জি বাংলার ‘কমলা নিবাস’ (Kamala Nibas) ধারাবাহিকে সম্রাট চরিত্রটিকে ঘিরে রহস্য ও চমক দিন দিন আরও বাড়ছে। গতকালের পর্বে দর্শক দেখেছিলেন, রাস্তায় কয়েকজন যুবক ঝিনুককে উত্ত্যক্ত করলে নিজের জীবনের ঝুঁকি নিয়েই তার সামনে ঢাল হয়ে দাঁড়ায় সম্রাট। ঝিনুককে বাঁচাতে গিয়ে তার হাতে ছুরির আঘাতও লাগে। আহত সম্রাটকে দেখে ঝিনুক নিজের শাড়ির আঁচল ছিঁড়ে তার ক্ষত বেঁধে দেয়। সেই সময় সম্রাট ঝিনুককে বোঝায়, কোনও অন্যায়ের জন্য একজন মেয়ের নিজেকে দোষী ভাবার কোনও কারণ নেই। এই ঘটনাগুলোর পর থেকেই দর্শকদের একাংশের মনে হচ্ছিল, ঝিনুককে নিয়ে সম্রাটের অনুভূতি শুধু ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নেই, তার মধ্যে এক ধরনের চরম অধিকারবোধও কাজ করছে।
আজকের পর্বে সেই ধারণাই যেন আরও জোরালো হয়ে উঠল। সকালে খবরের কাগজ পড়তে গিয়ে ঝিনুক জানতে পারে, আগের দিন রাস্তায় যে তিনজন তাকে উত্ত্যক্ত করেছিল, তারা সবাই মারা গেছে। ঘটনাটি দেখে সে অবাক হয়ে যায়। তবে এই মৃত্যুর নেপথ্যে যে সম্রাট রয়েছে, তা এখনও ধারাবাহিকের অন্য কোনও চরিত্র জানে না। শুধু দর্শকরাই দেখতে পান, সম্রাটই ওই তিনজনকে হত্যা করেছে। কোনও অনুশোচনা নয়, বরং তার মুখের অদ্ভুত শান্ত হাসি যেন আরও রহস্য তৈরি করে। এই দৃশ্যের পর থেকেই সম্রাটের মানসিকতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগেও ঝিনুকের বিপদে বারবার নিজের সবকিছু ভুলে সামনে দাঁড়াতে দেখা গিয়েছে সম্রাটকে। কখনও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে, কখনও আবার ঝিনুকের আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এবারের ঘটনায় বিষয়টি সম্পূর্ণ অন্য মাত্রা পেল। ঝিনুকের দিকে খারাপ নজর দেওয়ার অপরাধে কাউকে আইনের হাতে না তুলে নিজের মতো করে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সম্রাটের চরিত্র যে আরও অন্ধকার দিকে এগোচ্ছে, সেই ইঙ্গিতই মিলেছে। ফলে আগামী দিনে তার এই আচরণ কোথায় গিয়ে থামবে, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
এই পর্ব সম্প্রচারের পর সমাজ মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। একজন লিখেছেন, “এ তো পুরো পাগলামি! তিনজনকেই শেষ করে ফেলল!” আরেকজনের মন্তব্য, “ঝিনুকের দিকে খারাপ নজর দেওয়ার অপরাধে ওই তিনজনকেই সম্রাট মৃত্যুদণ্ড দিল! সত্যি বলতে, গা শিউরে উঠল।” অন্য একজন লিখেছেন, “তিনজনকে মেরে ফেলার পরও সম্রাটের মুখের সেই হাসিটাই বলে দিচ্ছে, সে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে।” আরও একজনের কথায়, “ঝিনুককে নিয়ে তার অধিকারবোধ তাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখানে সে যেকোনো সীমা পার করে যেতে প্রস্তুত। এই দৃশ্যটা স্পষ্ট বুঝিয়ে দিল, সম্রাট ঝিনুকের জন্য কতটা চরম পর্যায়ে যেতে পারে।”
আরও পড়ুনঃ একেই বলে ইচ্ছে শক্তি! বিকমের পড়াশোনার পাশাপাশি নিউ মার্কেটে ঘণ্টার পর ঘণ্টা হকারি! বাবা-মায়ের উপর চাপ না বাড়িয়ে নিজের খরচ নিজেই চালাচ্ছেন তরুণী শ্রুতি উপাধ্যায়, সব প্রতিকূলতা পেরিয়ে হাতে বানানো ক্লে জুয়েলারিতেই গড়ছেন স্বপ্ন!
সব মিলিয়ে ‘কমলা নিবাস’-এর সাম্প্রতিক পর্বে সম্রাট চরিত্রকে সম্পূর্ণ নতুনভাবে তুলে ধরা হয়েছে। এতদিন দর্শক তার সাহস, ভালোবাসা এবং ঝিনুককে আগলে রাখার মানসিকতা দেখলেও, এবার সেই ভালোবাসার সঙ্গে এক ভয়ঙ্কর দিকও সামনে এসেছে। ঝিনুককে রক্ষা করার নামে সে যে কোনও সীমা অতিক্রম করতে পারে, এমন ইঙ্গিতই মিলছে ধারাবাহিকে। এখন দেখার বিষয়, এই তিন যুবকের মৃত্যুর আসল সত্য সামনে এলে ঝিনুক কী প্রতিক্রিয়া দেয় এবং সম্রাটের এই অন্ধকার দিক প্রকাশ্যে এলে তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়।
