‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিদিনই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। কখনও ঝগড়া, কখনও মনোমালিন্য, আবার কখনও একে অপরের পাশে দাঁড়ানো। তবে এবার প্রতিযোগীদের মধ্যে এমন এক সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছে, যা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যেও। আলোচনার কেন্দ্রে অভিনেত্রী সৃজলা গুহ এবং জিতু কমল। এতদিন তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছিল। এবার সৃজলার মুখ থেকেই বেরিয়ে এল এমন একটি কথা, যা নতুন করে উসকে দিল সেই গুঞ্জন। তাহলে কি সত্যিই জিতুর প্রতি দুর্বল হয়ে পড়েছেন অভিনেত্রী?
ঘটনার সূত্রপাত অবশ্য একটি ছোটখাটো ঝামেলা থেকে। সম্প্রতি জুতো রাখা নিয়ে জিতুর সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সৃজলা। সেই সময় ঘরের আরেক প্রতিযোগী নন্দিনী পরিস্থিতি আরও জটিল করে তোলেন। তিনি সৃজলাকে জিতুর ‘স্যাটেলাইট’ বলে খোঁচা দেন। অর্থাৎ, সবসময় জিতুর আশপাশে ঘুরে বেড়ান তিনি, এমনটাই বোঝাতে চান নন্দিনী। কিন্তু এই মন্তব্যের পরেও জিতু যখন সৃজলার হয়ে কোনও প্রতিবাদ করেননি, তখন বেশ অভিমানী হয়ে পড়েন অভিনেত্রী। রাগ করে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়েন তিনি।
এরপর সৃজলার অভিমান ভাঙাতে এগিয়ে আসেন রণিতা। কিন্তু অনেক চেষ্টা করেও তাঁকে স্বাভাবিক করতে পারেননি। বরং সৃজলা স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর কোনও বিষয় মেটাতে চান না। পরিস্থিতি বুঝে এবার নিজেই এগিয়ে আসেন জিতু। তাঁকে বোঝানোর চেষ্টা করেন, বিগ বসের ঘরে তখন একটি টাস্ক চলছে। তাই ব্যক্তিগত মনোমালিন্য সরিয়ে রেখে খেলায় মন দেওয়া উচিত। কিন্তু জিতুর কথাতেও বিশেষ গলেননি সৃজলা। অভিমানী গলায় তাঁকে বলেন, ‘অনেক করেছ।’ এরপর জিতু সেখান থেকে চলে যেতেই নিজের মনে এমন কিছু কথা বলতে শুরু করেন অভিনেত্রী, যা শুনে অবাক দর্শকরা।
সৃজলাকে বলতে শোনা যায়, “দূরে চলে গেলে শান্তি পেয়ে যাবে। চাইনি ভালবেসে ফেলব।” তাঁর এই স্বীকারোক্তি ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। এতদিন যে সম্পর্ককে শুধুই বন্ধুত্ব কিংবা ঘনিষ্ঠতা বলে মনে করা হচ্ছিল, তার পিছনে কি আরও গভীর কোনও অনুভূতি রয়েছে? নন্দিনীর খোঁচা কি সৃজলার মনের কথা আরও স্পষ্ট করে দিল? যদিও এই মন্তব্যের প্রেক্ষাপট নিয়ে এখনও কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। তবে অভিনেত্রীর মুখে এমন কথা শোনার পর দর্শকদের একাংশের মনে প্রশ্ন উঠছে, বিগ বসের ঘরে কি সত্যিই নতুন প্রেমের সূত্রপাত হচ্ছে?
আরও পড়ুনঃ মৃ’ত্যুর আগেই কি বুঝতে পেরেছিলেন নিজের বিদায়ের ইঙ্গিত?ফাটাকেষ্টর কালীপুজোয় উত্তমের সেই অঝোর কান্নার নেপথ্যে কী?
প্রসঙ্গত, নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদের পর জিতু কমলের নাম নতুন করে কোনও সম্পর্কে জড়িয়ে বিশেষ আলোচনায় আসেনি। অন্যদিকে, ‘মন ফাগুন’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় থেকেই শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দু’জনের তরফেই একাধিক সময়ে নানা আলোচনা হয়েছে। এবার বিগ বসের ঘরে জিতুকে ঘিরে সৃজলার এই মন্তব্য সেই পুরনো সমীকরণেও নতুন প্রশ্ন তুলে দিল। তবে সবটাই কি মুহূর্তের অভিমান, নাকি সত্যিই মনের মধ্যে জমে থাকা অনুভূতির প্রকাশ? আপাতত সেই উত্তর খুঁজছেন দর্শকরা।
