জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমি নিজেও তো বাবা, তাই বুঝতে পারি…’ পিতৃদিবসে বহু বছরের অভিমান ভুলে, জীবনের আসল শিক্ষাক হিসেবে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অভিনেতা প্রসেনজিতের!

পিতৃদিবস উপলক্ষে নিজের জীবনের অত্যন্ত আবেগময় কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘বাবা’ শব্দটি ছোট হলেও তার গভীরতা অনেক বড়, এমনটাই মনে করেন তিনি। যাঁদের ত্যাগ, দায়িত্ব আর ভালোবাসা সবসময় চোখে ধরা পড়ে না, কিন্তু জীবনের এক বিশেষ সময়ে পৌঁছলে তা গভীরভাবে অনুভব করা যায়। সেই উপলব্ধির কথাই এদিন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেতা। তাঁর মতে, বাবারা অনেক সময় মুখে ভালোবাসা প্রকাশ না করলেও সন্তানের প্রতি দায়িত্ব পালনে কখনও পিছিয়ে যান না। তাই বছরের প্রতিটি দিন তাঁদের হলেও পিতৃদিবস আলাদা গুরুত্ব বহন করে।

নিজের বাবা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কথা স্মরণ করে প্রসেনজিৎ লিখেছেন, ‘আমার নিজের জীবনে বাপি আমায় যে মূল্যবোধ, শৃঙ্খলা আর মানুষের প্রতি সম্মান করতে শিখিয়েছেন, তা আজও আমার পথচলার শক্তি।’ তিনি জানান, ছোটবেলায় অনেকেই শুনেছেন, ‘মা-বাবা হলে বুঝবি।’ একসময় সেই কথার গভীর অর্থ বুঝতে না পারলেও আজ বাবা হওয়ার পর তিনি তা অনুভব করতে পারেন। তাঁর মতে, একজন বাবা সন্তানের জন্য কতটা ভালোবাসা, উদ্বেগ এবং নিঃস্বার্থ ত্যাগ বয়ে নিয়ে চলেন, তা নিজের অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেছেন।

পিতৃদিবসের এই বিশেষ দিনে বাবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতেও ভোলেননি অভিনেতা। তিনি লিখেছেন, ‘আজ আমি নিজেও একজন বাবা। তাই বুঝতে পারি, সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা, উদ্বেগ আর নিঃস্বার্থ ত্যাগ কতটা গভীর। এই বিশেষ দিনে আমার বাপিকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর পৃথিবীর সকল বাবাদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা।’ তাঁর এই বার্তা অনুরাগীদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই কমেন্টে নিজেদের বাবাকে স্মরণ করে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে ‘অভিমান’-এর টিজ়ার। সেই টিজ়ার দেখার পর প্রসেনজিতের অভিনীত চরিত্রের একটি প্রতিচ্ছবি নিজের হাতে এঁকেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিটি শুধু একটি আঁকা ছবি নয়, বরং একজন বাবার চোখে তাঁর ছেলেকে নতুনভাবে দেখার অনুভূতির বহিঃপ্রকাশ বলেই মনে করছেন অনেকেই। সেই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলতে ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন প্রসেনজিৎ।

ছবিটি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘বাপির তুলির আঁচড়ে, তাঁর অনুভূতিতে নিজেকে নতুন করে আবিষ্কার করি। আমার কাজ তাঁর হৃদয় ছুঁয়েছে, এই ভালোবাসা, আশীর্বাদ আর বিশ্বাস আমার কাছে অমূল্য।’ বাবার এই ভালোবাসা ও স্বীকৃতিকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেই মনে করেন তিনি। পিতৃদিবসের আবহে বাবাকে ঘিরে তাঁর এই আবেগঘন বার্তা এবং পারিবারিক স্মৃতিচারণ অনুরাগীদের মন ছুঁয়ে গেছে। একই সঙ্গে বাবা ও সন্তানের সম্পর্কের গভীরতাকেও নতুন করে সামনে এনে দিয়েছে এই বিশেষ পোস্ট।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page