সদ্য শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক ‘সতীপীঠ কালীঘাট’। পথচলা শুরু হতে না হতেই এই মেগার শুটিং বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। টেকনিশিয়ানদের বকেয়া টাকা মেটানো হয়নি, সেই কারণেই নাকি শুটিং ফ্লোরে কাজ থমকে গিয়েছে, এমনই জল্পনা তৈরি হয়। তবে সত্যিই কি বকেয়া টাকা নিয়ে সমস্যার জেরেই বন্ধ হয়ে গিয়েছিল ধারাবাহিকের শুটিং?
এই বিষয়ে ধারাবাহিকের ক্রিয়েটিভ হেড সুব্রত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শুটিং বন্ধ হওয়ার খবর সম্পূর্ণ অস্বীকার করেন। তাঁর দাবি, ‘সতীপীঠ কালীঘাট’-এর শুটিং একেবারেই বন্ধ হয়নি। সুব্রত জানান, এদিন দুপুর ১টায় কলটাইম ছিল। অনেকের আসতে কিছুটা দেরি হতে পারে, তবে সেটিকে কোনও সমস্যা হিসেবে দেখার কারণ নেই। লিস্ট না পাওয়ায় পেমেন্ট করতে সামান্য দেরি হয়েছিল, তবে তিনি সেই টাকার ব্যবস্থা করে দিয়েছেন বলেও জানান।
তবে ক্রিয়েটিভ হেডের বক্তব্যের পাশাপাশি সেটের টেকনিশিয়ানদের তরফে উঠে এসেছে অন্য ছবি। সিনে কারপেন্টার মডেল পেন্টার্স সেটিং ওয়ার্কার্স ইউনিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল গিল্ডের সম্পাদক সঞ্জীব দাস জানান, তাঁরা এখনও কোনও টাকা পাননি। তাঁর কথায়, শুটিং শুরু হওয়ার আগে কাঠ, প্লাইউডসহ বিভিন্ন জিনিস দিয়ে সেট তৈরি করা হয়। শুটিং শুরু হয়ে যাওয়ার পরও সেই কাজের টাকা মেলেনি। এমনকী এর আগে কাজ করা একজন আর্ট ডিরেক্টরেরও পাওনা রয়েছে বলে দাবি করেন তিনি।
সঞ্জীবের বক্তব্য, তিনি প্রায় ১৫ দিন ধরে এই সেটে কাজ করছেন। এর মধ্যে ১৩ দিনের একটি বিল দেওয়া হলেও তার পেমেন্ট এখনও হয়নি। বারবার ২৪ বা ৭২ ঘণ্টার মধ্যে টাকা দেওয়ার আশ্বাস মিললেও টাকা হাতে আসেনি বলে জানান তিনি। যদিও এই কারণে তাঁরা কাজ বন্ধ করছেন না। তাঁর প্রশ্ন, শুটিংয়ে কাজ করা মানুষরা যেমন টেকনিশিয়ান, তেমনই সেট তৈরি করা কর্মীরাও টেকনিশিয়ান। ২৪ থেকে ২৫ ফুট উঁচুতে উঠে ঝুঁকি নিয়ে কাজ করেও তাঁরা পাওনা টাকা না পেলে সমস্যার কথা কাকে জানাবেন?
আরও পড়ুনঃ পারুল-রায়ানের বিয়েতে উজি জিতের গোপন মিশন! উপহারের আড়ালে সমীরণকে ধরতে মহা-ফন্দি ঋষি ও নিশার! জেনে নিন, ‘পরিণীতা’ ও ‘জোয়ার ভাঁটা’র মহামিলনে কী ঘটতে চলেছে?
প্রসঙ্গত, ২৪ আগস্ট থেকে শুরু হয়েছে ‘সতীপীঠ কালীঘাট’-এর সম্প্রচার। সোম থেকে শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ জি বাংলার পর্দায় দেখা যায় এই ধারাবাহিক। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল, কৌশিক চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলি, দেবাশিস মণ্ডলসহ একাধিক অভিনেতা। শুটিং বন্ধ হওয়ার খবর নিয়ে জল্পনা তৈরি হলেও, ধারাবাহিকের ক্রিয়েটিভ হেডের বক্তব্য অনুযায়ী শুটিং স্বাভাবিকভাবেই চলছে। অন্যদিকে টেকনিশিয়ানদের বকেয়া নিয়ে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও নজর থাকছে।
