বিগ বস বাংলায় জীতু-সৃজলার প্রেমের গুঞ্জন! দু’জনের সম্পর্ক নিয়ে বাড়ছে জল্পনা! নায়িকার প্রেমে পড়েছেন জীতু?

‘বিগ বস বাংলা’র ঘরে এবার নতুন করে চর্চায় উঠে এসেছেন জীতু কমল, সৃজলা গুহ এবং দুর্নিবার সাহা। একদিকে জীতু ও দুর্নিবারের মধ্যে বিবাদ, অন্যদিকে সৃজলার প্রতি জীতুর আচরণ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি দুর্নিবারের বিছানায় এক বালতি জল ঢেলে দেন জীতু। তাঁর এই কাজ নিয়ে ঘরের অন্য প্রতিযোগীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। তবে এই ঘটনার পিছনে শুধু রাগ নয়, সৃজলার প্রতি জীতুর বিশেষ টান রয়েছে কি না, তা নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হওয়ার পর জীতু জানিয়ে দিয়েছিলেন, ক্যাপ্টেন দুর্নিবারকে একাই বিছানায় ঘুমোতে হবে। সেখানে নিরঞ্জনকে থাকতে দেওয়া যাবে না বলেও স্পষ্ট করে দেন তিনি। এমনকী, তাঁর কথা না মানলে বিছানায় জল ঢেলে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। কিন্তু রাতে দুর্নিবারের সঙ্গে একই বিছানায় শুয়ে পড়েন নিরঞ্জন। এরপর নিজের কথা মতোই এক বালতি জল এনে বিছানায় ঢেলে দেন জীতু। তাঁর এই আচরণে ভরত কল, মনামী ঘোষ, নন্দিনী এবং রাজবীরের মতো প্রতিযোগীরা প্রতিবাদ জানান। রাজবীরও স্পষ্ট করে দেন, এমন কাজকে সমর্থন করা যায় না।

পরে উইকেন্ডের পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এই ঘটনা নিয়ে জীতুকে প্রশ্ন করেন। তখন নিজের কাজের কারণ ব্যাখ্যা করেন অভিনেতা। জীতুর বক্তব্য অনুযায়ী, সৃজলা গুহর সঙ্গে ভরত কলের যখন তীব্র অশান্তি চলছিল, তখন দুর্নিবার সৃজলার পাশে দাঁড়াননি। সেই বিষয়টি তাঁকে ক্ষুব্ধ করেছিল বলেই দাবি করেন জীতু। তাঁর কথায়, দুর্নিবারের প্রতি রাগের পিছনে সৃজলাকে নিয়ে এই ঘটনাও একটি কারণ। জীতুর এই ব্যাখ্যা শুনে বিগ বসের ঘরের অন্য সদস্যরাও অবাক হয়ে যান।

এদিকে, সৃজলা ও জীতুর সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক একটি পর্বে দেখা যায়, একটি টাস্কে অংশ নিতে চাইছিলেন না সৃজলা। কিন্তু জীতু তাঁকে বারবার অনুরোধ করেন। শেষ পর্যন্ত জীতুর কথা ফেলতে না পেরে টাস্কের কিছুটা অংশে যোগ দেন অভিনেত্রী। এই ঘটনা দেখার পর দর্শকদের একাংশের মনে প্রশ্ন জেগেছে, সৃজলাও কি জীতুর প্রতি আলাদা কোনও টান অনুভব করছেন? যদিও তাঁদের সম্পর্ক নিয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি, তবু দুজনের কথাবার্তা ও আচরণ নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা বাড়ছে।

তাহলে কি বিগ বসের ঘরে ঝগড়া আর মান-অভিমানের মাঝেই নতুন সম্পর্কের ইঙ্গিত মিলছে? নাকি সৃজলার প্রতি জীতুর এই সমর্থন শুধুই বন্ধুত্বের জায়গা থেকে? দুর্নিবারের সঙ্গে বিরোধের ঘটনায় জীতুর বক্তব্য এবং টাস্কে সৃজলার তাঁর কথা মেনে নেওয়া, দুই বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে। সোশ্যাল মিডিয়াতেও এই তিন প্রতিযোগীকে নিয়ে নানা মত উঠে আসছে। তবে জীতু ও সৃজলার সম্পর্কের সমীকরণ আগামী দিনে কোন দিকে এগোয়, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বগুলির জন্য।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page