আয়বহির্ভূত সম্পত্তি মামলায় আপাতত বড় স্বস্তি পেলেন প্রাক্তন বিধায়ক ও কীর্তনশিল্পী অদিতি মুন্সি। কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছে। তবে একই মামলায় তাঁর স্বামী ও পুরপ্রতিনিধি দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বুধবার মামলার শুনানির পর বিচারপতি জয় সেনগুপ্ত এই নির্দেশ দেন।
তদন্তকারী সংস্থার দাবি, নির্বাচনের আগে অদিতি ও দেবরাজ বিপুল মূল্যের সম্পত্তি অন্যদের নামে সরিয়ে দিয়েছিলেন। অভিযোগ উঠেছে, নির্বাচনী হলফনামায় তাঁদের সমস্ত সম্পত্তির তথ্যও উল্লেখ করা হয়নি। এছাড়াও অর্থ লেনদেন, জমি সংক্রান্ত অনিয়ম এবং বেআইনি উপায়ে সম্পদ বাড়ানোর মতো বিষয়গুলি নিয়েও তদন্ত চলছে।
শুনানির সময় রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, দম্পতির একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক নথি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের বক্তব্য, এই মামলায় যুক্ত কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আরও কিছু তথ্য সংগ্রহ করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অদিতির আইনজীবীরা আদালতে জানান, তাঁর চার মাসের একটি সন্তান রয়েছে এবং সন্তানের দেখভালের দায়িত্ব বর্তমানে তাঁর উপরেই রয়েছে। সেই বিষয়টি বিবেচনা করে আদালত তাঁকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছে। তবে তদন্তে সহযোগিতা করতে হবে, কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না।
আরও পড়ুনঃ “ছি ছি, বাংলা ধারাবাহিকের মান এত নীচে নেমেছে যে পোকামাকড় খেয়ে টিআরপি আনতে হচ্ছে!” “ছোটরা যদি এসব নকল করতে শুরু করে, দায় নেবে কে?” আরশোলা খাওয়ার দৃশ্য দেখে ক্ষো’ভে ফুঁসছেন দর্শকরা! ‘কমলা নিবাস’ বন্ধের দাবিতে সরব একাংশ, শিশুদের উপর প্রভাব নিয়েও উঠছে প্রশ্ন!
অন্যদিকে দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রে আদালত কোনও রকম আগাম সুরক্ষা দিতে রাজি হয়নি। যদিও তাঁকেও তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আপাতত গ্রেফতারির আশঙ্কা থেকে মুক্তি পেলেও অদিতির আইনি লড়াই এখনও শেষ হয়নি, আর দেবরাজের ভবিষ্যৎ পদক্ষেপের দিকে নজর থাকছে সবার।
