সুন্দরবনের জীবন মানেই প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই। ঘন জঙ্গলে ঢুকে মধু সংগ্রহ করা, বাঘের ভয়কে উপেক্ষা করে জীবিকার সন্ধানে বেরিয়ে পড়া, আর প্রতিদিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরে আসা এখানকার বহু মানুষের বাস্তব জীবন। কেউ আবার সেই জঙ্গল থেকেই আর ফিরে আসেন না। সেই কঠিন বাস্তব, সাহস আর বেঁচে থাকার লড়াইকেই এবার ছোটপর্দার গল্পে তুলে ধরতে চলেছে জি বাংলা। নতুন ধারাবাহিক ‘বাঘিনী’-তে দেখা যাবে এক সাহসী মায়ের সংগ্রামের কাহিনি, যিনি সদ্যজাত সন্তানকে বুকে বেঁধে গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে যান। তাঁর অদম্য সাহসের সামনে যেন হার মেনে যায় বনের হিংস্র বাঘও।
এই ধারাবাহিক নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছিল। আগেই জানা গিয়েছিল, ‘বাঘিনী’র মুখ্য চরিত্রে অভিনয় করবেন নবাগতা সম্পিতা প্রামাণিক। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, তাঁর বিপরীতে নায়কের চরিত্রে কাকে দেখা যাবে। একাধিক পরিচিত অভিনেতার নাম নিয়ে জল্পনা চললেও এবার সেই অপেক্ষার অবসান হয়েছে। জানা যাচ্ছে, ধারাবাহিকের নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা রাহুল গাঙ্গুলিকে। ফলে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন রাহুল ও সম্পিতা।
রাহুল গাঙ্গুলি এর আগে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’-তে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। অন্যদিকে, সম্পিতা প্রামাণিকের জন্য এটি একেবারেই নতুন যাত্রা। তিনি মূলত একজন নৃত্যশিল্পী এবং মডেল হিসেবে পরিচিত। অভিনয়ের জগতে এই ধারাবাহিকের মাধ্যমেই তাঁর হাতেখড়ি হতে চলেছে। একেবারে নতুন মুখকে এত গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ দেওয়ায় দর্শকদের মধ্যেও বাড়ছে আগ্রহ।
কয়েকদিন আগেই চ্যানেলের পক্ষ থেকে ধারাবাহিকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকেই নায়িকার পরিচয় নিয়ে নানা জল্পনা শুরু হয়। টলিপাড়ার একাধিক পরিচিত অভিনেত্রীর নাম উঠে এলেও বিশেষভাবে শোনা গিয়েছিল, অঙ্কিতা মল্লিক হয়তো এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরতে পারেন। তবে শেষ পর্যন্ত সমস্ত জল্পনায় ইতি টেনে নবাগতা সম্পিতা প্রামাণিককে নিয়েই প্রোমো শুটিং সম্পন্ন করেন প্রযোজক সুশান্ত দাস। তাঁর প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার ব্যানারেই তৈরি হচ্ছে এই নতুন মেগা।
আরও পড়ুনঃ ‘কলকাতায় এসেই খুঁজে পেয়েছিলাম জীবনের প্রতি ভালোবাসা!’ এই শহরই দিল স্বামী ও নতুন পরিচয়! কীভাবে কলকাতায় পাল্টে দিয়েছিল তার জীবন দর্শন, আবেগঘন স্বীকারোক্তি ঊষা উত্থুপের?
এখন ‘বাঘিনী’কে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। একদিকে সুন্দরবনের বাস্তব জীবনসংগ্রাম, অন্যদিকে একেবারে নতুন জুটি এবং ভিন্ন স্বাদের গল্প, সব মিলিয়ে এই ধারাবাহিক ইতিমধ্যেই আলোচনায়। সম্পিতা প্রামাণিক তাঁর প্রথম অভিনয়েই দর্শকদের মন জয় করতে পারেন কি না এবং রাহুল গাঙ্গুলির সঙ্গে তাঁর জুটি কতটা জনপ্রিয় হয়, সেদিকেই এখন নজর সবার। জি বাংলার পর্দায় এই নতুন গল্প কতটা সাড়া ফেলতে পারে, সেটাই দেখার অপেক্ষা।
