জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘আমার টাকা, আমার পেট, আর কী খাব ঠিক করবে অন্য কেউ?’, গোরুর মাংস বিতর্কে ট্রোলদের কড়া জবাব বিশ্বজিৎ চক্রবর্তীর!

সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সেখানেই একটি সাক্ষাৎকারে বাংলাদেশে তাঁর পছন্দের খাবার নিয়ে কথা বলতে গিয়ে গোরুর মাংসের প্রসঙ্গ তোলেন অভিনেতা। পাশাপাশি উঠে আসে তাঁর পছন্দের পদ্মার ইলিশের কথাও।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে বিশ্বজিৎ জানান, দুপুরের খাওয়া ইতিমধ্যেই হয়ে গিয়েছে। রাতে গোরুর মাংস খেতে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ইলিশের প্রতি নিজের ভালোবাসার কথাও অকপটে বলেন অভিনেতা। গরম ভাতের সঙ্গে ইলিশের তেল দিয়ে মাছ খাওয়া এবং ইলিশ ভাজা তাঁর বিশেষ পছন্দ বলেও জানান বিশ্বজিৎ।

এরপরই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও ক্লিপ এবং শুরু হয় বিতর্ক। বিশ্বজিৎ চক্রবর্তীর গোরুর মাংস খাওয়ার মন্তব্য নিয়ে নেটিজেনদের একাংশ সরব হন। কেউ প্রশ্ন তোলেন, একজন হিন্দু অভিনেতা প্রকাশ্যে গোরুর মাংস খাওয়ার কথা কীভাবে বলতে পারেন।আবার কেউ তাঁকে কটাক্ষ করে বলেন, কলকাতায় ফিরলে তাঁকে ‘ডিম’ খাওয়ানো হবে।

আর এক নেটিজেন তাঁকে বাংলাদেশেই থেকে যাওয়ার পরামর্শ দেন। তবে এই সমালোচনার পাশাপাশি বিশ্বজিতের পাশে দাঁড়িয়েছেন নেটপাড়ার একটি বড় অংশ। তাঁদের বক্তব্য, কে কী খাবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত পছন্দ এবং সেখানে অন্য কারও নাক গলানোর প্রয়োজন নেই। ফলে বিশ্বজিতের মন্তব্যকে ঘিরে সমাজমাধ্যমে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে যেমন অভিনেতার বক্তব্যের সমালোচনা হয়েছে, অন্যদিকে অনেকেই তাঁর ব্যক্তিগত পছন্দের অধিকারকে সমর্থন করেছেন।

এই বিতর্কের মধ্যেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিষয়টি নিয়ে নিজে কী বলছেন বিশ্বজিৎ চক্রবর্তী? সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেতার সঙ্গে। ফোনের ওপার থেকে এক চোট হেসে বেশ খোশমেজাজেই নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বিশ্বজিৎ বলেন, “আমার পেট, আমার মন, আমার হাত আবার খাবার যে খাব সে জন্য যে টাকা খরচ হবে, সেটাও তো আমার-ই! তাহলে আমি কী খাব, কতটা খাব সেটা ঠিক করে দেবে অন্য কেউ? বললেই হল নাকি?” এরপর বাংলাদেশ সফর নিয়েও বিস্তারিত জানান অভিনেতা। বিশ্বজিৎ বলেন, “গত ৪ তারিখ গিয়েছিলাম বাংলাদেশ। ৫ তারিখ দেশে ফিরেও এসেছি।”

অর্থাৎ খুব অল্প সময়ের জন্যই তিনি সেখানে গিয়েছিলেন বলে জানান অভিনেতা। বাংলাদেশ যাওয়ার কারণও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এক বোনের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষেই বাংলাদেশে গিয়েছিলেন তিনি। সেখানে যে আতিথেয়তা পেয়েছেন, তাতেও তিনি অত্যন্ত অভিভূত বলে জানান। তবে বিতর্কের বিষয়টি নিয়ে আর বেশি কথা বলতে চাননি বিশ্বজিৎ, কারণ ইতিমধ্যেই তিনি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন।

অভিনেতার কথায়, “যাই হোক, আমার এক বোনের জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষেই গিয়েছিলাম। যেমন আতিথেয়তা পেয়েছি আমি অভিভূত। আর শুনুন, আমি মামলা দায়ের করেছি। তাই এই বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন, তাই এই বিষয়ে আর কিছু বলাটা এর থেকে বেশি সমাচীন হবে না।” গোরুর মাংস নিয়ে কোনও অভিনেতা বা পরিচিত মুখের মন্তব্যকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। এর আগেও বলিউড অভিনেতা রণবীর কাপুরের মন্তব্য ঘিরে এমন বিতর্ক তৈরি হয়েছে।

এপার বাংলাতেও জনপ্রিয় সঞ্চালিকা এবং অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়কে একই ধরনের বিতর্কের মুখে পড়তে হয়েছিল। বাংলাদেশের রান্না নিয়ে একটি ইউটিউব সিরিজে গোরুর মাংস রান্না দেখানোর পর বিতর্কে জড়িয়েছিলেন সুদীপা। ফলে বিশ্বজিৎ চক্রবর্তীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক সেই পুরনো আলোচনাকেই ফের সামনে নিয়ে এসেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page