শুটিং শেষ করে বাড়ি ফেরার পথটা এমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা হয়তো ভাবতেও পারেননি তিনি। রাতের কলকাতায় বাড়ি ফেরার সময় আচমকাই অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন জনপ্রিয় টেলি অভিনেত্রী। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। গাড়ির ভিতরে বসেই বুঝতে পারলেন, বিষয়টি আর পাঁচটা দিনের মতো সহজ নয়। আতঙ্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত তাঁকে এমন সিদ্ধান্ত নিতে হল, যা হয়তো সেই মুহূর্তে তাঁর কাছে ছাড়া আর কোনও উপায় ছিল না। ঘটনার কথা মনে পড়লেই এখনও নাকি আতঙ্কে হাত-পা কাঁপছে অভিনেত্রীর।
মঙ্গলবার রাতে শুটিং শেষে বাড়ি ফিরছিলেন তিনি। প্রথমে অন্য একটি গন্তব্য ঠিক থাকলেও পরে সেটি বদলে দেন অভিনেত্রী। এরপরই অ্যাপ ক্যাবে যাত্রা শুরু হয়। কিন্তু কিছুটা যাওয়ার পর থেকেই চালকের আচরণ তাঁর কাছে অস্বাভাবিক মনে হতে থাকে। পরিস্থিতি বুঝে তিনি গন্তব্য বদলানোর কথা জানান। এমনকী নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেওয়ার অনুরোধও করেন। কিন্তু অভিযোগ, বারবার বলার পরেও গাড়ি থামাতে চাইছিলেন না চালক। স্বাভাবিকভাবেই ততক্ষণে ভয় আরও বাড়তে শুরু করে।
শেষ পর্যন্ত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামানো হয়। কিন্তু বিপদের সেখানেই শেষ নয়। গাড়ি থেকে নামার সময় অভিনেত্রীর সঙ্গে ছিল তাঁর শুটিংয়ের ভারী ব্যাগ। নিজের ফোন দুটো পকেটে রাখলেও ব্যাগটি তখনও গাড়ির ভিতরেই ছিল। তার মধ্যেই ভাড়া নিয়ে শুরু হয় চালকের সঙ্গে তর্ক। অভিনেত্রীর দাবি, যতটা পথ তিনি এসেছেন, সেই অনুযায়ী ভাড়া দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু চালক দমদম পর্যন্ত দেখানো ভাড়া দিতে বলছিলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
এরপরই ঘটে যায় আরও ভয়ঙ্কর ঘটনা। সম্পিতার অভিযোগ, কথা কাটাকাটির মধ্যেই তিনি কোনওরকমে নিজের ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে যান। কিন্তু চালক তাঁকে বেশ কিছুটা রাস্তা দৌড় করান বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী। সেই মুহূর্তে বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত বলেই মনে করছেন তিনি। আতঙ্কে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন অভিনেত্রী। আশপাশের মানুষজন এগিয়ে এসে তাঁকে সামলানোর চেষ্টা করেন। পরিস্থিতির মধ্যে অ্যাপ ক্যাব সংস্থার সেফটি হেল্পলাইনেও বারবার যোগাযোগের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেখান থেকেও তৎক্ষণাৎ কোনও সাহায্য পাননি বলে অভিযোগ।
আরও পড়ুনঃ “এই বয়সে বাচ্চার কোন কাজে আইফোন ১৮ লাগবে?” “শিশুর হাতে ফোন দেওয়াটাই যেখানে প্রশ্নের, সেখানে এত দামি ফোন!” খেলনা নয়, খুদের হাতে এক্কেবারে লাখ টাকার ফোন! ছোট্ট ‘মিছরি’ শ্রীনিকা ঘোষালের নতুন আইফোন কেনার ছবি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে অভিভাবকদের সিদ্ধান্ত!
যে অভিনেত্রীকে এখন ‘সুন্দরবনের বাঘিনী’ ধারাবাহিকে মহুয়ার চরিত্রে দর্শক দেখছেন, সেই সম্পিতা প্রামাণিকই এবার নিজের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন। সোশ্যাল মিডিয়া লাইভে এসে পুরো ঘটনার কথা জানান তিনি। শুধু নিজের নিরাপত্তা নয়, অ্যাপ ক্যাব সংস্থার পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। সম্পিতা জানিয়েছেন, এই ঘটনার বিরুদ্ধে তিনি কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন। অর্থাৎ পর্দায় যিনি সাহসী ‘বাঘিনী’র চরিত্রে দর্শকদের মন জয় করছেন, বাস্তবে রাতের কলকাতায় বাড়ি ফেরার পথে তাকেই এমন আতঙ্কের মুখোমুখি হতে হল।
