বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এবার পা রাখতে চলেছে তৃতীয় সিজনে। ২০২৪ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রথম দুই সিজনে সঞ্চালিকার ভূমিকায় দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর সাবলীল উপস্থাপনা, প্রতিযোগীদের সঙ্গে সহজ কথোপকথন এবং তাঁদের জীবনের গল্পের সঙ্গে আবেগ দিয়ে জড়িয়ে পড়া দর্শকদের বিশেষভাবে পছন্দ হয়েছিল। কিন্তু তৃতীয় সিজনে বদলে যাচ্ছে অনুষ্ঠানের সঞ্চালিকার মুখ। এবার সেই দায়িত্ব সামলাবেন অভিনেত্রী পায়েল দে। সম্প্রতি তৃতীয় সিজনের প্রথম পর্বের শুটিংও হয়ে গিয়েছে। আর সেখানেই নতুন সঞ্চালিকার হাতে নিজের এতদিনের দায়িত্ব তুলে দিলেন সুদীপ্তা।
সঞ্চালনার দায়িত্ব পায়েলের হাতে তুলে দেওয়ার মুহূর্তটি যে সুদীপ্তার জন্য একেবারেই সহজ ছিল না, তা তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট। চোখে জল থাকলেও মুখে ছিল হাসি। এতদিন যে মঞ্চের সঙ্গে তাঁর এতটা আবেগ জড়িয়ে ছিল, সেখান থেকেই এবার কিছুটা দূরে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে এই অনুষ্ঠানের সঙ্গে তাঁর সম্পর্ক যে শেষ হয়ে যাচ্ছে না, সেটিও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, সঞ্চালকের আসন থেকে সরে গেলেও টেলিভিশনের ওপারে একজন দর্শক হিসেবে তিনি এই অনুষ্ঠান দেখবেন। নতুন সঞ্চালিকা পায়েল দে এবং গোটা টিমের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। কাজের ব্যস্ততার পাশাপাশি নিজের জন্য কিছুটা বিরতির প্রয়োজন হওয়াকেই এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে জানানো হয়েছে।
অন্যদিকে পায়েল দে-র জন্যও এই দায়িত্ব একেবারে নতুন অভিজ্ঞতা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করলেও রিয়্যালিটি শো সঞ্চালনা এই প্রথম। এর আগে সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। ফলে একই চ্যানেলের এই জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পাওয়াকে পায়েল নিজের কাছে অনেকটা ঘরে ফেরার মতো বলেই মনে করছেন। নতুন সিজনে শুধু সঞ্চালিকার মুখই বদলাচ্ছে না, অনুষ্ঠানে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন পর্বও। ‘টাকার গদি’, ‘টাকার খনি’ এবং ‘বল ফেলতে টাকা কুলো’-র মতো নতুন রাউন্ড থাকছে। আগামী ৩০ অগস্ট সন্ধ্যা ৭টা থেকে তৃতীয় সিজনের সম্প্রচার শুরু হওয়ার কথা।
তবে সুদীপ্তার বিদায়ের মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে অন্যরকম প্রতিক্রিয়া। ভিডিও দেখে অনেক দর্শক আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং কমেন্টে বারবার জানিয়েছেন, তাঁরা এখনও এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে সুদীপ্তাকেই দেখতে চান। একাংশের বক্তব্য, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর সঙ্গে সুদীপ্তার যে সম্পর্ক তৈরি হয়েছিল, নতুন মুখ এলেও সেই জায়গা পূরণ করা সহজ হবে না। এই প্রতিক্রিয়ার সঙ্গে অনেকেই রচনা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদি নম্বর ১’ থেকে সরিয়ে দেওয়ার পর দর্শকদের প্রতিক্রিয়ার তুলনা করছেন। সেখানেও পুরনো সঞ্চালিকাকে ফেরানোর দাবি উঠেছিল জোরালোভাবে। এবার সুদীপ্তাকে ঘিরে একই রকম আবেগ তৈরি হওয়ায় প্রশ্ন উঠছে, নতুন সিজনে পায়েলকে দর্শক কতটা আপন করে নিতে পারেন?
আরও পড়ুনঃ স্টার জলসার ‘রাধা মাধব’-এ মুখ্য চরিত্রে ‘স্বয়ম’, রাজদীপ গোস্বামী? রাধার ভূমিকায় কি থাকছেন ‘জুঁই’, কৌশিকী? বাংলা টেলিভিশনের প্রথম রাধা-কৃষ্ণের প্রেমলীলা নিয়ে ধারাবাহিকে মুখ্য জুটিকে ঘিরে প্রকাশ্যে এল বড় খবর!
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ মূলত সাধারণ মহিলাদের জীবনের লড়াই, স্বপ্ন এবং ঘুরে দাঁড়ানোর গল্পকে সামনে নিয়ে আসে। প্রতিযোগিতার পাশাপাশি তাঁদের জীবনের অভিজ্ঞতাও এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। সেই আবেগের সঙ্গে সুদীপ্তার উপস্থাপনা গত দুই সিজনে আলাদা মাত্রা যোগ করেছিল বলেই মনে করেন বহু দর্শক। এবার তাঁর জায়গায় পায়েল দে নতুন দায়িত্ব নিয়ে কতটা সফল হন, সেটাই দেখার। তবে শুটিংয়ের প্রথম পর্বেই সুদীপ্তার আবেগঘন বিদায় এবং তাঁর প্রতি দর্শকদের ভালোবাসা স্পষ্ট করে দিয়েছে, এই অনুষ্ঠানের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই সঞ্চালিকার নয়। তৃতীয় সিজনে নতুন মুখ এলেও দর্শকদের একাংশের মনে যে প্রশ্নটা থেকেই যাচ্ছে, তা হল, সত্যিই কি সুদীপ্তার জায়গা অন্য কেউ নিতে পারবেন?
