‘বিগ বস বাংলা’র ঘরে সম্পর্কের সমীকরণ যেন প্রতিদিনই বদলে যাচ্ছে। কখনও বন্ধুত্ব, কখনও মনোমালিন্য, আবার কখনও নতুন করে ঘনিষ্ঠতার চর্চা। আর এবার সেই আলোচনার কেন্দ্রে অভিনেতা জিতু কমল এবং মডেল-অভিনেত্রী সৃজলা গুহ। সপ্তাহান্তের বিশেষ পর্ব ‘দাদার দরবার’-এর মাঝেই সৃজলার একটি মন্তব্য ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ক্যামেরার সামনে নয়, বরং বেডরুমের ভিতরে নিজের মনে বিড়বিড় করতে শোনা গেল তাঁকে। তাঁর মুখে শোনা গেল, ‘কাকে ভালোবেসে ফেললে জিতু? কাকে ভালোবেসে ফেললে?’ আচমকা এমন কথা কেন বললেন সৃজলা? কাকে উদ্দেশ্য করেই বা তাঁর এই প্রশ্ন, তা নিয়ে এখন কৌতূহল দর্শকদের।
ঘটনাটি ঘটেছে শনিবারের বিশেষ পর্বের শুটিং চলাকালীন। মঞ্চে তখন উপস্থিত ছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। পর্বের মাঝখানে বিরতির সময় বেডরুমে নিজের মনে কথাগুলি বলতে শোনা যায় সৃজলাকে। তাঁর এই মন্তব্যের কোনও স্পষ্ট প্রেক্ষাপট অবশ্য সামনে আসেনি। ফলে বিষয়টি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। দর্শকদের একাংশের প্রশ্ন, জিতুর প্রেমে কি সত্যিই পড়েছেন সৃজলা? নাকি অভিনেতার কোনও আচরণ দেখে এমন মন্তব্য করেছেন তিনি? যদিও এই মুহূর্তে কোনও সম্ভাবনাই নিশ্চিত করে বলার জায়গা নেই।
আসলে বিগ বসের বাড়িতে জিতু এবং সৃজলার ঘনিষ্ঠতা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। প্রথম দিকে সৃজলার সঙ্গে গায়ক দুর্নিবার সাহার বন্ধুত্ব এবং ঘনিষ্ঠতা নিয়ে কম চর্চা হয়নি। তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে বাড়ির অন্দরেও নানা কথা উঠেছিল। তবে পরবর্তী সময়ে দুর্নিবারের সঙ্গে সৃজলার দূরত্ব বাড়তে শুরু করে। অন্যদিকে জিতু এবং সৃজলাকে একসঙ্গে সময় কাটাতে, নিজেদের মধ্যে গল্প করতে এবং বিভিন্ন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াতে দেখা যায়। ফলে তাঁদের বন্ধুত্ব নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে থাকে।
এর আগে দুর্নিবারের বিছানায় জল ঢেলে দেওয়ার ঘটনায় জিতুর নাম জড়িয়েছিল। সেই ঘটনার পিছনে সৃজলার প্রতি জিতুর বিশেষ দুর্বলতা কাজ করেছিল কি না, তা নিয়েও আলোচনা হয়েছিল। জিতুর বক্তব্য ছিল, সৃজলার সঙ্গে ভরত কলের অশান্তির সময় দুর্নিবার তাঁর পাশে দাঁড়াননি। সেই কারণেই দুর্নিবারের উপর রাগ হয়েছিল তাঁর। আবার সাম্প্রতিক একটি টাস্কেও জিতুর অনুরোধে অংশ নিতে দেখা যায় সৃজলাকে। এই সমস্ত ছোট ছোট ঘটনাই তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
আরও পড়ুনঃ ‘খারাপ নয়, শেষ হয়ে গিয়েছিল!’, প্লাস্টিকের চেয়ারে বসে চায়ে চুমুক দিতে দিতেই টলিউডের অতীত নিয়ে বি*স্ফোরক মিঠুন, ‘একনায়কতন্ত্র এসে গিয়েছিল, এবার তৃণমূলের বদমাইশি দেখলে…’ বদলের ডাক দিয়ে হুঁশিয়ারি মহাগুরুর?
তবে এই সমীকরণকে প্রেমের সম্পর্ক বলে ধরে নিতে নারাজ অনেকেই। জিতুর অনুরাগীদের একাংশের দাবি, অভিনেতার আচরণে সৃজলার প্রতি বিশেষ কোনও প্রেমের ইঙ্গিত নেই। অন্যদিকে সৃজলার অনুরাগীদেরও বক্তব্য, বিগ বসের বাড়িতে কোনও পুরুষ প্রতিযোগীর সঙ্গে তাঁর নাম জুড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। উল্লেখ্য, একসময় অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন সৃজলা। পরে শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা হয়েছে। অন্যদিকে নবনীতা দাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নিজের মতো জীবন কাটাচ্ছেন জিতু। তাই সৃজলার এই মন্তব্যের পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত তাঁদের সম্পর্কের সমীকরণ কোন দিকে এগোয়, সেদিকেই নজর দর্শকদের।
