এবার দোলের রঙে আরও রঙিন হতে চলেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)। উৎসবের আবহে গল্পে আসছে নতুন মোড় আর সেই আভাস মিলেছে সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই। পরিবার-ঘেরা উঠোন, আবিরের রঙ, গান আর হাসির মাঝেই ধীরে ধীরে জমে উঠছে অন্যরকম এক উত্তেজনা। স্পষ্ট ইঙ্গিত যে এই দোল শুধু রঙের নয়, সম্পর্কেরও পরীক্ষা নিতে চলেছে!
প্রসঙ্গত, রায়ান আর পারুলের টানাপোড়েন বেশ কিছুদিন ধরেই কাছাকাছি আসতে চেয়েও পারছে না। তবে, এবার পরিবারের সদস্যরা নিয়েছে মজার এক কৌশল। এতদিন নানান রকমের চেষ্টা করেও রায়ানের মনের কথা বের করতে পারেনি। তাই দোলের দিনটাকেই বেছে নিয়েছে সবাই, এই অসাধ্য সাধনের জন্য। পরিকল্পনা অনুযায়ী, রঙ খেলার ফাঁকেই তাকে খাওয়ানো হবে বিশেষ ‘সত্য বচন সিদ্ধি’!
সকলের ধারণা, এই তরল পানের পর আর নিজের অনুভূতি লুকিয়ে রাখা সম্ভব হবে না! প্রোমোর এক ঝলকে তেমনই দেখা যায়, উৎসবের উচ্ছ্বাসের মাঝেই রায়ানের আচরণে স্পষ্ট পরিবর্তন। চারপাশে হুল্লোড়, গানের তালে নাচ আর তার মধ্যেই সে ঘোষণা করে বসে যে আজ আর কিছু চাপা থাকবে না! কাকে ভালোবাসে, তা সবার সামনে বলবেই! এই মুহূর্তে উপস্থিত সকলের মুখে কৌতূহল আর বিস্ময়ের ছাপ ফুটে ওঠে।
বিশেষ করে স্পষ্ট হয়ে ওঠে, পারুলের চোখেমুখে মিশে থাকে আশা আর সংশয়। এরপর কি হবে? জানতে হলে চোখ রাখতে হবে দোলযাত্রা স্পেশাল পর্বতে। এই বিশেষ পর্বগুলি সম্প্রচারিত হবে ৪ঠা থেকে ৬ই মার্চ, প্রতিদিন রাত ৮টায়। উৎসবের রঙের আড়ালে যে আবেগ জমে ছিল, তা কি অবশেষে প্রকাশ পাবে? নাকি শেষ মুহূর্তে আবারও কোনো জটিলতা তৈরি হবে? প্রোমো সেই প্রশ্নই ছুঁড়ে দিয়েছে দর্শকদের সামনে।
আরও পড়ুনঃ “ছোটবেলার দিনগুলোই এখনও মনে পড়ে” চন্দ্রগ্রহণের জন্য বেরঙিন দিন! রঙ না খেললেও মনে এখনও বসন্তের আনন্দ, অভিষেক বীর শর্মার স্মৃতিতে শৈশবের হলি কেমন?
সব মিলিয়ে, আসন্ন দোল স্পেশাল পর্ব নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সম্পর্কের সমীকরণ কোন দিকে যাবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এতটুকু নিশ্চিত যে এই কয়েকটি পর্ব গল্পে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এমন দিনে সামনে আসা কিছু তথ্য কখনও কখনও জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রায়ানের মুখ থেকে বেরোনো সেই সত্যিও কি পারুলের সঙ্গে তার দূরত্ব কমাবে? নাকি নতুন দ্বন্দ্বের সূত্রপাত করবে? উত্তর মিলবে খুব শিগগিরই।
