তিন সারমেয়র জন্য বিয়ের কার্ডে বিশেষ জায়গা! ডিসেম্বরেই সাতপাকে মিমি চক্রবর্তী? প্রকাশ্যে এলো অভিনেত্রীর বিয়ের নিমন্ত্রণপত্র, পাত্র কে জানেন?

টলিউডের অন্দরমহলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, এবার নাকি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এতদিন নিজের ব্যক্তিগত জীবনকে বরাবরই আড়ালে রেখেছেন নায়িকা। প্রেম, সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায়নি তাঁকে। কিন্তু এবার সেই জল্পনাতেই যেন নতুন করে সিলমোহর পড়তে চলেছে! সামনে এসেছে মিমির বিয়ের কার্ড। শুধু তাই নয়, বিয়ের সম্ভাব্য তারিখ থেকে শুরু করে পাত্রের পরিচয়, সবকিছু নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। তাহলে কি সত্যিই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী? কে সেই বিশেষ মানুষ, যাঁর সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার কথা শোনা যাচ্ছে মিমির?

টলিউড সূত্রে খবর, মিমির হবু জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন, পেশায় ভারতীয় নৌসেনার সঙ্গে যুক্ত এক উচ্চপদস্থ আধিকারিক। বেশ কয়েক বছর ধরেই নাকি তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। তবে এই সম্পর্কের কথা এতদিন প্রকাশ্যে আসতে দেননি অভিনেত্রী। এমনকী, তাঁর ঘনিষ্ঠ মহলের অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলেও শোনা যাচ্ছে। এবার সেই গোপন সম্পর্কই নাকি পরিণতির দিকে এগোচ্ছে। সূত্রের খবর, নভেম্বর মাসেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আইনি বিয়ে সারতে পারেন মিমি। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে মূল বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা।

বিয়ের স্থান হিসেবেও উঠে আসছে একটি বিশেষ জায়গার নাম। জানা যাচ্ছে, পাহাড়ের কোলে কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। মিমির জন্ম উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। তাই পাহাড়ের সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক বরাবরই রয়েছে। জীবনের এমন বিশেষ মুহূর্তে শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ি পরিবেশকেই বেছে নিতে চাইছেন অভিনেত্রী, এমনটাই দাবি বিভিন্ন সূত্রের। প্রথমে ঘরোয়া আয়োজনে বিয়ে, তারপর কলকাতায় ফিরে টলিউডের বন্ধু, সহকর্মী এবং আত্মীয়দের জন্য বড়সড় রিসেপশনের পরিকল্পনাও রয়েছে বলে খবর।

ইতিমধ্যেই সামনে এসেছে মিমির বিয়ের একটি কার্ড। আর সেই কার্ডের নকশাতেই রয়েছে সবচেয়ে বড় চমক। অভিনেত্রীর জীবনের অত্যন্ত প্রিয় তিন সারমেয়কে বিশেষ জায়গা দেওয়া হয়েছে সেখানে। পোষ্যদের প্রতি মিমির ভালোবাসার কথা অনুরাগীদের অজানা নয়। বহুবার নিজের সমাজমাধ্যমের পাতায় তাঁদের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। তাই জীবনের এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রেও যে পোষ্যদের উপস্থিতি থাকবে, তা যেন মিমির ব্যক্তিত্বের সঙ্গেই মানানসই। তবে সামনে আসা কার্ডটি মূল বিয়ের আমন্ত্রণপত্র, নাকি রিসেপশনের কার্ড, তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরেও দেখা গিয়েছিল মিমিকে। তাঁর সঙ্গে ব্যক্তিগত স্টাইলিস্ট এবং মেকআপ আর্টিস্টও ছিলেন। এমনকী, সূত্রের দাবি, সেই সময় হবু বর সিদ্ধার্থও নাকি তাঁর সঙ্গে ছিলেন। ফলে বিয়ের পোশাকের প্রস্তুতি নিয়েও শুরু হয়েছে জল্পনা। যদিও মিমি কিংবা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে গোটা বিষয়টি নিয়েই রয়েছে কিছুটা ধোঁয়াশা।

কাজের জগতেও বর্তমানে ব্যস্ত অভিনেত্রী। একাধিক নতুন ছবির কাজ নিয়ে এগোচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাবধানী মিমি এবার সত্যিই নতুন জীবনের পথে হাঁটছেন কি না, তা জানার অপেক্ষায় অনুরাগীরা। এতদিন যাঁকে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নীরব থাকতে দেখা গিয়েছে, সেই মিমিই কি এবার বিয়ের সাজে সামনে আসবেন? আপাতত আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে টলিপাড়া।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page