জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ডাক্তারেরও রেহাই নেই! ঝিনুককে স্প’র্শ করতেই নিয়ন্ত্রণ হারাল সম্রাট, বিকৃ’ত অধিকারবোধ দেখে আতঙ্কিত দর্শকরা বলছেন, “ভবিষ্যতে নিজের সন্তানকেও মেরে ফেলতে পারে এই লোক!” ফের ‘কমলা নিবাস’-এর পর্ব নিয়ে নেটপাড়ায় চর্চা, আপনাদের কী মতামত?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কমলা নিবাস’-এ (Kamala Nibas) সম্রাট চরিত্রটি যত এগোচ্ছে, ততই তার মানসিকতার অন্ধকার দিক সামনে আসছে। শুরুতে ঝিনুকের রক্ষাকর্তা হিসেবেই তাকে দেখেছিলেন দর্শকরা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, বিপদের সময় ঝিনুককে আগলে রাখা এবং তাকে সাহস জোগানো, এসব কারণেই অনেকের কাছে সম্রাট ছিল ইতিবাচক চরিত্র। কিন্তু পরপর কয়েকটি ঘটনার পর এখন সেই ধারণা বদলাতে শুরু করেছে। ঝিনুককে নিয়ে তার চরম অধিকারবোধ যে ধীরে ধীরে বিপজ্জনক রূপ নিচ্ছে, সাম্প্রতিক পর্বে তারই আরও একটি স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সামাজিক মাধ্যমেও এই পর্ব ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা।

সাম্প্রতিক পর্বে দেখা যায়, ঝিনুক অসুস্থ হয়ে পড়ায় সম্রাট বাড়িতেই একজন চিকিৎসককে ডেকে আনে। চিকিৎসক স্বাভাবিক নিয়ম মেনেই ঝিনুককে পরীক্ষা করতে শুরু করেন। রোগীকে দেখার জন্য চোখ, নাড়ি এবং অন্যান্য শারীরিক পরীক্ষা করছিলেন তিনি। কিন্তু সেই দৃশ্য সহ্য করতে পারেনি সম্রাট। নিজের স্ত্রীর গায়ে অন্য একজন পুরুষের হাত পড়ছে, এই বিষয়টিই যেন তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন করে তোলে। মুহূর্তের মধ্যে চিকিৎসকের উপর ঝাঁপিয়ে পড়ে সম্রাট। কোনও কথা না শুনেই মারধর শুরু করে এবং প্রায় আধমরা অবস্থায় তাকে ফেলে দেয়।

অথচ চিকিৎসক নিজের দায়িত্ব পালন করা ছাড়া অন্য কোনও ভুলই করেননি। এই দৃশ্য দেখে দর্শকদের একাংশের প্রশ্ন, একজন নির্দোষ মানুষকে শুধুমাত্র নিজের বিকৃত মানসিকতার কারণে এভাবে আক্রমণ করা কি স্বাভাবিক? এর আগেও সম্রাটের আচরণ নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। ঝিনুককে উত্ত্যক্ত করেছিল এমন তিন যুবককে আইন বা পুলিশের হাতে না তুলে নিজেই হত্যা করেছিল সে। সেই ঘটনার পরও তার মুখে কোনও অনুশোচনা ছিল না, বরং রহস্যময় এক হাসি দেখা গিয়েছিল। সেই দৃশ্য থেকেই অনেক দর্শকের মনে হয়েছিল, ঝিনুককে ভালোবাসার চেয়ে তাকে নিজের সম্পত্তি হিসেবে দেখতেই বেশি অভ্যস্ত সম্রাট।

অন্য কেউ ঝিনুকের দিকে তাকাক বা তার কাছে আসুক, সেটাও যেন সে মেনে নিতে পারে না। এবার একজন চিকিৎসকের উপর হামলার ঘটনায় সেই সন্দেহ আরও জোরালো হয়েছে। অনেকেই মনে করছেন, সম্রাটের ভালোবাসার আড়ালে লুকিয়ে রয়েছে এক বিপজ্জনক মানসিকতা, যা ভবিষ্যতে আরও বড় বিপদ ডেকে আনতে পারে। এই পর্ব সম্প্রচারের পর সামাজিক মাধ্যমে দর্শকদের নানান প্রতিক্রিয়া চোখে পড়েছে। একজন লিখেছেন, “ডাক্তারের কী দোষ ছিল? উনি তো শুধু রোগীকে দেখছিলেন!” আরেকজনের মন্তব্য, “এটা ভালোবাসা নয়, এটা অসুস্থ অধিকারবোধ।

সম্রাট দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে।” কেউ আবার লিখেছেন, “তিনজনকে মেরেছিল, এবার ডাক্তারকে মারল। এরপর আর কী করবে?” আরও এক দর্শকের কথায়, “ভবিষ্যতে যদি সম্রাট আর ঝিনুকের সন্তান হয়, ঝিনুককে স্পর্শ করার অপরাধে তাকেও হয়তো ছেড়ে কথা বলবে না!” সব মিলিয়ে ‘কমলা নিবাস’-এর ঝিনুককে রক্ষা করার নামে সম্রাট যে বারবার নিজের সীমা অতিক্রম করছে, তা নিয়ে উদ্বেগও বাড়ছে। আগামী পর্বে এই আচরণের কী পরিণতি হয়, ঝিনুক আদৌ সম্রাটের এই অন্ধকার দিক জানতে পারে কি না এবং সম্পর্ক কোন মোড় নেয়, সেদিকেই এখন নজর দর্শকদের।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page