টেলিপাড়ায় নতুন ধারাবাহিক, জনপ্রিয় জুটি কিংবা তারকাদের প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন ছড়াতে খুব বেশি সময় লাগে না। সম্প্রতি এমনই একটি খবর ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। স্টার প্লাসে চলতি মাসের শুরুতেই সম্প্রচার শুরু হয়েছে লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস প্রযোজিত নতুন হিন্দি ধারাবাহিক ‘সয়রাব’। অসম বয়সী প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি এই মেগায় দেখা যাচ্ছে ডাক্তার নয়নিকা এবং রকস্টার ইশানের সম্পর্কের কাহিনি। খুব অল্প সময়ের মধ্যেই ধারাবাহিকটি হিন্দি দর্শকদের নজর কেড়েছে। এর মধ্যেই বাংলায় এই সিরিয়ালের রিমেক নিয়ে শুরু হয় নতুন জল্পনা। আর সেই জল্পনাকেই ঘিরে ছড়িয়ে পড়ে একাধিক দাবি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘অর্গানিক’ নাকি ‘সয়রাব’-এর বাংলা সংস্করণ তৈরি করতে চলেছে। বর্তমানে এই সংস্থার প্রযোজনাতেই সম্প্রচারিত হচ্ছে ‘কনে দেখা আলো’। গুঞ্জনে আরও বলা হয়, এই সম্ভাব্য রিমেকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী পায়েল দে-কে। এমনকি বিষয়টি নিয়ে একটি সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশটও দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকে। ফলে অনেক দর্শকই ধরে নিতে শুরু করেন যে খুব শীঘ্রই ছোটপর্দায় নতুন জুটি হিসেবে ফিরতে চলেছেন শন ও পায়েল। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যেও উৎসাহ তৈরি হয়।
তবে এই জল্পনার সত্যতা যাচাই করতে সরাসরি যোগাযোগ করা হয় শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উল্লেখ্য, লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের পেশাগত সম্পর্ক রয়েছে। তাঁর লেখাতেই তৈরি জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’-এ ঋষির চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শন। তাই এই গুঞ্জন অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। কিন্তু অভিনেতা নিজেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই খবরের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। ফলে রিমেক এবং জুটির খবর নিয়ে তৈরি হওয়া উত্তেজনা অনেকটাই থেমে যায়।
এই প্রসঙ্গে শন বলেন, “এমন কিছু ঘটছে কিনা বা কোনও রিমেক হচ্ছে কিনা, তা সত্যি আমার জানা নেই। তবে আমি এই মুহূর্তে কোনও মেগা সিরিয়াল করছি না। পায়েল দে-র সঙ্গে জুটি বেঁধে ছোটপর্দায় আমার কামব্যাকের যে খবর রটেছে, তা একদম ভুয়ো এবং সম্পূর্ণ ভিত্তিহীন। কারা, কেন এই ধরণের গুজব রটাচ্ছে, তা আমার সত্যি জানা নেই।” অভিনেতার এই বক্তব্যের পর পরিষ্কার হয়ে যায় যে আপাতত ‘সয়রাব’-এর বাংলা রিমেকে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। একইসঙ্গে পায়েলের সঙ্গে তাঁর নতুন ধারাবাহিকে অভিনয়ের খবরও যে শুধুই গুজব, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরও পড়ুনঃ “সরকারি কর্মীর মতো দেখতে, নায়ক হিসেবে মোটেই চলবে না!” বরাবর পার্শ্ব চরিত্রে অভিনয় করা সেই ঋদ্ধিশই আজ ‘কমলা নিবাস’-এর সবচেয়ে বড় শক্তি? একসময় তাঁকে নিয়ে প্রশ্ন তোলা দর্শকদেরই প্রশংসায় ভাসছেন অভিনেতা!
যদিও ছোটপর্দায় এখনই ফিরছেন না শন, তবু অনুরাগীদের জন্য সুখবরও দিয়েছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি নতুন একটি কাজের ঘোষণা করবেন। তবে সেই চমক টেলিভিশনের পর্দায় নয়, অন্য কোনও মাধ্যমে আসবে। ‘আমি সিরাজের বেগম’, ‘এখানে আকাশ নীল’ দ্বিতীয় সিজন এবং ‘মন ফাগুন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন শন। টেলিভিশনের প্রতি তাঁর ভালোবাসার কথাও তিনি উল্লেখ করেছেন। অভিনেতার কথায়, ভালো গল্প এবং শক্তিশালী চরিত্রের কোনও আকর্ষণীয় প্রস্তাব পেলে ভবিষ্যতে অবশ্যই আবার ছোটপর্দায় ফিরবেন। তবে আপাতত ‘সয়রাব’-এর বাংলা রিমেকে শন-পায়েল জুটির খবরকে নিছক গুজব বলেই জানিয়েছেন তিনি।
