বিগ বস বাংলার ঘর থেকে বেরিয়ে খুব বেশি দিন অপেক্ষা করতে হল না সায়ক চক্রবর্তীকে। রিয়্যালিটি শোয়ে তাঁর যাত্রা শেষ হওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল, এবার কোন কাজে ফিরবেন অভিনেতা? সেই জল্পনার মধ্যেই সামনে এল নতুন খবর। আবারও স্টার জলসার পর্দায় দেখা যেতে পারে সায়ককে।
সূত্রের খবর, চ্যানেলের আসন্ন ধারাবাহিক ‘মনসামঙ্গল’-এ অভিনয় করতে চলেছেন তিনি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে থাকছেন দিতিপ্রিয়া রায়। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। তবে সবচেয়ে বড় কৌতূহল, এই গল্পে সায়কের চরিত্র ঠিক কী হতে চলেছে? তিনি কি গুরুত্বপূর্ণ কোনও ইতিবাচক চরিত্রে থাকবেন, নাকি গল্পে তাঁর জন্য অপেক্ষা করছে অন্য কোনও চমক? আপাতত সেই উত্তর অধরা।
বিগ বস বাংলায় অংশ নেওয়ার আগে থেকেই অভিনয় এবং কনটেন্ট ক্রিয়েশনের জগতে পরিচিত মুখ সায়ক। তবে এই রিয়্যালিটি শো তাঁকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিয়েছিল। যদিও তাঁর খেলা নিয়ে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। অনেকেই অভিযোগ করেছিলেন, ক্যামেরার সামনে সবসময় কথা বলতে অভ্যস্ত সায়ক বিগ বসের বাড়িতে গিয়ে বেশিরভাগ সময় চুপচাপ থাকতেন। যে মানুষটি নিজের ভিডিওতে সবসময় সরব, তাঁকে রিয়্যালিটি শোয়ের মঞ্চে এতটা নীরব দেখে অবাক হয়েছিলেন দর্শকরা। তবে বাড়ি থেকে বেরিয়ে এই বিষয়ে নিজের ব্যাখ্যাও দিয়েছিলেন অভিনেতা। জানিয়েছিলেন, বিগ বসের বাড়িতে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তে হয়। কিন্তু নিজের স্বভাবের বাইরে গিয়ে এমন কিছু করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই অনেক সময় চুপ থাকাকেই বেছে নিয়েছিলেন তিনি।
তবে নতুন ধারাবাহিকে সায়কের যোগ দেওয়ার খবর নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা। সম্প্রতি নিজের আগামী কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই কাজে ফিরতে চলেছেন। কিন্তু ‘মনসামঙ্গল’ ধারাবাহিকে অভিনয় করছেন কি না, সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, টলিপাড়ার সূত্রের খবর, এই ধারাবাহিকে তাঁকে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। ফলে সায়কের চরিত্র নিয়ে কৌতূহল আরও বেড়েছে। বিগ বসের বাড়িতে তাঁকে যাঁরা দেখেছেন, তাঁরা এবার অভিনেতার অভিনয় প্রতিভা নতুন করে দেখার অপেক্ষায় রয়েছেন।
এদিকে, বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রতিযোগীদের খেলা নিয়েও নিজের মতামত জানিয়েছেন সায়ক। বিশেষ করে রাজবীর দে-কে নিয়ে তাঁর বক্তব্য বেশ নজরকাড়া। সায়কের মতে, বাড়ির ভিতরে রাজবীরের সঙ্গে ২৪ ঘণ্টা কাটানোর অভিজ্ঞতা আর টেলিভিশনের পর্দায় এক ঘণ্টার পর্ব দেখার অভিজ্ঞতা এক নয়। তাই রাজবীরের প্রতি তাঁর রাগের কারণ ছিল যথেষ্ট বাস্তব। তবে একইসঙ্গে রাজবীর যেভাবে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে বদলানোর চেষ্টা করছেন, তার প্রশংসাও করেছেন তিনি। সায়কের বিশ্বাস, নিজের ভুল শুধরে নেওয়ার এই মানসিকতা একজন মানুষকে অন্যদের চোখে আরও ভালো করে তুলতে পারে। এমনকী আগামী দিনে রাজবীরকেও স্টার জলসার কোনও ধারাবাহিকে অভিনয় করতে দেখতে চান তিনি।
আরও পড়ুনঃ কোনও প্রেম নেই ওনলি গেম! প্রেমের গল্পে কি তবে পর্দা পড়ল? নন্দিনীর সঙ্গে ঘ’নিষ্ঠতা কি শুধুই গেমপ্ল্যান, রাজবীরকে নিয়ে বি’স্ফো’রক দাবি নিরঞ্জনের!
অন্যদিকে, জিতু কমল ও সৃজলা গুহর সম্পর্ক নিয়েও নিজের মতামত জানিয়েছেন সায়ক। তাঁর মতে, দুজনের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতা থাকলেও সেই সম্পর্ক প্রেমে পরিণত হবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন। বিগ বসের ফাইনালের দৌড়ে কাদের এগিয়ে রাখছেন, সেই প্রশ্নের উত্তরে রাজবীর, দুর্নিবার সাহা এবং তনুশ্রী রায় দাসের নাম নিয়েছেন অভিনেতা। ফলে বিগ বসের ঘর থেকে বেরিয়ে একদিকে যেমন নিজের নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন সায়ক, অন্যদিকে শোয়ের প্রতিযোগীদের নিয়েও তাঁর পর্যবেক্ষণ সামনে আসছে। তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন, ‘মনসামঙ্গল’-এ সায়কের চরিত্র কী হতে চলেছে? দিতিপ্রিয়ার সঙ্গে তাঁকে কোন সমীকরণে দেখা যাবে, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার।
