেন না, তা নিয়েই কৌতূহল বাড়ছে দর্শকদের মধ্যে। অনেকের মতে, অরিত্রর মতো প্রতিভাবান একজন শিল্পীকে আবারও বড় পর্দায় দেখা উচিত। যদিও এই বিষয়ে দেব বা তার প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে অরিত্রর সাম্প্রতিক বক্তব্যে একটা বিষয় স্পষ্ট, অভিনয়ের প্রতি তার ভালোবাসা এখনও একই রকম রয়েছে এবং সঠিক সুযোগ এলে তিনি আবারও দর্শকদের সামনে ফিরতে প্রস্তুত।
