জি বাংলার নতুন ধারাবাহিক দুলারী সম্প্রচারের আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পুরুলিয়ার একটি গ্রামের মেধাবী মেয়ে দুলারী উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে কলকাতায় আসে। নতুন প্রকাশিত প্রোমোতে দেখা যায়, কলেজে প্রথম দিনেই র্যাগিংয়ের মুখে পড়তে হয় তাকে। তবে ভয় না পেয়ে সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে সে এবং নিজের আত্মবিশ্বাসের পরিচয় দেয়।
ধারাবাহিকে দুলারীর চরিত্রে অভিনয় করছেন দেবপ্রিয়া বসু। গল্পে তাঁর প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে অভিনেত্রী কথা চক্রবর্তীকে। নতুন প্রোমোতেই ইঙ্গিত মিলেছে, তিনিই এই ধারাবাহিকের প্রধান খলচরিত্রে থাকবেন এবং দুলারীর জীবনে একের পর এক বাধা তৈরি করবেন।
কথা চক্রবর্তীকে এর আগে সান বাংলার আকাশ কুসুম ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার তিনি একেবারে ভিন্ন ধরনের চরিত্রে ছোটপর্দায় ফিরছেন। অন্যদিকে ধারাবাহিকের নায়কের ভূমিকায় রয়েছেন নীল ভট্টাচার্য। যদিও এখনও পর্যন্ত প্রকাশিত কোনও প্রোমোতেই তাঁর উপস্থিতি দেখা যায়নি।
গল্পে দেখানো হয়েছে, দুলারী অভাবের মধ্যেও পড়াশোনা ছাড়েনি। কঠোর পরিশ্রম করে ভালো ফল করার লক্ষ্য নিয়ে পরীক্ষায় বসে এবং কলকাতার কলেজে পড়ার স্বপ্ন দেখে। নিজের সাফল্য নিয়ে সে আত্মবিশ্বাসী, আর সেই স্বপ্ন পূরণের আশাতেই এগিয়ে যেতে চায়।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান আইডল খালি হাতে ফিরিয়েছে, সারেগামাপার মঞ্চ থেকে জয় ছিনিয়ে আনতে পারবেন সৃজন? আশায় বুক বাঁধছে হাওড়া, স্বপ্ন সফল হবে?
কিন্তু বাড়ি ফিরে ভালো পরীক্ষার খবর জানাতেই বাধা হয়ে দাঁড়ান দুলারীর মা। তিনি মেয়েকে কলকাতায় পড়তে যেতে দিতে চান না এবং রাগের মাথায় তার বই আগুনে ফেলে দেন। এরপর দুলারী কীভাবে নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখবে, সেই উত্তর মিলবে ধারাবাহিকে। আগামী ২৯ জুন থেকে প্রতিদিন বিকেল ৫টায় জি বাংলায় সম্প্রচারিত হবে দুলারী।
