১৯৭৬ সালের ২০শে অগস্ট মুক্তি পেয়েছিল অরিন্দম গঙ্গোপাধ্যায় অভিনীত ‘হংসরাজ’। দেখতে দেখতে ছবিটি পেরিয়ে গেল ৫০ বছর। বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় মিউজ়িক্যাল ছবি হিসেবে এখনও দর্শকের মনে জায়গা ধরে রেখেছে এই ছবি। বাউল বালক হংসরাজের জীবন ও সংগ্রামের গল্প নিয়ে তৈরি ছবিটির গানও পেয়েছিল বিপুল জনপ্রিয়তা।
পাঁচ দশক পরেও ‘হংসরাজ’ নিয়ে দর্শকদের ভালোবাসায় আপ্লুত অরিন্দম। তাঁর কথায়, প্রজন্মের পর প্রজন্ম বদলে গেলেও ছবিটির জনপ্রিয়তা কমেনি। এখনও টেলিভিশনে ছবিটি দেখলে দর্শকদের আগ্রহ একই রকম থাকে। এমনকি ছোটদের সাজের প্রতিযোগিতায় হংসরাজ সেজে ‘দিদিমণি গানের রানি’ গান গাওয়ার ঘটনাও তাঁর কানে এসেছে। ‘টিয়া টিয়া টিয়া’ গানটিও এখনও বহু পরিবারের কাছে পরিচিত।
তবে এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে মজার স্মৃতিও। ‘হংসরাজ’-এ টিয়া চরিত্রে অভিনয় করেছিলেন অরিন্দমের নিজের বোন স্বর্ণালী গঙ্গোপাধ্যায়। ছবিতে তাঁদের বিয়ের দৃশ্য দেখানো হয়েছিল কল্পনার অংশ হিসেবে। ছবি জনপ্রিয় হওয়ার পর বোনকে সঙ্গে নিয়ে কোথাও বেরোলেই অরিন্দমকে নানা মন্তব্য শুনতে হত। সেই সময়ের এমন নানা ঘটনা আজও তাঁর স্মৃতিতে উজ্জ্বল।
বর্তমান সময়ে সিনেমা তৈরির ধরন নিয়েও নিজের অসন্তোষ জানিয়েছেন অরিন্দম। তাঁর মতে, প্রযুক্তির উন্নতি হলেও এখন ছবির শুটিং অনেক দ্রুত শেষ করার চেষ্টা করা হয়। অভিনেতাদের পর্যাপ্ত সময় দেওয়া হয় না বলেও তাঁর আক্ষেপ। আগে পরিচালকরা প্রতিটি দৃশ্য এবং অভিনয়ের দিকে যতটা নজর দিতেন, এখন সেই যত্ন অনেকটাই কমে গিয়েছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুনঃ জিৎকে কটা’ক্ষ করতেই নিজের ভক্তদের কড়া ধমক দেবের! ‘উনি আমার বড় দাদা’, কী বার্তা দিলেন সুপারস্টার?
‘হংসরাজ’-এর ৫০ বছর পূর্তিতে নিজের স্মৃতিগুলি নিয়ে একটি বইও লিখেছেন অরিন্দম। বইটির নাম ‘হংসরাজ: সাদা কালো স্মৃতি’। ইন্ডাস্ট্রির তরফে ছবিটির বিশেষ উদ্যাপন না হওয়ায় তাঁর মনে অভিমান তৈরি হয়েছিল বলেই জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি ছবিটির সংরক্ষণ এবং নতুন প্রজন্মের জন্য আবার বড়পর্দায় মুক্তির ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। এমনকি ‘হংসরাজ ২’ তৈরির একটি ভাবনাও রয়েছে তাঁর পরিবারের তরফে।
