বাংলা থিয়েটার, সিনেমা এবং টেলিভিশনের পরিচিত মুখ কৌশিক সেন বরাবরই নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেন। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়েও এর আগে একাধিকবার মুখ খুলেছেন তিনি। এবার একটি পডকাস্টে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিজেপিকে নিশানা করেন অভিনেতা। তাঁর মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
‘আড্ডা জিবি’ পডকাস্টে কৌশিক সেন বলেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা গোটা দেশে বিজেপিই সবচেয়ে বড় অশুভ শক্তি বলে তিনি মনে করেন। আরজি করের তরুণী চিকিৎসকের বিচার প্রসঙ্গও উঠে আসে তাঁর কথায়। অভিনেতার বক্তব্য, বিজেপি ক্ষমতায় এলে দ্রুত বিচার পাওয়া যাবে, এমন আশা তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি।
পাশাপাশি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন কৌশিক। রাস্তায় হামলা, তোলাবাজি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তিনি। শহরের সৌন্দর্যের কথা বলতে গিয়ে ছোট চায়ের দোকান বা স্টেশনারি দোকানের মতো সাধারণ মানুষের জীবিকার জায়গাগুলিকে সরিয়ে দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন অভিনেতা।
কৌশিকের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য। কেউ তাঁকে ‘ধান্দাবাজ’, কেউ ‘দলবদলু’ বলে কটাক্ষ করেছেন। আবার একজন নেটিজেন দাবি করেছেন, অভিনেতা নিজেকে ভালো ও বুদ্ধিজীবী হিসেবে তুলে ধরতে চান এবং তাঁর সমস্ত বক্তব্যই নাকি এক ধরনের অভিনয়। তবে তাঁর বক্তব্যকে সমর্থনও করেছেন কয়েকজন।
আরও পড়ুনঃ “শোকটা ব্যক্তিগত থাক না, ক্যামেরাবন্দি করে সবার সামনে কেন?” রাহুল হোক রাজা সেন সবার মৃ’ত্যুতেই ক্যামেরা হাতে শ্মশানে চলে যাচ্ছেন সাংবাদিকরা! প্রিয়জন হারানোর পর সাংবাদিকদের এহেন সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুললেন ভাস্বর চট্টোপাধ্যায়!
অন্যদিকে, এক নেটিজেন কৌশিকের বিজেপিকে ‘সবচেয়ে বড় অশুভ শক্তি’ বলার বিরোধিতা করেছেন। তাঁর দাবি, বিজেপিকে বাংলার মানুষই ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাই এমন মন্তব্য গণতন্ত্রকে অসম্মান করার মতো। সব মিলিয়ে কৌশিক সেনের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যকে ঘিরে সমাজমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা এবং পাল্টা মতামত।
